Prabir Roy Death: রঙিন টিভির কারিগর এবার নিজেই সাদা-কালো ফ্রেমে! চিরঘুমে প্রবীর রায়
Tollywood news: যিনি একদিন ভারতীয় টেলিভিশনের পর্দায় প্রথম রঙের ছোঁয়া এনে দিয়েছিলেন, তিনি নিজেই এবার চিরতরে সাদা-কালো ফ্রেমে বন্দি হলেন। থামল ক্যানসারের সঙ্গে লড়াই, চিরঘুমে প্রবীর রায়। এক বর্ণময় অধ্যায়ের অবসান টলিপাড়ায়।

যে মানুষটা একদিন ভারতীয় টেলিভিশনের পর্দায় প্রথম রঙের ছোঁয়া এনে দিয়েছিলেন, তিনি নিজেই এবার চিরতরে সাদা-কালো ফ্রেমে বন্দি হলেন। বৃহস্পতিবার ভোরে টলিপাড়ায় নেমে এল শোকের ছায়া। দীর্ঘদিনের ক্যানসারের সঙ্গে এক অসম লড়াই শেষে চিরঘুমে পাড়ি দিলেন বর্ষীয়ান পরিচালক, প্রযোজক তথা অভিনেতা প্রবীর রায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। তাঁর এই প্রয়াণে বাংলা বিনোদন জগতে আক্ষরিক অর্থেই এক যুগের অবসান হল।
ক্যানসারের থাবায় শরীরটা একটু একটু করে ভাঙছিল ঠিকই, কিন্তু লড়াই ছাড়েননি তিনি। শেষ মুহূর্ত পর্যন্ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন। স্টেজ ফোর ক্যানসারের যন্ত্রণা বুকে নিয়েই তাঁর শেষ কয়েকটা দিন কেটেছে। পরিচালকের ছেলের গলাতেও সেই অসহায়তার সুর। টিভি ৯ বাংলাকে বাবার শেষ মুহূর্তের কথা বলতে গিয়ে প্রায় ভেঙে পড়েন তিনি। জানান, “বাবা তো ক্যানসারে ভুগছিলেন। স্টেজ ফোর ছিল। গতকাল থেকে হঠাৎ খুব উইক হয়ে যান। এরপরই ইইডিএফ (EEDF) নার্সিংহোমে নিয়ে আসি। আইসিইউ-তে ভর্তি করা হয়। চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন। ভাইটালসগুলো আগের থেকে বেটার হচ্ছিল। কিন্তু আজ ভোরবেলায় হঠাৎই একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। বাবা আর সেটা সারভাইভ করতে পারলেন না। ভোর আনুমানিক সাড়ে ৫টা নাগাদ আমরা বাবাকে হারালাম।” একটু আশার আলো দেখিয়েই যে মৃত্যু এভাবে সবটা নিভিয়ে দেবে, তা হয়তো পরিবারও ভাবতে পারেনি।
১৯৪৮ সালের ৩১ আগস্ট কলকাতায় জন্ম প্রবীর রায়ের। যৌবনে ছিলেন দাপুটে এক জাতীয় স্তরের সাঁতারু। তবে তাঁর জীবনের সবচেয়ে বড় কৃতিত্ব কিন্তু অন্য জায়গায়। আজ আমরা ঘরে বসে যে রঙিন টেলিভিশন দেখি, ভারতে তার সম্প্রচারের প্রধান পথিকৃৎ তিনি। ১৯৮২ সালে ফুটবল টুর্নামেন্ট ‘নেহরু গোল্ড কাপ’-এর আসর বসেছিল। সেই টুর্নামেন্ট চলাকালীন ভারতে প্রথম রঙিন টিভি সম্প্রচার চালু করার আসল কৃতিত্ব প্রবীর রায়ের। দূরদর্শন সেই পথে হাঁটার আগেই তিনি এই অসাধ্য সাধন করেছিলেন।
পরিচালক হিসেবেও তাঁর অবদান ভোলার নয়। ‘কাল মধুমাস’ ছবির পাশাপাশি ‘গৃহদাহ’, ‘বিচিত্র তদন্ত’-এর মতো জনপ্রিয় সিরিয়ালের সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর নাম। পণ্ডিত রবিশঙ্করের প্রথম ভারতীয় টিভি উপস্থিতি ‘রবিশঙ্কর-এ লিজেন্ড অফ গ্লোরি’-র প্রযোজনাও করেছিলেন তিনি। কাজের স্বীকৃতি হিসেবে ঝুলিতে এসেছে প্রমথেশ বড়ুয়া ও উত্তম কুমার পুরস্কার। ২০০৩ সালে কলকাতার শেরিফ হিসেবেও এক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি।
এক বর্ণময় জীবনের এমন নিঃশব্দ প্রস্থান কিছুতেই মেনে নিতে পারছে না টলিপাড়া। ক্যামেরার পিছনে থেকে বিনোদনের রঙিন দুনিয়া যিনি সাজিয়েছেন, তাঁর এই চিরবিদায় যে বিরাট শূন্যতা তৈরি করল, তা কোনও দিনই পূরণ হওয়ার নয়।
