High Court and EC: নির্বাচন কমিশনের সঙ্গে আজই বৈঠকে প্রধান বিচারপতি, কী নিয়ে আলোচনা?
এ দিকে, রাজ্যের রিজার্ভ ব্যাঙ্ক এবং SLBC (State Level Bankers Committee) প্রধানদের দিল্লিতে ডেকে পাঠিয়েছে নির্বাচন কমিশন। রাজ্য সফরে এসে ওই দুই সংস্থার কাজে অসন্তুষ্ট প্রকাশ করেছিল কমিশনের ফুল বেঞ্চ। তারপরেই তাদের দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে।

নয়া দিল্লি: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ এসআইআর (SIR) মামলায় ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিয়েছিল। বিচারাধীন ভোটারদের সমস্যা মেটাতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পরামর্শে এই ট্রাইবুনাল বেঞ্চ তৈরির নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার সেই মর্মেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের সঙ্গে বৈঠকে বসবে সিইও দফতর। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, অতিরিক্ত তালিকা এবং ট্রাইব্যুনাল গঠন নিয়ে আলোচনা হতে পারে।
ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনায় সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল রাজ্য সরকার। তবে প্রধান বিচারপতি সূর্য কান্ত সেই মামলা ফিরিয়ে নেওয়ার কথা বলেছিলেন রাজ্যের আইনজীবী মেনকা গুরুস্বামীকে। প্রধান বিচারপতির মন্তব্য ছিল, বিচারকদের যেন কোনও রকম প্রশ্নের মুখে না ফেলা হয়। এখানে উল্লেখ্য, এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশেই বিচারকদের তদারকিতে এসআইআর-এর প্রক্রিয়া চলছে। তবে ৬০ লক্ষের নাম অমীমাংসিতের তালিকা থাকায় ফের একবার সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে রাজ্য। সেই সময়ই প্রশ্ন ওঠে, জুডিশিয়াল অফিসারদের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন কোথায় করা যাবে? তার পরিপ্রেক্ষিতে ট্রাইবুনাল গঠনের নির্দেশ দেয় শীর্ষ আদালত। অমীমাংসিতদের নিয়ে জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তর বিরুদ্ধে আবেদন ওই ট্রাইবুনালের কাছে করতে হবে। সেই নির্দেশ মতোই আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন।
এ দিকে, রাজ্যের রিজার্ভ ব্যাঙ্ক এবং SLBC (State Level Bankers Committee) প্রধানদের দিল্লিতে ডেকে পাঠিয়েছে নির্বাচন কমিশন। রাজ্য সফরে এসে ওই দুই সংস্থার কাজে অসন্তুষ্ট প্রকাশ করেছিল কমিশনের ফুল বেঞ্চ। তারপরেই তাদের দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। কমিশন সূত্রে খবর, চলতি সপ্তাহে ওই সংস্থার আধিকারিকদের সঙ্গেও ফের একবার বৈঠক করতে চলেছে কমিশন।
