AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maddox Square Durga Puja: ‘এমন পুজো আর কোথাও পাবে না’, রাজকুমারকে নিয়ে ম্যাডক্সে ঢাক বাজালেন সৌরভ

Sourav Ganguly: কলকাতা সফরে এসে ম্যাডক্স স্কোয়্যারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অষ্টমীর আনন্দে মাতলেন রাজকুমার রাও। পুজোর মণ্ডপে ঢাকের তালে মাতালেন দুই তারকা। কী কী প্ল্যান তাঁদের? কী বলেছেন সৌরভ? ঢাক বাজানো নিয়ে কী বললেন দাদা?

Maddox Square Durga Puja: ‘এমন পুজো আর কোথাও পাবে না’, রাজকুমারকে নিয়ে ম্যাডক্সে ঢাক বাজালেন সৌরভ
কী কী প্ল্যান রয়েছে তাঁদের?
| Updated on: Oct 19, 2026 | 4:34 PM
Share

সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এবং রাজকুমার রাও (Rajkummar Rao) — এক ফ্রেমে দুই তারকা! আর জায়গাটা যদি হয় ম্যাডক্স স্কোয়্যার, তবে তো উন্মাদনা বাঁধ ভাঙবেই। মহা অষ্টমীর দিন এমনই এক দারুণ চমক দেখল তিলোত্তমা। প্রথমবার কলকাতায় পা রেখেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও। আর তাঁর গাইড হিসেবে রয়েছেন খোদ ‘মহারাজ’।

ম্যাডক্স স্কোয়্যারে ঢাকের বোল

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে পর্দায় দেখা যাবে রাজকুমারকে। আর সেই আবহেই অষ্টমীর দুপুরে ম্যাডক্স স্কোয়্যারে মায়ের সামনে দুই তারকাকে দেখা গেল একেবারে উৎসবের মেজাজে। মণ্ডপে তখন উপচে পড়া ভিড়। রাজকুমার যখন আপন মনে ঢাক বাজাচ্ছেন, তখন উপস্থিত দর্শকদের তরফ থেকে আবদার আসে, দাদাকেও ঢাক বাজাতে হবে। জনতার সেই অনুরোধ ফেলতে পারেননি বাংলার দাদা। তিনিও হাসিমুখে হাতে তুলে নেন ঢাকের কাঠি। ঢাক বাজানোর প্রসঙ্গে সৌরভ বলেন, “একটু তালে আসতে সময় লাগে। এরকম ঢাক তো বাজাই না এখন আর। তবে একটু বাজালেই ঠিক হয়ে যায়।”

রাজকুমারের প্রথম দুর্গাপুজো

বলিউড তারকার সঙ্গে সময় কাটানো নিয়ে দারুণ উচ্ছ্বসিত সৌরভ। তিনি জানান, রাজকুমারের সঙ্গে তাঁর মহা অষ্টমীর দিনটি খুব সুন্দর কেটেছে। অভিনেতার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ মহারাজ বলেন, “ওর একটা ছবি বেরিয়েছে, খুব ভালো হয়েছে কাজটা।”

দাদা জানিয়েছেন রাজকুমার মোট তিন দিন কলকাতায় থাকবেন। সৌরভ নিজেই জানিয়েছেন তাঁদের পরবর্তী পরিকল্পনার কথা। তিনি বলেন, “এখান থেকে ওকে নিয়ে আরও একটা জায়গায় যাব। দুর্গাপুজোয় এসেছে, প্রথমবার এত বড় উৎসব তো আর কোথাও দেখতে পাবে না। মা দুর্গাকে দেখা খুব জরুরি, এমন পুজো আর কোথাও দেখতে পাবে না।”

বায়োপিক হোক বা উৎসবের আনন্দ, সৌরভ এবং রাজকুমারের এই যুগলবন্দি এবারের পুজোর অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকল। একেবারে খাঁটি বাঙালির মতোই প্রথমবার কলকাতার পুজো জমিয়ে উপভোগ করছেন বলিউডের এই দাপুটে অভিনেতা।

Follow Us