Sealdah Station: গেদে থেকে পেট্রাপোল, সীমান্তবর্তী রেলস্টেশনে নিরাপত্তা আঁটসাঁট, কী হল হঠাৎ?
বর্তমানে ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ। কিন্তু পণ্যবাহী ট্রেনের যাতায়াত অব্যাহত। আর সেই পণ্যবাহী ট্রেনকে ব্যবহার করে যাতে কেউ সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়তে না পারে, তা নিশ্চিত করতেই বাড়তি সতর্কতা। শুধু অনুপ্রবেশ নয়, সীমান্তবর্তী রেল ইন্টারচেঞ্জ পয়েন্টে নাশকতা, অন্তর্ঘাত কিংবা রেল পরিকাঠামোর ক্ষয়ক্ষতির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না নিরাপত্তা সংস্থাগুলি।

কলকাতা: বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতার আঁচ এবার ভারত-বাংলাদেশ সীমান্তের রেলপথে। সম্ভাব্য অনুপ্রবেশ ও নাশকতা রুখতে রেল সুরক্ষায় নজিরবিহীন সতর্কতা RPF-এর।শিয়ালদহ ডিভিশনের অধীনে ভারত-বাংলাদেশের দু’টি গুরুত্বপূর্ণ রেল ইন্টারচেঞ্জ পয়েন্ট—নদিয়ার গেদে এবং উত্তর ২৪ পরগনার বনগাঁর পেট্রাপোল। দু’টি পয়েন্টেই বাড়তি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত।
বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করা প্রতিটি পণ্যবাহী ট্রেন এখন কড়া নজরদারির আওতায়। ট্রেনের প্রতিটি বগি খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে। বাদ যাচ্ছে না পণ্যসামগ্রীর তল্লাশিও। শুধু বাংলাদেশ থেকে আসা ট্রেন নয়, ভারত থেকে বাংলাদেশগামী পণ্যবাহী ট্রেনগুলিও থাকছে নিরাপত্তার নজরদারিতে। প্রতিটি ইন্টারচেঞ্জ পয়েন্টে CCTV ক্যামেরার মাধ্যমে চলছে কড়া নজরদারি। কোনও সন্দেহজনক গতিবিধি নজরে এলেই দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি।
বর্তমানে ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ। কিন্তু পণ্যবাহী ট্রেনের যাতায়াত অব্যাহত। আর সেই পণ্যবাহী ট্রেনকে ব্যবহার করে যাতে কেউ সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়তে না পারে, তা নিশ্চিত করতেই বাড়তি সতর্কতা। শুধু অনুপ্রবেশ নয়, সীমান্তবর্তী রেল ইন্টারচেঞ্জ পয়েন্টে নাশকতা, অন্তর্ঘাত কিংবা রেল পরিকাঠামোর ক্ষয়ক্ষতির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না নিরাপত্তা সংস্থাগুলি।
নিরাপত্তার বলয় সীমাবদ্ধ থাকছে না গেদে ও পেট্রাপোলে। লালগোলা থেকে বনগাঁ পর্যন্ত সীমান্ত সংলগ্ন স্টেশনগুলিতেও বাড়ানো হয়েছে নজরদারি। শিয়ালদহ ডিভিশন সূত্রে খবর, বিভিন্ন স্টেশনে বাড়তি স্নিফার ডগ এবং ড্রোন মোতায়েন করা হয়েছে। সন্দেহজনক গতিবিধির উপর রাখা হচ্ছে বিশেষ নজর। অন্যদিকে, বাংলাদেশের অস্থির পরিস্থিতির জেরে উত্তরবঙ্গের চিকেনস নেক সংলগ্ন রেলস্টেশনগুলির নিরাপত্তা নিয়েও বাড়ছে উদ্বেগ। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রেলপথ ও স্টেশনগুলিতে নিরাপত্তা আরও আঁটসাঁট করা প্রয়োজন বলে মনে করছে GRP। কিন্তু পর্যাপ্ত বাহিনীর অভাবে নিরাপত্তা বাড়াতে গিয়ে সমস্যায় পড়ছে উত্তরবঙ্গ GRP।
সেই কারণে বাড়তি পুলিশকর্মী চেয়ে রাজ্য পুলিশের কাছে আবেদন জানানো হয়েছে। সূত্রের খবর, অতিরিক্ত বাহিনীর দাবিতে রাজ্যের স্বরাষ্ট্র দফতরকেও চিঠি পাঠানো হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশের অস্থিরতার জেরে সীমান্তবর্তী রেলপথ এখন বাড়তি নিরাপত্তার নজরে। অনুপ্রবেশের সম্ভাবনা থেকে নাশকতার আশঙ্কা—কোনও দিকই হালকাভাবে নিতে চাইছে না রেল নিরাপত্তা বাহিনী।
