AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chinese Livestreamers: ঢাকার বস্তিকে নয়াদিল্লি বলে দেখাচ্ছেন দেড়শো চিনা লাইভস্ট্রিমার! পিছনে কোন উদ্দেশ্য?

Chinese Streamers Misrepresent Dhaka as Delhi: এই লাইভস্ট্রিমিংয়ের আসল উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। ফাংইউ নামে এক চিনা নাগরিক প্রথম আলোকে জানিয়েছেন, পণ্যের প্রচারের অংশ হিসেবেই উইচ্যাটে এই লাইভ সম্প্রচার করা হচ্ছে। তবে কেন নির্দিষ্ট এই এলাকাগুলিকেই বেছে নেওয়া হয়েছে কিংবা কেন এত দীর্ঘ সময় ধরে সেখানে ভিডিয়ো করা হচ্ছে, সে বিষয়ে তিনি কোনও ব্যাখ্যা দেননি।

Chinese Livestreamers: ঢাকার বস্তিকে নয়াদিল্লি বলে দেখাচ্ছেন দেড়শো চিনা লাইভস্ট্রিমার! পিছনে কোন উদ্দেশ্য?
কী উদ্দেশ্য চিনা ব্লগারদের?
| Updated on: Nov 10, 2026 | 2:48 PM
Share

ঢাকা ও নয়াদিল্লি: গত কয়েক মাস ধরে বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন দরিদ্র এলাকায় লাইভস্ট্রিমিং করছেন চিনের নাগরিকরা। অভিযোগ, ঢাকার ওই এলাকাগুলিকেই তাঁরা নয়াদিল্লি বলে পরিচয় দিচ্ছেন। পাশাপাশি ভারতের জীবনযাত্রা, পরিচ্ছন্নতা ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে অবমাননাকর মন্তব্যও করছেন তাঁরা। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এই লাইভস্ট্রিমিংয়ের উদ্দেশ্য নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। বিশেষ করে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চিনা নাগরিকদের কয়েকজন অনুমতি ছাড়াই তাঁদের বাড়িতে ঢুকে ছবি ও ভিডিয়ো রেকর্ড করছেন।

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, ঢাকার উত্তরা এলাকার ১২ নম্বর সেক্টর এবং সংলগ্ন টেকপাড়া এলাকায় ১৫০ জনেরও বেশি চিনা নাগরিককে ভিডিয়ো করতে দেখা গিয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। লাইভস্ট্রিমারদের হাতে সাধারণত দুটি মোবাইল ফোন থাকে। একটি ফোনে তাঁরা সরাসরি সম্প্রচার করেন, অন্য ফোনে বিভিন্ন তথ্য দেখেন।

ঢাকার এলাকাকে নয়াদিল্লি বলে পরিচয় চিনা লাইভস্ট্রিমারদের-

প্রথম আলোর অনুসন্ধানে ২৭ অক্টোবর এবং ৩ নভেম্বর উত্তরার বিভিন্ন জায়গা থেকে করা লাইভস্ট্রিমিং খতিয়ে দেখা হয়েছে। পাশাপাশি ১৭ জন চিনা নাগরিকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল সংবাদপত্রটি। কিন্তু তাঁদের অধিকাংশই প্রশ্নের উত্তর দিতে চাননি। অনুসন্ধানে দেখা গিয়েছে, কয়েকজন লাইভস্ট্রিমার ঢাকার বিভিন্ন এলাকাকে নয়াদিল্লির অংশ বলে পরিচয় দিচ্ছেন। সেই সঙ্গে সেখানকার বাসিন্দাদের জীবনযাত্রা নিয়েও অবমাননাকর মন্তব্য করছেন।

১ নভেম্বর উত্তরার ১২ নম্বর সেক্টরের একটি খালের পাশে দাঁড়িয়ে লাইভস্ট্রিমিং করতে দেখা যায় মিয়ানমিয়ান নামে এক চিনা তরুণীকে। তিনি ওই জায়গাটিকে নয়াদিল্লি বলে পরিচয় দেন। পাশাপাশি সেখানকার বাড়িগুলিকে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর বলে বর্ণনা করেন। অন্যদিকে, ওয়াং ওয়েই নামে এক চিনা নাগরিককে টেকপাড়ার চায়ের দোকানগুলির কাছে ভিডিয়ো করতে দেখা যায়। তিনি দর্শকদের জানান, স্থানীয় বাসিন্দারা যে চা পান করছেন, তা নাকি গরুর মূত্র এবং নোংরা নদীর জল দিয়ে তৈরি।

