Libido Enhancer: যৌন মিলনে অনীহা? সেক্স ড্রাইভ বাড়াতে কেমন হবে মহিলাদের লাইফস্টাইল
Women Health: হরমোনের ভারসাম্যহীনতা, ডায়াবেটিস, কোলেস্টেরল, হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপের মতো শারীরিক সমস্যা যৌন স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে।

যৌন মিলন শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ভীষণ জরুরি। কিন্তু বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মহিলাদের মধ্যে যৌন চাহিদা কমতে থাকে। মহিলাদের মধ্যে যৌনতা নিয়ে কোনও উত্তেজনা দেখা যায় না। চিকিৎসা ভাষায় এই অবস্থাকে হাইপোঅ্যাকটিভ সেক্সুয়াল ডিজ়ায়ার ডিসওর্ডার বলা হয়। বিভিন্ন কারণে মহিলাদের মধ্যে এই সমস্যা দেখা দিতে পারে। সেক্স হরমোনের মাত্রা কম থাকলে এই সমস্যা বেশি দেখা যায়। এছাড়া ডায়াবেটিস, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা এবং অন্যান্য শারীরিক সমস্যা থাকলে সেটি আপনার যৌন স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। এছাড়া অত্যধিক মানসিক চাপ যৌন মিলনে অনীহা তৈরি করে। তবে, এমন নয় যে আপনি এই সমস্যাকে দূর করতে পারবেন না। বেশ কিছু উপায়ে আপনি নিজের মধ্যে সেক্স ড্রাইভ বাড়াতে পারেন। সেগুলো কী-কী চলুন দেখে নেওয়া যাক।
হরমোন থেরাপি
ঋতুবন্ধের পর মহিলাদের মধ্যে হরমোনের তারতম্য ঘটে। এই ভারসাম্যহীনতা মহিলাদের মধ্যে যৌন মিলনে অনীহা তৈরি করতে পারে। সেক্স ড্রাইভ বাড়ানোর ক্ষেত্রে ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, প্রাস্টেরনের মতো হরমোনের ভারসাম্য সঠিক থাকা জরুরি। এক্ষেত্রে আপনি হরমোন থেরাপির সাহায্য নিতে পারেন। ওষুধ এবং অন্যান্য উপায়ে এই থেরাপি করা হয়। প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
লাইফস্টাইলে পরিবর্তন আনুন
সেক্স ড্রাইভ বৃদ্ধি করতে গেলে আপনার লাইফস্টাইলের দিকে এক নজর দেওয়া দরকার। আপনি কীভাবে জীবনযাপন করেন, তার প্রভাব আপনার যৌন জীবনের উপরও পড়ে। কাজের চাপ সব সময় থাকবে। কিন্তু অতিরিক্ত মানসিক চাপে যৌন জীবন হারিয়ে ফেলবেন। তাই মানসিক চাপ কমান। এর জন্য আপনি রোজ যোগব্যায়াম করতে পারেন। যোগব্যায়ামের মাধ্যমে আপনি যৌন জীবনে আনন্দ ফিরিয়ে আনতে পারেন।
ডায়েটের দিকে নজর দিন
এমন বেশ কিছু খাবার রয়েছে যা লিবিডো বাড়াতে সাহায্য করে। যৌন শক্তি বৃদ্ধিতে কেশর দুধ, কিশমিশ ভেজানো জল, খেজুর ইত্যাদি ভীষণ উপযোগী। এই সব খাবারে হরমোনের ভারসাম্যও বজায় থাকে।
বদঅভ্যাস ত্যাগ করুন
ধূমপান ও মদ্যপান দুটোই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এই বদঅভ্যাসও কিন্তু আপনার যৌন জীবন নষ্ট করে দিতে পারে। সেক্স ড্রাইভ বাড়াতে চাইলে এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে চাইলে আজই এসব অভ্যাস ত্যাগ করুন।
Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।
