Delhi SIR List: লালকৃষ্ণ আদবাণী থেকে বিদেশমন্ত্রী জয়শঙ্করের নামও বাদ! SIR-এ নোটিস পেলেন কারা কারা?
Delhi Voter List: দেশের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবাণীর নাম যেমন রয়েছে, তেমনই বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের নামও আছে। এছাড়াও নির্বাচন কমিশনার এস এস সান্ধু, কংগ্রেস নেতা তথা আইনজীবী কপিল সিবাল, কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি ও বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির নামও রয়েছে নোটিস লিস্টে।

নয়া দিল্লি: আমজনতা তো কোন ছাড়, দেশের তাবড় তাবড় নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী- এবার তাদের কাছেও পৌঁছচ্ছে নোটিস। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, প্রাক্তন উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবাণী, সকলেই নোটিস পেলেন। কীসের নোটিস? ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বা এসআইআরের দ্বিতীয় ধাপ শুরু হতেই, একে একে সকলের কাছে পৌঁছচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিস।
দিল্লিতে চলছে এসআইআর। ইতিমধ্যেই খসড়া তালিকা প্রকাশ হয়েছে। এরপরই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নোটিস লিস্ট সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, দেশের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবাণীর নাম যেমন রয়েছে, তেমনই বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের নামও আছে। এছাড়াও নির্বাচন কমিশনার এস এস সান্ধু, কংগ্রেস নেতা তথা আইনজীবী কপিল সিবাল, কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি ও বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির নামও রয়েছে নোটিস লিস্টে।
সকালেই জানা গিয়েছিল, দিল্লির তিনবারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ও তাঁর পরিবারের নাম খসড়া তালিকায় নেই। অন্যদিকে বর্তমান মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নামও লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় রয়েছে।
কেন নাম বাদ পড়ল?
নোটিস অনুযায়ী, নির্বাচন কমিশনার এস এস সান্ধুর নামে নোটিস পাঠানো হয়েছে কারণ ভোটার রেকর্ডে তাঁর নামের বানান মিলছে না।
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও তাঁর স্ত্রী কিয়োটো এস জয়শঙ্করের নাম নোটিস লিস্টে রয়েছে ভেরিফিকেশনের জন্য।
আইনজীবী কপিল সিবল ও বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির নামে নোটিস পাঠানো হয়েছে কারণ ২০০২ সালের এসআইআর তালিকায় তাদের ম্যাপিং হয়নি।
প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবাণী ও তাঁর মেয়ে প্রতিভা আদবাণীর নামও এই লিস্টে রয়েছে। এদের সকলকেই হিয়ারিংয়ে ডাকা হবে। ফর্ম ৬-এ আবেদন করতে হলে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেই আবেদন জমা দিতে হবে।
