AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sonia Gandhi: ভারতীয় নাগরিকত্ব পাওয়ার আগেই ভোটার তালিকায় নাম সনিয়ার! আদালতে জানাল দিল্লি পুলিশ

Sonia Gandhi Voter List Controversy: সনিয়া গান্ধী ঠিক কবে ভারতীয় নাগরিকত্ব পেয়েছিলেন, তা নিশ্চিত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছেও নথি চেয়েছিল পুলিশ। রিপোর্টে জানানো হয়েছে, তাঁর নাগরিকত্বের শংসাপত্রটি ১৯৮৩ সালের ৩০ এপ্রিল ইস্যু করা হয়েছিল।

Sonia Gandhi: ভারতীয় নাগরিকত্ব পাওয়ার আগেই ভোটার তালিকায় নাম সনিয়ার! আদালতে জানাল দিল্লি পুলিশ
সনিয়া গান্ধী
| Updated on: Nov 28, 2026 | 8:21 PM
Share

নয়াদিল্লি: তাঁর সদ্য প্রকাশিত বই ঘিরে দেশজুড়ে চর্চা চলছে। ইটালির নাগরিক থেকে গান্ধী পরিবারের পুত্রবধূ হয়ে ওঠার কাহিনি বিস্তারিত লিখেছেন। তাঁর বই নিয়ে চর্চার মধ্যেই নতুন বিতর্কে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। ভারতীয় নাগরিকত্ব পাওয়ার তিন বছর আগেই ১৯৮০ সালের ভোটার তালিকায় তাঁর নাম উঠেছিল বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলায় শনিবার আদালতে দুটি রিপোর্ট জমা দিয়েছে দিল্লি পুলিশ। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এই খবর জানা গিয়েছে। এর আগে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিনোদ যোশী এই অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ করেছে, তা জানতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

অন্য থানায় পাঠানো হল অভিযোগ-

গত ২৭ নভেম্বরের একটি রিপোর্টে দিল্লি পুলিশ জানিয়েছে, অভিযোগে ওঠা বিষয়গুলি আইপি এস্টেট থানার এক্তিয়ারের মধ্যে পড়ে না। তাই প্রয়োজনীয় পদক্ষেপের জন্য অভিযোগটি নয়াদিল্লি পুলিশ জেলার কাছে পাঠানো হয়েছিল। শনিবার আদালতে পুলিশ জানায়, পরবর্তীতে অভিযোগটি তুঘলক রোড থানায় পৌঁছেছে। ম্যাজিস্ট্রেট আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত আধিকারিক (SHO) কী কী পদক্ষেপ করা হয়েছে, তা জানিয়ে দ্বিতীয় রিপোর্ট জমা দেন।

১৯৮০ ও ১৯৮৩ সালের ভোটার তালিকার নথি চাইল পুলিশ-

দ্বিতীয় রিপোর্ট অনুযায়ী, ১৯৮০ ও ১৯৮৩ সালের ভোটার তালিকায় সনিয়া গান্ধীর নাম সংক্রান্ত নথি চেয়ে নয়াদিল্লির জেলাশাসকের কাছে নোটিস পাঠিয়েছিল পুলিশ। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, জেলাশাসকের দফতর থেকে পাওয়া উত্তরে নিশ্চিত করা হয়েছে যে ওই ভোটার তালিকাগুলিতে সনিয়া গান্ধীর নাম ছিল।

তবে ভোটার তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করার জন্য জমা দেওয়া ফর্ম ৬ (Form 6) এবং অন্যান্য প্রয়োজনীয় নথি এখনও খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। ওই নথিগুলির সন্ধানে তল্লাশি চলছে।

নাগরিকত্বের শংসাপত্রে কী তথ্য রয়েছে?

সনিয়া গান্ধী ঠিক কবে ভারতীয় নাগরিকত্ব পেয়েছিলেন, তা নিশ্চিত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছেও নথি চেয়েছিল পুলিশ। রিপোর্টে জানানো হয়েছে, তাঁর নাগরিকত্বের শংসাপত্রটি ১৯৮৩ সালের ৩০ এপ্রিল ইস্যু করা হয়েছিল। পুলিশের রিপোর্টে বলা হয়েছে, “পরবর্তী অনুসন্ধানের সময় স্বরাষ্ট্র মন্ত্রকের বিদেশি বিভাগে নোটিস পাঠিয়ে জানতে চাওয়া হয়েছিল, সনিয়া গান্ধীকে কবে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছিল। অ্যান্টোনিয়া মাইনো ওরফে সনিয়া গান্ধীর নামে ১৯৮৩ সালের ৩০ এপ্রিল নাগরিকত্বের শংসাপত্র ইস্যু করা হয়েছিল।” রিপোর্টে আরও বলা হয়েছে, “তদন্ত চালানো হলে আরও তথ্য সামনে আসতে পারে।”

পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর-

অভিযোগকারী আইনজীবী বিকাশ ত্রিপাঠীর হয়ে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী নীরজ। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১৪ ডিসেম্বর। এদিকে, ভোটার তালিকায় সনিয়া গান্ধীর নাম অন্তর্ভুক্তির সঙ্গে সম্পর্কিত প্রয়োজনীয় নথিগুলির সন্ধান চালিয়ে যাচ্ছে দিল্লি পুলিশ।

Follow Us