West Bengal SIR: পশ্চিমবঙ্গের SIR নিয়ে বড় সিদ্ধান্ত, নাম বাদ পড়লেও ফের মিলবে ভোটার তালিকায় নাম তোলার সুযোগ
Election Commission on SIR: কমিশন জানিয়েছে, SIR চলাকালীন বা তার পরে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা সংশ্লিষ্ট ERO-র কাছে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবেন। বাংলা-সহ ২০ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ কর্মসূচি হবে। বিতর্কের আবহেই বড় সিদ্ধান্ত কমিশনের।

নয়া দিল্লি: এসআইআর-এ (SIR) নাম বাদ পড়লেও ফের নতুন করে ভোটার তালিকায় নাম তোলা যাবে। বড় সিদ্ধান্ত কমিশনের। বিতর্কের আবহে শনিবার দিল্লিতে বৈঠকে বসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেখানেই এসআইআর প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, SIR চলাকালীন বা তার পরে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা সংশ্লিষ্ট ERO-র কাছে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবেন। সেই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য বাংলা-সহ ২০ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ কর্মসূচি হবে।
ভোটার তালিকায় কারা নাম তুলতে পারবেন?
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, এসআইআর প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ পড়েছে অর্থাৎ ভোটার তালিকায় যাঁদের নাম ওঠেনি, তাঁদের বিষয়টি নিষ্পত্তি করছে অ্যাপুলেট ট্রাইব্যুনাল। সেক্ষেত্রে অনেকের মনেই প্রশ্ন উঠবে, ট্রাইবুন্যাল যেখানে নিষ্পত্তির কাজ করছে, সেখানে বাদ পড়া নামগুলি ফের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য কীভাবে আবেদন করা যাবে? মূলত কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ পড়ার পর, যাঁরা অ্যাপুলেট ট্রাইব্যুনালে আবেদন করেছেন, এবং ট্রাইব্য়ুনাল সমাধান করে যাঁদের বৈধ ভোটার বলে সার্টিফিকেট দিয়ে দিয়েছে, তাঁরা নতুন করে ভোটার তালিকায় নাম তোলার সুযোগ পাবেন। এছাড়া, যাঁরা কোনও কারণে এসআইআর প্রক্রিয়ায় অংশ না নিতে পারার জন্য ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। এসআইআর যে জায়গাগুলিতে সম্পন্ন হয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ, বিহার-সহ ২০ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বাংলায় বিশেষ কর্মসূচি
বাংলা-সহ ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই ধরনের ভোটারদের নাম দ্রুত অন্তর্ভুক্তির জন্য CEO, DEO এবং ERO-দের অবিলম্বে বিশেষ অভিযান শুরু করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এই বিশেষ কর্মসূচিতে আবেদন করতে পারবেন নতুন ভোটাররাও।
