‘আমি না থাকলে ওঁ কী করবে?’, স্ত্রীকে খুন করে পুলিশের অপেক্ষায় ISRO-র প্রাক্তন কর্মী
Crime News: অভিযুক্ত ব্যক্তি মানসিকভাবে সুস্থ নন। তাঁর ডিপ্রেশনের চিকিৎসা চলছিল। তিনি নিজের প্রাণ শেষ করে দিতে গিয়েছিলেন, তার আগেই স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেন। অন্য কোনও বড় কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই দম্পতির একমাত্র মেয়ে আমেরিকাতে থাকেন। তাঁকে খবর দেওয়া হয়েছে।

বেঙ্গালুরু: কাজ করতেন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে। এখন অবসরপ্রাপ্ত। মন ঢাকা পড়ছিল ধূসর মেঘে। মাঝেমধ্যেই ডুবে যেতেন অদ্ভুত সব চিন্তায়। চাইতেন নিজের জীবন শেষ করে দিতে। ইসরোর প্রাক্তন কর্মীই শেষে ঘটালেন ভয়ঙ্কর কাণ্ড। খুন করে বসলেন নিজের স্ত্রীকে। খুনের পর তিনি বাড়িতেই অপেক্ষা করেন পুলিশ যাতে এসে তাঁকে গ্রেফতার করে।
প্রাক্তন ইসরো কর্মী নাগেশ্বর রাও। স্ত্রী সন্ধ্য়াশ্রী-কে নিয়ে থাকতেন দক্ষিণ বেঙ্গালুরুর একটি অভিজাত কমপ্লেক্সে। বুধবার সকালে সন্ধ্যাশ্রীর দেহ উদ্ধার হয়। পুলিশ এসে গ্রেফতার করে তাঁর স্বামী নাগেশ্বর রাও-কে। জানা যায়, ওই ব্যক্তি ডিপ্রেশনে ভুগছিলেন। মাঝে মধ্য়েই আত্মহত্যা করার চেষ্টা চিন্তাভাবনা আসত তাঁর মনে। তবে চিন্তিত থাকতেন, তিনি না থাকলে, স্ত্রীর কী হবে? কীভাবে তিনি একা থাকবেন?
সেই চিন্তা থেকেই বুধবার ওই ব্যক্তি আত্মহত্যার সিদ্ধান্ত নেন। তার আগে তোয়ালে দিয়ে স্ত্রীর গলায় ফাঁস দিয়ে খুন করেন। এরপরে এক আত্মীয়কে ফোন করে জানান যে তিনি স্ত্রীকে খুন করেছেন। এবার নিজে আত্মহত্যা করবেন। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন।
বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডের ডেপুটি কমিশনার অব পুলিশ জানান, অভিযুক্ত ব্যক্তি মানসিকভাবে সুস্থ নন। তাঁর ডিপ্রেশনের চিকিৎসা চলছিল। তিনি নিজের প্রাণ শেষ করে দিতে গিয়েছিলেন, তার আগেই স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেন। অন্য কোনও বড় কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই দম্পতির একমাত্র মেয়ে আমেরিকাতে থাকেন। তাঁকে খবর দেওয়া হয়েছে।
