
নয়াদিল্লি: শুরুতে অন্য অবস্থান নিলেও শেষ পর্যন্ত পিছু হঠল রেল বোর্ড। বন্দে ভারত স্লিপার এবং অমৃত ভারত এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনগুলিতে কোনও বিশেষ কোটা না রাখার সিদ্ধান্ত হয়েছিল আগেই। এখন আবার যাত্রী চাহিদা এবং বিশেষ পরিস্থিতির কথা মাথায় রেখে ফের ‘ইমার্জেন্সি কোটা’ চালুর নির্দেশ দিল কেন্দ্র। রেলের তরফে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানানো হয়েছে।
এর আগে রেলের পক্ষ থেকে জানানো হয়েছিল, অমৃত ভারত এবং বন্দে ভারত স্লিপার ট্রেনে কেবলমাত্র মহিলা, বিশেষভাবে সক্ষম, সিনিয়র সিটিজেন এবং ডিউটি পাস কোটা থাকবে। এমনকি এই ট্রেনগুলিতে আরএসি না রাখার কথা ছিল। কিন্তু এখন সেই সিদ্ধান্তই বদলে ফেলা হয়েছে। সাম্প্রতিক পর্যালোচনার পর রেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে জরুরি প্রয়োজনে টিকিটের ঘাটতি যাতে না হয় তাই এই ট্রেনগুলিতেও ইমার্জেন্সি কোটা থাকবে। কোন ট্রেনে কতগুলি বার্থ সংরক্ষিত থাকবে তা বিশদে বলেছে রেল বোর্ড।
রেল বোর্ডের নির্দেশিকা বলছে যেসব অমৃত ভারত এক্সপ্রেসে ৭টি বা তার বেশি স্লিপার ক্লাস কোচ রয়েছে, সেখানে ২৪টি বার্থ ইমার্জেন্সি কোটার জন্য সংরক্ষিত থাকবে। অন্যদিকে বন্দে ভারত স্লিপারে কোচের ভিত্তিতে কোটার সংখ্যা আলাদা আলাদা করা হয়েছে। একইসঙ্গে সপ্তাহান্তের ভিড় সামলাতে বাড়তি কোটার ব্যবস্থা রাখা হয়েছে। ফার্স্ট এসিতে সাধারণ দিনে ৪টি বার্থ ও সপ্তাহান্তে ৬টি বার্থ সংরক্ষিত থাকবে। সেকেন্ড এসিতে যথাক্রমে ২০টি বার্থ ও ৩০টি বার্থ সংরক্ষিত থাকবে। থার্ড এসিতে যথাক্রমে ২৪টি বার্থ ও ৪২টি বার্থ সংরক্ষিত থাকবে।