Election Campaign: ভোটের প্রচারে এই কাজগুলি নৈব নৈব চ, রাজনৈতিক দলগুলির জন্য জারি অ্যাডভাইজরি

Election Commission: সব রাজনৈতিক দল, প্রার্থী, তারকা প্রচারকদের জন্য পরামর্শাবলী জারি করল জাতীয় নির্বাচন কমিশন। কী করণীয়, কী করণীয় নয়, সেই বিষয়ে একটি তালিকাও প্রকাশ করেছে কমিশন। স্পষ্ট বলে দেওয়া হয়েছে, ভোটারদের জাতিগত কিংবা ধর্মীয় ভাবাবেগকে টেনে মন্তব্য করা যাবে না। এমন কোনও কাজ করা যাবে না, যাতে দু'টি পৃথক জাতি, গোষ্ঠী কিংবা ধর্মীয় বা ভাষাগত সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়ায় বা ঘৃণা ছড়ায়।

Election Campaign: ভোটের প্রচারে এই কাজগুলি নৈব নৈব চ, রাজনৈতিক দলগুলির জন্য জারি অ্যাডভাইজরি
কী কী পরামর্শাবলী জারি করল নির্বাচন কমিশনImage Credit source: Facebook

| Edited By: Soumya Saha

Mar 02, 2024 | 7:18 AM

নয়া দিল্লি: শিয়রে লোকসভা নির্বাচন। অপেক্ষা শুধু নির্ঘণ্ট ঘোষণা হওয়ার। ভোটের প্রচারে ইতিমধ্যেই নেমে পড়েছে সব রাজনৈতিক দলগুলি। চলছে আক্রমণ, প্রতি আক্রমণের পালা। এসবের মধ্যেই এবার সব রাজনৈতিক দল, প্রার্থী, তারকা প্রচারকদের জন্য পরামর্শাবলী জারি করল জাতীয় নির্বাচন কমিশন। কী করণীয়, কী করণীয় নয়, সেই বিষয়ে একটি তালিকাও প্রকাশ করেছে কমিশন।

স্পষ্ট বলে দেওয়া হয়েছে, ভোটারদের জাতিগত কিংবা ধর্মীয় ভাবাবেগকে টেনে মন্তব্য করা যাবে না। এমন কোনও কাজ করা যাবে না, যাতে দু’টি পৃথক জাতি, গোষ্ঠী কিংবা ধর্মীয় বা ভাষাগত সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ছড়ায় বা ঘৃণা ছড়ায়। যে তথ্যের কোনও বাস্তব ভিত্তি নেই, ভোটারদের বিভ্রান্ত করার জন্য এমন কোনও মিথ্যা মন্তব্য বা বিবৃতি দেওয়া যাবে না। যে অভিযোগ প্রমাণিত নয়, সেটা নিয়ে কোনও রাজনৈতিক দল বা বা কোনও নেতাকে আক্রমণ না করার পরামর্শও দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। অন্য দলের নেতাদের ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করা থেকেও বিরত থাকতে পরামর্শ দিয়েছে কমিশন। শুধুমাত্র অপর পক্ষকে অপমান করার জন্য নিম্নরুচির ব্যক্তিগত আক্রমণ যে কখনোই কাম্য নয়, সেটাই মনে করিয়ে দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ভোটের প্রচারের কাজের জন্য কোনও মন্দির, মসজিদ, গীর্জা কিংবা গুরুদ্বার বা অন্য কোনও ধর্মীয় স্থানকে ব্যবহার করা যাবে না। সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করার সময়েও রাজনৈতিক দল ও নেতাদের সাবধানী হওয়ার পরামর্শ দিয়েছে কমিশন। অপর পক্ষের নেতা বা দলকে অপমান করতে কোনও নিম্নরুচির কনটেন্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট বা শেয়ার করে যাবে না, পরামর্শাবলীতে সাফ জানিয়েছে কমিশন।

Follow Us