
গুয়াহাটি: লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই শাসক-বিরোধী তরজা বাড়ছে। এবার বদরুদ্দিন আজমলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। লোকসভার সাংসদকে ঠুকে বললেন, “দ্বিতীয় বা তৃতীয় বিয়ে করার যদি পরিকল্পনা থাকে, তবে ভোটের আগেই বিয়ে করে ফেলুন।”
লোকসভার সাংসদ তথা অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের প্রেসিডেন্ট বদরুদ্দিন আজমলকে আক্রমণ করে অসমের মুখ্যমন্ত্রী বলেন, “ওঁর যদি দ্বিতীয় বা তৃতীয় বিয়ে করার পরিকল্পনা থাকে, তবে এখনই বিয়ে করে নেওয়া উচিত। নির্বাচনের পরে অসমে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি চালু হবে, তারপরে তখন গ্রেফতারি শুরু হবে। তাই নির্বাচনের আগে বিয়ে করে নিলে কোনও সমস্যা থাকবে না…আমি যতদূর জানি, ওঁর একজন স্ত্রী আছে। ওঁ চাইলে দ্বিতীয় বা তৃতীয় বিয়ে করতে পারে কিন্তু নির্বাচনের পরে আমরা বহুগামিতা বন্ধ করে দেব।”
সংখ্যালঘু সাংসদকে আরও খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আপনি যদি এখন বিয়ে করেন, তবে আমাদেরও ডাকবেন, কারণ এটা এখনও আইনত। নির্বাচনের পরে কিন্তু এটা (বহুগামিতা) নিষিদ্ধ হয়ে যাবে।”
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি আনার কথা বলছেন। গত বছরই অসমে বহুগামিতা নিষিদ্ধ করতে বিশেষ বিল আনা হয়। বহুবিবাহ ও বাল্যবিবাহ রুখতেও অভিযান চালানো হয়। উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হওয়ার পরই তিনি বলেছিলেন, লোকসভা নির্বাচনের পর অসমেও অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে। বহু বিবাহ নিষিদ্ধ করা হবে।
এদিকে, অসম সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেই বদরুদ্দিন আজমল বলেছিলেন, বহুগামিতার উপরে নিষেধাজ্ঞা জারি না করে, বরং একাধিক বিয়ের সপক্ষে প্রচার করা উচিত। এবার তারই পাল্টা জবাব দিলেন অসমের মুখ্যমন্ত্রী।