প্রথম আলোর দাবি, চিনা ভাষায় করা এই মন্তব্যগুলি গুগল ট্রান্সলেটের সাহায্যে অনুবাদ করা হয়েছে। পরে চিনা ভাষা সম্পর্কে পরিচিত বাংলাদেশের চারজন ব্যক্তির মাধ্যমে সেগুলি যাচাইও করা হয়েছে। অনুসন্ধানে আরও জানা গিয়েছে, কয়েকজন বাংলাদেশি মহিলাও চিনা নাগরিকদের গাইড হিসেবে কাজ করছেন। তাঁদের মধ্যে ঋতু আখতার নামে এক মহিলা সংবাদপত্রটিকে জানিয়েছেন, এলাকার বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখানো এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য তিনি দৈনিক ৭০০ থেকে ৮০০ টাকা পান।

পণ্যের প্রচারের দাবি, গোপনীয়তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা-

এই লাইভস্ট্রিমিংয়ের আসল উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। ফাংইউ নামে এক চিনা নাগরিক প্রথম আলোকে জানিয়েছেন, পণ্যের প্রচারের অংশ হিসেবেই উইচ্যাটে এই লাইভ সম্প্রচার করা হচ্ছে। তবে কেন নির্দিষ্ট এই এলাকাগুলিকেই বেছে নেওয়া হয়েছে কিংবা কেন এত দীর্ঘ সময় ধরে সেখানে ভিডিয়ো করা হচ্ছে, সে বিষয়ে তিনি কোনও ব্যাখ্যা দেননি।

ঋতু আখতারের দাবি, চিনা নাগরিকরা উইচ্যাট এবং চিনের টিকটক হিসেবে পরিচিত ডুয়িনের মতো প্ল্যাটফর্মেও ভিডিয়ো পোস্ট করেন। সেখান থেকে তাঁরা অর্থ উপার্জন করেন বলে জানা গিয়েছে। এদিকে, লাগাতার ভিডিয়ো রেকর্ডিং এবং অনুমতি ছাড়া বাড়িতে ঢুকে পড়ার অভিযোগে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।

রোজিনা খাতুন নামে এক বাসিন্দা প্রথম আলোকে জানিয়েছেন, কয়েকজন লাইভস্ট্রিমার বাড়ির ভিতরে ঢুকে পড়ে ভিডিয়ো করতে শুরু করেন। বাড়ির লোকজন উপযুক্ত পোশাকে রয়েছেন কি না, সেদিকেও তাঁরা নজর দেননি। অন্য এক বাসিন্দা পাপিয়া বেগমের অভিযোগ, ভিডিয়ো করার সময় কয়েকজন এমনকী বাথরুমেও ঢুকে পড়েছিলেন।

বিষয়টি নজরে এসেছে স্থানীয় পুলিশেরও। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) মহম্মদ খালিদ মনসুর প্রথম আলোকে জানিয়েছেন, ওই এলাকায় চিনা নাগরিকদের ভিডিয়ো করতে দেখেছে পুলিশ। তবে তাঁদের কাজের উদ্দেশ্য সম্পর্কে পুলিশের কাছে স্পষ্ট কোনও তথ্য নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং এ নিয়ে কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ঢাকার বিভিন্ন এলাকাকে নয়াদিল্লি বলে পরিচয় দেওয়ার বিষয়টি অনুসন্ধানে উঠে এলেও, এই লাইভস্ট্রিমাররা কোনও সংগঠিত চক্রের অংশ কি না, নাকি প্রত্যেকে আলাদাভাবে কাজ করছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পণ্যের প্রচারের যে দাবি এক চিনা নাগরিক করেছেন, তা থেকেও এই কর্মকাণ্ডের বৃহত্তর উদ্দেশ্য স্পষ্ট নয়।

Follow Us