তাড়াহুড়োয় টিকিট কাটতে পারেননি, অন্য সিট দেবে বলে মহিলা যাত্রীকে ‘ধর্ষণের চেষ্টা’ TTE-র!
Indian Railways: স্টেশনে ভিড় থাকায় টিকিট কাটতে পারেননি। টিটিই যখন আসে, তখন টিটিই-কে টিকিট ইস্যু করে দিতে বলেন, কিন্তু টিটিই নাছোড়বান্দা ছিলেন। পরে তিনি অন্য জায়গায় সিট দেওয়ার নাম করে অন্য একটি কেবিনে নিয়ে যান এবং নির্যাতন করেন।

লখনউ: তাড়াহুড়োয় ট্রেনের টিকিট কাটতে ভুলে গিয়েছিল। সেই অপরাধে মহিলা যাত্রীকে হেনস্থা টিটিই-র। অভিযোগ, ওই টিটিই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছিলেন। পরে ওই যুবতী জিআরপি-তে অভিযোগ দায়ের করেন।
আহমেদাবাদ-গোরক্ষপুর এক্সপ্রেসে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, ওই মহিলা যাত্রী উত্তর প্রদেশের মউ থেকে ট্রেনে ওঠেন। গোরক্ষপুর যাচ্ছিলেন তিনি। তাড়াহুড়োয় ট্রেনের টিকিট কাটতে ভুলে যান। টিটিই যখন টিকিট দেখতে যান, তখন যুবতী টিকিট দেখাতে পারেননি। এরপরই আসল রূপ ধরেন টিটিই। জোর করে যুবতীকে এসি কেবিনে নিয়ে যান এবং ধর্ষণ করার চেষ্টা করেন। কোনওমতে পালিয়ে যান যুবতী। পরে গোরক্ষপুরে নেমে যুবতী জিআরপি-তে অভিযোগ দায়ের করেন।
অভিযোগপত্রে যুবতী জানিয়েছেন, তিনি পরীক্ষা দিতে মউ গিয়েছিলেন। ফেরার সময় ট্রেনে ভিড় ছিল। তাড়হুড়োতে তিনি এসি কোচে উঠে যান। স্টেশনে ভিড় থাকায় টিকিট কাটতে পারেননি। টিটিই যখন আসে, তখন টিটিই-কে টিকিট ইস্যু করে দিতে বলেন, কিন্তু টিটিই নাছোড়বান্দা ছিলেন। পরে তিনি অন্য জায়গায় সিট দেওয়ার নাম করে অন্য একটি কেবিনে নিয়ে যান এবং নির্যাতন করেন।
ঘটনার পর কাউকে না বলার হুমকি দেন। যুবতী ১১২-তে ডায়াল করে অভিযোগ জানান। গোরক্ষপুরে পৌঁছে অভিযুক্ত টিটিই-র বিরুদ্ধে জিআরপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। রেল সূত্রে খবর, ইতিমধ্যেই অভিযুক্ত টিটিই-কে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। ওই টিটিই বিহারের বাসিন্দা, তবে বর্তমানে পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
