Ayushman Bharat Scheme: আয়ুষ্মান কার্ডে পরিবারের নতুন সদস্যের নাম কীভাবে যোগ করবেন?
Ayushman Card Update: এই স্কিমের অধীনে বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত নিখরচায় চিকিৎসার সুযোগ পাওয়া যায়। এই স্কিমে পরিবারের সদস্যদের সকলের চিকিৎসা করানো যায়। যদি আয়ুষ্মান ভারত স্কিমে পরিবারের নতুন সদস্যের নাম যুক্ত করতে চান, তাহলে কী করতে হবে?

কলকাতা: দেশের নিম্নবিত্ত ও গরিব মানুষদের জন্য নিখরচায় চিকিৎসা পরিষেবা পাওয়া যায় আয়ুষ্মান ভারত প্রকল্পে। দেশের অন্যান্য রাজ্যের মতো এবার পশ্চিমবঙ্গেও চালু হয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য় যোজনা (AB-PMJAY)। এই স্কিমের অধীনে বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত নিখরচায় চিকিৎসার সুযোগ পাওয়া যায়। এই স্কিমে পরিবারের সদস্যদের সকলের চিকিৎসা করানো যায়। যদি আয়ুষ্মান ভারত স্কিমে পরিবারের নতুন সদস্যের নাম যুক্ত করতে চান, তাহলে কী করতে হবে?
অনেকেই মনে করেন যে আয়ুষ্মান কার্ডে একবার নাম রেজিস্টার হয়ে গেলে, নতুন করে নাম যোগ করা যায় না। কিন্তু তা নয়। বিবাহ বা সন্তানের জন্মের পর, পরিবারের নতুন সদস্যদের যুক্ত করার সুযোগ রেখেছে সরকার।
কাদের নাম যোগ করা যেতে পারে?
- যোগ্য পরিবারে নতুন সদস্যদের নাম আয়ুষ্মান কার্ডে যুক্ত করা যেতে পারে।
- এদের মধ্যে রয়েছেন বিবাহের পর পরিবারে যোগ হওয়া নতুন পুত্রবধূ ও নবজাতক শিশু।
- পরিবারের অন্য কোনও সদস্য, যাদের নাম আগে যুক্ত করা হয়নি, তাদের নামও যোগ করা যায়।
নতুন সদস্যের নাম কীভাবে যুক্ত করবেন?
বাড়িতে বসে অনলাইনে অথবা নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে (সিএসসি) গিয়ে, কিংবা আয়ুষ্মান ভারতের তালিকাভুক্ত কোনও সরকারি/বেসরকারি হাসপাতালে আয়ুষ্মান মিত্রের সঙ্গে যোগাযোগ করে নতুন নাম নথিভুক্ত করতে পারেন।
কী কী নথি লাগবে?
নতুন পুত্রবধূর জন্য: বিবাহের শংসাপত্র, পরিবারের আয়ুষ্মান কার্ড, পুত্রবধূর আধার কার্ড।
নবজাতক শিশুর জন্য: শিশুর জন্ম শংসাপত্র, মা অথবা বাবার আয়ুষ্মান কার্ড।
অনলাইন আবেদন প্রক্রিয়া-
- প্রথমে অফিসিয়াল আয়ুষ্মান পোর্টালে -beneficiary.nha.gov.in-এ যেতে হবে।
- মোবাইল নম্বর ও ওটিপি ব্যবহার করে লগ ইন করতে হবে।
- আয়ুষ্মান কার্ডের ডিটেইলসে ক্লিক করে ‘নতুন সদস্য’ অপশনে ক্লিক করুন।
- নতুন সদস্যের বিবরণ পূরণ করুন।
- ওটিপি ভেরিফিকেশন ও প্রাসঙ্গিক নথি আপলোড করুন।
- যাচাইয়ের পর একটি নতুন আয়ুষ্মান কার্ড ইস্যু করা হবে।
