Flight Ticket Price : পশ্চিম এশিয়ার যুদ্ধ আবহে আরও বাড়বে বিমানের ভাড়া, বড় সিদ্ধান্ত কেন্দ্রের
Flight Ticket Price : কেন্দ্রীয় সরকাররের বিবৃতি অনুযায়ী, সোমবার থেকেই টিকিটে ক্যাপিং আর থাকছে না। সম্প্রতি টিকিটের দামে ক্যাপিং অর্থাৎ সর্বোচ্চ মূল্যসীমা তোলার জন্য আবেদন করেছিল ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া ও স্পাইসজেট। এছাড়া, বিমান সংস্থাগুলির সংগঠন ফেডেরেশন অফ ইন্ডিয়ান এয়ারলেন্স জানিয়েছিল, দীর্ঘদিন ভাড়ার সীমাবদ্ধতা বজায় থাকলে সংস্থাগুলির আয় কমে যাচ্ছে এবং আর্থিক ক্ষতি হচ্ছে।

নয়াদিল্লি : বিমান ভাড়ায় বড়সড় পরিবর্তন। অন্তর্দেশীয় বিমানের ভাড়ায় ক্যাপিং তুলে নিল কেন্দ্রীয় সরকার। অর্থাৎ এবার থেকে অন্তর্দেশীয় বিমানের ভাড়ায় সরকারি নিয়ন্ত্রণ আর থাকছে না। এর আগে টিকিটের সর্বোচ্চ মূল্য বেঁধে দিয়েছিল কেন্দ্র। এবার সেই সীমা আর থাকছে না। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে বিমানের ভাড়া লাফিয়ে বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে ভারতে গ্যাসের দাম বেড়েছে। গ্যাস সংকটের কারণে অটো ভাড়া বাড়ছে। বিশ্ববাজারে তেলের দামও প্রচুর বেড়েছে। তার মাঝে ভাড়া নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে বিমানের টিকিট বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
কেন্দ্রীয় সরকাররের বিবৃতি অনুযায়ী, সোমবার থেকেই টিকিটে ক্যাপিং আর থাকছে না। সম্প্রতি টিকিটের দামে ক্যাপিং অর্থাৎ সর্বোচ্চ মূল্যসীমা তোলার জন্য আবেদন করেছিল ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া ও স্পাইসজেট। এছাড়া, বিমান সংস্থাগুলির সংগঠন ফেডেরেশন অফ ইন্ডিয়ান এয়ারলেন্স জানিয়েছিল, দীর্ঘদিন ভাড়ার সীমাবদ্ধতা বজায় থাকলে সংস্থাগুলির আয় কমে যাচ্ছে এবং আর্থিক ক্ষতি হচ্ছে। তারপরই ক্যাপিং তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্র। তবে, সরকারের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, অতিরিক্ত বা অযৌক্তিক ভাড়া বৃদ্ধি করা হলে কঠোর পদক্ষেপ করা হবে। প্রয়োজনে জনস্বার্থে আবারও ভাড়ার উপর নিয়ন্ত্রণ আরোপ করা হতে পারে।
গত বছর ডিসেম্বর মাসে যাত্রীদের স্বার্থে ভাড়ার উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। টিকিটের সর্বোচ্চ মূল্য বেঁধে দেওয়া হয়েছিল। দূরত্ব অনুযায়ী শুধুমাত্র একবারের ইকোনমি ক্লাস টিকিটের সর্বোচ্চ মূল্য প্রায় ১৮ হাজার টাকা পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু এবার সেই নিয়ম তুলে নেওয়ায় বিমান সংস্থাগুলি স্বাধীনভাবে ভাড়া নির্ধারণ করতে পারবে। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তে একদিকে যেমন বিমান সংস্থাগুলি লাভবান হবে, অন্যদিকে চাহিদা বেশি থাকলে যাত্রীদের টিকিটের দাম বাড়ার আশঙ্কাও থেকে যাচ্ছে।
এদিকে, বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির ফলে দিন কয়েক আগেই একাধিক উড়ান সংস্থা বিমান ভাড়া বৃদ্ধি করেছিল। আসলে টিকিটের দামে জ্বালানির সার্রচার্জ চাপিয়ে দেওয়া হয়েছে। দূরত্ব অনুযায়ী সারচার্জ বসানো হয়। ইন্ডিগোর ক্ষেত্রে টিকিটে ৪০০ থেকে ২৩০০ টাকা পর্যন্ত সারচার্জ যোগ করা হয়েছে। এয়ার ইন্ডিয়াও একই হারে সারচার্জ যোগ করেছে। যার ফলে বিমানের টাকা অনেকটাই বেড়েছে। এরই মধ্যে সরকার ক্যাপিং তুলে নেওয়ায় অন্তর্দেশীয় বিমানের ভাড়া আরও বাড়াতে পারে।
