‘বৃক্ষ’-এর এক বছরের অনুষ্ঠানে শোভন-সোহিনী জুটিকে নিয়ে কী বললেন হৈমন্তী
গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গীত অ্যাকাডেমির এক বছর সম্পূর্ণ হওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হৈমন্তী শুক্লা, শিলাজিত্ মজুমদার। তাঁর অ্যাকাডেমির নাম 'বৃক্ষ'। এদিনের অনুষ্ঠানে হৈমন্তী আসার সঙ্গে-সঙ্গেই তাঁর যত্ন করছিলেন অভিনেত্রী সোহিনী সরকার। শোভনের সঙ্গে এই অনুষ্ঠানে জুটি বেঁধে সব কিছু সামলাচ্ছিলেন সোহিনী।

গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গীত অ্যাকাডেমির এক বছর সম্পূর্ণ হওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হৈমন্তী শুক্লা, শ্রীকান্ত আচার্য, শিলাজিত্ মজুমদার। তাঁর অ্যাকাডেমির নাম ‘বৃক্ষ’। এদিনের অনুষ্ঠানে হৈমন্তী আসার সঙ্গে-সঙ্গেই তাঁর যত্ন করছিলেন অভিনেত্রী সোহিনী সরকার। শোভনের সঙ্গে এই অনুষ্ঠানে জুটি বেঁধে সব কিছু সামলাচ্ছিলেন সোহিনী। সোহিনীকে পাশে নিয়ে এদিন হৈমন্তী বললেন, ”শোভন আমার বড় আদরের। কী ভালো গান করে। কিন্তু একেবারেই অহংকার নেই। যখন আমি কিছু নিয়ে বলি, ও জিজ্ঞাসা করে, ‘আর একবার বলো’। এই জিনিসটা ওর মধ্যে রয়েছে। ওর এই সংস্থাটা আরও অনেক বড় জায়গায় যাবে।”
এদিন সোহিনী-শোভনের জুটি নিয়ে মনের কথা বলেন হৈমন্তী। তিনি বলেন, ”সোহিনী যেরকমভাবে শোভনের পাশে সব কিছুতে আছে, এটা খুবই ভালো ব্যাপার। আমি বিয়ে করিনি মানে এটা নয়, যে এগুলো আমার ভালোলাগে না। আমি এগুলো খুবই পছন্দ করি।” হৈমন্তী বলেন, তিনি আশীর্বাদ করছেন, যাতে সোহিনী-শোভন অনেক দিন একসঙ্গে থাকেন। তা শুনে সোহিনী মজা করে বলেন, ”অনেকদিন কী? বলো সারাজীবন!”
এদিন অনুষ্ঠানে শোভন-সোহিনীর পাশাপাশি ছাত্রছাত্রীদের ভিড় চোখে পড়ল। তাঁরা সকলে অনুষ্ঠানের অংশ হতে পেরে খুশি ছিলেন। খুশির খবর আরও একটা আছে। এই বছর সোহিনী-শোভনের সংসারে নতুন অতিথি আসছে, এমন খবর। তবে দম্পতির তরফে এখনই কিছু ঘোষণা করা হয়নি।
সম্প্রতি সোহিনীকে অভিনয় করতে দেখা গিয়েছে ‘অভিমান’ ছবিতে। সেখানে প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন সোহিনী। বছরের দ্বিতীয় ভাগে অভিনয় থেকে কিছুদিনের জন্য বিরতি নেবেন অভিনেত্রী।
