AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভোট মিটলেই, মে-জুনে কোন-কোন বাংলা ছবি আসছে?

এপ্রিল মাসে টলিপাড়ায় বিশেষ বাংলা ছবি মুক্তি পায়নি। পয়লা বৈশাখে মুক্তি পেয়েছিল 'বিবি পায়রা'। তবে বিধানসভা নির্বাচনের মাসে বাংলা ছবি দেখার ভিড় তুলনায় কম থাকে। সেই কারণে এই সময়ে কম ছবি মুক্তি পায়। বিধানসভা নির্বাচন মিটে যাবে মে মাসের গোড়ায়। ৪ মে ফলাফল ঘোষণা হবে।

ভোট মিটলেই, মে-জুনে কোন-কোন বাংলা ছবি আসছে?
| Edited By: | Updated on: Apr 20, 2026 | 2:28 PM
Share

এপ্রিল মাসে টলিপাড়ায় বিশেষ বাংলা ছবি মুক্তি পায়নি। পয়লা বৈশাখে মুক্তি পেয়েছিল ‘বিবি পায়রা’। তবে বিধানসভা নির্বাচনের মাসে বাংলা ছবি দেখার ভিড় তুলনায় কম থাকে। সেই কারণে এই সময়ে কম ছবি মুক্তি পায়। বিধানসভা নির্বাচন মিটে যাবে মে মাসের গোড়ায়। ৪ মে ফলাফল ঘোষণা হবে।

তারপর থেকেই বাংলা ছবি মুক্তি ভিড় দেখা যাবে, এমন মনে করা হয়েছিল। তবে বছরের প্রথমভাগে বাংলা ছবির সামগ্রিক ফল ভালো না হওয়ার কারণে, মে আর জুন মাসে ছবি মুক্তির তেমন ভিড় এখনও চোখে পড়ছে না। জাতীয় স্তরের এক মাল্টিপ্লেক্সের কর্তা খোলসা করলেন, ”১৫মে আসছে ‘সপ্তডিঙার গুপ্তধন’। আবীর চট্টোপাধ্যায়, ইশা সেনগুপ্ত, অর্জুন চক্রবর্তীর রহস্য সমাধানের গল্প থাকে সোনাদা সিরিজের ছবিতে। তৃতীয় ভাগ আসছে বড়পর্দায়। এরপর ২৯ মে আসছে ‘ফুলপিসি ও এডওয়ার্ড’। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিতে দেখা যাবে সোহিনী সেনগুপ্ত, রাইমা সেন, শ্যামৌপ্তি মুদলি, অনন্যা চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের মতো একাধিক নামী মুখকে। একই দিনে মুক্তি পাবে পৃথা চক্রবর্তী পরিচালিত ‘ফেরা’ ছবিটি।

লক্ষণীয় ২৭ মে সুপারস্টার জিত্‍ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ মুক্তি পাবে, এমন ঘোষণা করা হয়েছিল নায়কের তরফে। তবে এই ছবির প্রযোজকের সঙ্গে নায়কের কিছু মতবিরোধ হয়েছে বলে টলিপাড়ায় চর্চা। যদিও এই বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তাই ২৭ মে জিতের ছবিটি মুক্তি পাবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বরং একই প্রযোজকের ছবি ‘ফেরা’ মুক্তি পাবে ২৯ মে।

জুন মাসের ১৮ তারিখ ইন্দ্রদীপ দাশগুপ্তর পরিচালনায় ‘অভিমান’ ছবিটা মুক্তি পাবে বলে খবর। মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষকে তেমনই জানানো হয়েছে। তবে ছবির রিলিজ ডেট ঘোষণা করা হয়নি। জুনের সেই সপ্তাহে ফাদার্স ডে পড়েছে। মাল্টিপ্লেক্সের তরফে জানানো হলো, আরও কিছু বাংলা ছবি মুক্তি পেতে পারে মে আর জুন মাসে। তবে এখনও কোনও প্রযোজনা সংস্থা বিষয়টি নিশ্চিত করেনি।

Follow Us