AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shreya Ghoshal: মুম্বইয়ে মুখোপাধ্যায় পরিবারের পুজোয় বাংলা গানে আসর মাতালেন শ্রেয়া

North Bombay Sarbojanin Durga Puja: মুখোপাধ্যায় বাড়ির পুজোয় এবার চমক দিলেন শ্রেয়া ঘোষাল। বেগুনি লেহেঙ্গায় অপরূপা শ্রেয়া মঞ্চে উঠতেই উন্মাদনা। গাইলেন একের পর এক গান। ভিকি কৌশলের সঙ্গে এক ফ্রেমে ধরা পড়লেন গায়িকা। কী কী ঘটল সেখানে?

Shreya Ghoshal: মুম্বইয়ে মুখোপাধ্যায় পরিবারের পুজোয় বাংলা গানে আসর মাতালেন শ্রেয়া
কী কী ঘটেছে পুজোয়?
| Updated on: Oct 20, 2026 | 11:20 AM
Share

বলিউডের সবথেকে চর্চিত এবং ঐতিহ্যবাহী দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম হল মুখোপাধ্যায় পরিবারের পুজো (নর্থ বোম্বে সার্বজনীন দুর্গা পুজো)। প্রতি বছর এই পুজোয় কার্যত চাঁদের হাট বসে। কাজল, তানিশা, অয়ন মুখোপাধ্যায়দের আতিথেয়তায় এই মণ্ডপ হয়ে ওঠে তারকাদের মিলনমেলা। চলতি বছরেও আলিয়া ভাট থেকে শুরু করে রণবীর কাপুর, বলিউডের তাবড় তারকারা ঘুরে গিয়েছেন এই মণ্ডপ থেকে। তবে এ বছর কিছুটা মন খারাপ ভক্তদের। কারণ, পুজো মণ্ডপে দেখা মেলেনি রানি মুখোপাধ্যায়ের। সম্প্রতি রানির মাতৃবিয়োগ হয়েছে। মায়ের মৃত্যুর শোকের কারণেই এবারের উৎসব থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রেখেছেন বলিউডের এই তারকা। কিন্তু উৎসবের আমেজ তো আর থেমে থাকে না! রানির অনুপস্থিতিতেও এবার মুখোপাধ্যায় বাড়ির পুজোয় আক্ষরিক অর্থেই ম্যাজিক তৈরি করলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল।

গতকাল নবমীর সন্ধ্যায় পুজো মণ্ডপে হাজির হয়েছিলেন শ্রেয়া। পরনে ছিল একটি নজরকাড়া বেগুনি রঙের লেহেঙ্গা। সাবেকি সাজ আর মিষ্টি হাসিতে তাঁকে দেখাচ্ছিল একেবারে অপরূপা। মণ্ডপে ঢোকার সঙ্গে সঙ্গেই উপস্থিত দর্শনার্থী এবং চিত্রগ্রাহকদের নজর কাড়েন তিনি। শুধু তাই নয়, সেখানে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা ভিকি কৌশলও। পুজো মণ্ডপের ভিতরে ভিকি এবং শ্রেয়াকে একই ফ্রেমে হাসিমুখে পোজ দিতে দেখা যায়। দু’জনে মিলে বেশ কিছুক্ষণ আড্ডাও দেন। সেই ছবি এবং ভিডিয়ো ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

মুখোপাধ্যায় বাড়ির পুজো মানেই তারকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং হইহুল্লোড়। আর শ্রেয়া ঘোষাল মণ্ডপে থাকবেন, অথচ গান গাইবেন না, তা কখনও হয়! দর্শকদের এবং আয়োজকদের অনুরোধে হাসিমুখে মঞ্চে উঠে পড়েন তিনি। এরপরই শুরু হয় আসল চমক। মাইক হাতে নিয়ে একের পর এক সুপারহিট গান উপহার দেন উপস্থিত দর্শকদের। তবে সবথেকে বেশি নজর কেড়েছে তাঁর গাওয়া বাংলা গান। মুম্বইয়ের বুকে দাঁড়িয়ে, বলিউডের তারকাখচিত মঞ্চে খাঁটি বাংলা গানে যে উন্মাদনা তিনি তৈরি করেছেন, তা নজর কেড়েছে ভক্তদের।

বিশেষ করে যখন তিনি ‘ঢাক বাজা কাসর বাজা’ গানটি ধরেন, তখন রীতিমতো মেতে ওঠে গোটা মণ্ডপ। শ্রেয়ার ওই এনার্জি দেখে উপস্থিত দর্শকরাও তাঁর সঙ্গে গলা মেলান। অনেকেই সেই অনবদ্য মুহূর্ত নিজেদের মোবাইল ক্যামেরায় বন্দি করে রাখেন। এই হাই-প্রোফাইল পুজোয় তাঁর এই স্বতঃস্ফূর্ত পারফরম্যান্স এবারের পুজোর অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকল।

Follow Us