AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Swati Maliwal: মুখ্যমন্ত্রীর বাড়িতে মহিলা সাংসদের হেনস্থা! ভোটের আগে সরগরম রাজধানী

Swati Maliwal: আম আদমি পার্টিরই সাংসদ দিল্লির মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারম্যান স্বাতি মালিওয়াল। সোমবার সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনেই তাঁকে হেনস্থা করেছে কেজরীবালের ব্যক্তিগত সহকারী। এমনই গুরুতর অভিযোগ করেছেন স্বাতি। এই অভিযোগকে হাতিয়ার করেছে বিজেপি। রিপোর্ট চেয়েছে জাতীয় মহিলা কমিশনও।

Swati Maliwal: মুখ্যমন্ত্রীর বাড়িতে মহিলা সাংসদের হেনস্থা! ভোটের আগে সরগরম রাজধানী
কেজরীবালের দলেরই সাংসদ স্বাতি মালিওয়ালImage Credit: Twitter
| Updated on: May 13, 2024 | 8:12 PM
Share

নয়া দিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের বাসভবনে তাঁকে হেনস্থা করা হয়েছে। সোমবার (১৩ মে), গুরুতর অভিযোগ করলেন দিল্লির মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারম্যান তথা আম আদমি পার্টিরই রাজ্যসভার সাংসদ স্বাতি মালিওয়াল। এদিন সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনেই, অরবিন্দ কেজরীবালের ব্যক্তিগত সহকারী বিভাব কুমার তাঁকে হেনস্থা করেছেন বলে, পুলিশে অভিযোগ জানিয়েছেন স্বাতি। সামনেই দিল্লির লোকসভা আসনগুলির ভোট। ঠিক তার আগে, এই অভিযোগ নিয়ে সরগরম রাজধানীর রাজনীতি। ইতিমধ্য়েই বিষয়টিকে হাতিয়ার করেছে বিজেপি। স্বাতি মালিওয়ালকে, কেজরীবালের ব্যক্তিগত সহকারী ‘মারধর’ করেছে অভিযোগ করে এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্র সচদেব। এই বিষয়ে এখনও মুখ খোলেননি কেজরীবাল বা আম আদমি পার্টির কোনও নেতা।

জানা গিয়েছে, এদিন সকালে দিল্লির পুলিশ কন্ট্রোল রুমে দুটি ফোন কল এসেছিল। প্রথম কলটি এসেছিল ৯টা বেজে ৪০ মিনিটে। এক মহিলা ফোনটি করেছিলেন। তিনি নিজের পরিচয় প্রকাশ করেননি। কিন্তু, অভিযোগ করা হয়, কেজরীবালের বাসভবনে স্বাতি মালিওয়ালকে হেনস্থা করা হয়েছে। দ্বিতীয় ফোনকলে, ওই মহিলা নিজেকে স্বাতি মালিওয়াল বলে পরিচয় দিয়েছিলেন। দিল্লি পুলিশের এক কর্তা বলেছেন, “সকাল ৯টা বেজে ৩৪ মিনিটে সিভিল লাইনস থানার পিসিআরে কল করেছিলেন এক মহিলা। নিজেকে স্বাতি মালিওয়াল হিসেবে পরিচয় দিয়ে তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর বাসভবনে তাঁকে লাঞ্ছনার শিকার হতে হয়েছে। কিছুক্ষণ পরে, এমপি ম্যাডাম সিভিল লাইনস থানায় এসেছিলেন। তবে তিনি পরে অভিযোগ জানাবেন বলে চলে যান।” এরপরই সিভিল লাইনস থানার একটি দল মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়েছিল বলে জানা গিয়েছে।

মুখ্যমন্ত্রীর বাসভবন, কেজরীবাল বা আপ দলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জারি করা হয়নি। স্বাতি মালিওয়ালও প্রকাশ্যে মুখ খোলেননি। তবে, দলীয় সূত্রে জানা গিয়েছে, এদন সকাল ৯টায় মুখ্যমন্ত্রীর বাসভবনে এসেছিলেন স্বাতি মালিওয়াল। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন। সাধারণত কেজরীবাল সকাল ১০টা থেকে মৈঠক করা শুরু করেন। এদিন দিনের পরবর্তী সময়ে আপের সিভিক কাউন্সিলরদের সঙ্গে দেখা করার কথা ছিল তাঁর। তার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আপের আহ্বায়ক। কাজেই স্বাতি মালিওয়ালকে, বিভাব কুমার জানিয়েছিলেন, সেই সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হবে না। ঘটনাটি সম্পর্করে অবগত এক আপ কর্মীর দাবি, তাঁকে আটকানোর পর, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কর্মীদের সঙ্গে বাগবিতন্ডায় জড়িয়ে পড়েছিলেন স্বাতি মালিওয়াল।

সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতা বীরেন্দ্র সচদেব লিখেছেন, “মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের নির্দেশে, তাঁর পিএ স্বাতি মালিওয়ালকে মারধর করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী প্রথমে নিজের বাড়িতে বসে মুখ্য সচিবকে মারধর করেছিলেন। আর এখন তিনি মহিলাদের মারধর করছেন। কারণ, স্বাতি মালিওয়াল স্পষ্টবক্তা হিসেবে পরিচিত। তিনি এমন কিছু প্রশ্ন করেছিলেন, যা কেজরীবালের পছন্দ হয়নি। আমি এই ঘটনার নিন্দা জানাই এবং পুরো ঘটনার তদন্ত দাবি করছি। কোনও মহিলার সঙ্গে এমন ঘটনা ঘটলে, তাঁর ন্যায়বিচার পাওয়া উচিত।” বিষয়টি কানে গিয়েছে জাতীয় মহিলা কমিশনেরও। এই ঘটনার বিষয়ে কী কী পদক্ষেপ করা হয়েছে, সেই বিষয়ে তিনদিনের মধ্যে রিপোর্ট চেয়েছে কমিশন।

Follow Us