AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bihar Boat Accident: গঙ্গায় উল্টে গেল নৌকা, একাধিক শিশু-সহ ১৩ জনের মৃত্যু

Bihar Ganga Boat Capsize: মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, 'বিহারের বৈশালীতে নৌকাডুবির ঘটনায় প্রাণহানির খবর অত্যন্ত বেদনাদায়ক। এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।'

Bihar Boat Accident: গঙ্গায় উল্টে গেল নৌকা, একাধিক শিশু-সহ ১৩ জনের মৃত্যু
বিহারে গঙ্গায় নৌকা উল্টে মৃত ১৩ জনImage Credit: TV9 Bharatvarsh
| Updated on: Oct 14, 2026 | 7:01 AM
Share

বৈশালী (বিহার): অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। আচমকা গঙ্গায় উল্টে গেল নৌকা। মৃত্যু হল কমপক্ষে ১৩ জনের। মৃতদের মধ্যে একাধিক শিশু রয়েছে। মঙ্গলবার বিহারের বৈশালী জেলায় দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, নৌকাটিতে ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় শোক প্রকাশ করে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৈশালীর রাঘোপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নৌকায় করে একটি ভোজসভায় যাচ্ছিলেন সবাই। তার মধ্যে বেশিরভাগই শিশু ছিল। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসনিক আধিকারিকদের একটি দল। উদ্ধারকাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)। নিখোঁজদের খোঁজে নদীতে তল্লাশি চালান স্থানীয় গ্রামবাসীরাও। উদ্ধারকাজ এখনও চলছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।

এই ঘটনায় মৃতদের পরিবারের জন্য ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। এক্স হ্যান্ডলে শোক প্রকাশ করে তিনি লেখেন, ‘বৈশালীর রাঘোপুরে নৌকাডুবির ঘটনায় মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি আমার গভীর সমবেদনা রইল। ঈশ্বর প্রয়াতদের আত্মার শান্তি দিন এবং এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি তাঁদের পরিবারকে দিন।’

শোক প্রকাশ করে আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর-

নৌকাডুবির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি। এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, ‘বিহারের বৈশালীতে নৌকাডুবির ঘটনায় প্রাণহানির খবর অত্যন্ত বেদনাদায়ক। এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। স্থানীয় প্রশাসন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করছে।’ প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। আর দুর্ঘটনায় আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।

এদিকে, দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদবও। তিনি বলেন, “রাঘোপুর দিয়ারা এলাকায় নৌকাডুবির মর্মান্তিক খবর পেয়েছি। ডুবে যাওয়া ব্যক্তিদের অধিকাংশই শিশু। ঈশ্বর সকলকে সুরক্ষিত রাখুন। স্থানীয় বাসিন্দা, প্রশাসন ও আধিকারিকদের সঙ্গে কথা বলার পর উদ্ধারকাজ, ত্রাণ এবং চিকিৎসার ব্যবস্থা দ্রুত করার নির্দেশ দেওয়া হয়েছে।”

বৈশালীতে গঙ্গায় নৌকাডুবির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণনও। তিনি বলেন, “বিহারের বৈশালী জেলায় গঙ্গায় নৌকাডুবির ঘটনায় প্রাণহানির খবর অত্যন্ত দুঃখজনক। মৃতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও সাহস তাঁরা পান, সেই প্রার্থনা করি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের জন্য আমার প্রার্থনা রইল। এখনও যাঁরা নিখোঁজ, তাঁদের নিরাপত্তা কামনা করছি।”

Follow Us