High Court: এবার পিতৃত্বকালীন ছুটি নিয়ে বড় ঘোষণা হাইকোর্টের
High Court 14 Day Paternity: এমনকী চুক্তিভিত্তিক কর্মীদেরও— ১৪ দিনের পিতৃত্বকালীন ছুটির সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিল হাইকোর্ট। প্রধান বিচারপতি আশুতোষ কুমারের অনুমোদনে জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

গুয়াহাটি হাইকোর্টের প্রধান আসনে কর্মরত যোগ্য পুরুষ কর্মীদের— এমনকী চুক্তিভিত্তিক কর্মীদেরও— ১৪ দিনের পিতৃত্বকালীন ছুটির সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিল হাইকোর্ট। প্রধান বিচারপতি আশুতোষ কুমারের অনুমোদনে জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
কারা ও কীভাবে পাবেন এই ছুটি?
বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব পুরুষ কর্মীর দু’জনের কম সন্তান রয়েছে , তাঁরা এই সুবিধা পাবেন। স্ত্রীর প্রসবের আগে, প্রসবের সময় বা সন্তান জন্মের ছয় মাসের মধ্যে এই ১৪ দিনের ছুটি নেওয়া যাবে। ছুটি চলাকালীন কর্মীরা ছুটি শুরুর ঠিক আগের বেতনের সমান ছুটি-বেতন পাবেন।
এই পিতৃত্বকালীন ছুটি কর্মীর সঞ্চিত ছুটির খাতা থেকে কাটা হবে না এবং অন্যান্য অনুমোদিত ছুটির সঙ্গে যুক্ত করেও নেওয়া যাবে। তবে ছুটিটি একটানা এক বারেই নিতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে না নিলে সেই ছুটি বাতিল বলে গণ্য হবে। ইতিমধ্যে দু’জন জীবিত সন্তান থাকলে এই ছুটি মিলবে না।
সারোগেসির মাধ্যমে বাবা হওয়া কর্মীরাও দু’জনের কম সন্তান থাকলে এই ১৪ দিনের ছুটি পাবেন; সন্তান জন্মের ছয় মাসের মধ্যে তা নিতে হবে। এ ছাড়া পুরুষ কর্মীরা এক বছরের কম বয়সি শিশুকে প্রি-অ্যাডপশন ফস্টার কেয়ারে নিলে বা বৈধভাবে দত্তক নিলে ছয় মাসের মধ্যে ১৪ দিনের ছুটি নিতে পারবেন। সে ক্ষেত্রে CARA, SARA বা স্বীকৃত সংস্থার অনুমোদনসহ দত্তকের বৈধতা ও আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার নথি জমা দিতে হবে। ফস্টার কেয়ারের পর বৈধ দত্তক প্রক্রিয়া সম্পূর্ণ না হলে, নেওয়া ছুটি কর্মীর অন্যান্য উপলব্ধ ছুটি থেকে সমন্বয় করা হবে। ইচ্ছাকৃত বা অননুমোদিত অনুপস্থিতি কিংবা আগে অনুমোদিত বা ভোগ করা ছুটিকে পূর্ববর্তী তারিখ থেকে পিতৃত্বকালীন ছুটিতে রূপান্তর করা যাবে না।
