AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Constipation: শীত এলেই কোষ্ঠকাঠিন্যের সমস্যা? ভুলেও অবহেলা করবেন না! কী বলছেন চিকিৎসক?

কোষ্ঠকাঠিন্য (Constipation) শীতকালে যেন আরও জাঁকিয়ে বসে। ঠান্ডায় জল কম খাওয়া ও আলসেমির কারণে কীভাবে পেটের সমস্যা বাড়ে এবং এর থেকে বাঁচার সহজ উপায় কী, জেনে নিন বিশেষজ্ঞ চিকিৎসকের জরুরি পরামর্শ।

Constipation: শীত এলেই কোষ্ঠকাঠিন্যের সমস্যা? ভুলেও অবহেলা করবেন না! কী বলছেন চিকিৎসক?
কী বলেছেন চিকিৎসক?Image Credit: magnefic
| Updated on: Nov 25, 2026 | 3:50 PM
Share

সকালবেলা ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে বেশিক্ষণ বসে থাকতে হচ্ছে? শীত পড়তে না পড়তেই পেট পরিষ্কার না হওয়ার সমস্যায় ভোগেন অনেকেই। ভাবছেন, সামান্য ব্যাপার, ঠিক হয়ে যাবে? একদমই নয়। এই সাধারণ কোষ্ঠকাঠিন্যই (Constipation) কিন্তু বড় বিপদ ডেকে আনতে পারে। সময়মতো সাবধান না হলে এর থেকেই হতে পারে অর্শ বা পাইলসের মতো যন্ত্রণাদায়ক রোগ। কিন্তু ঠান্ডা পড়লেই কেন বাড়ে এই সমস্যা? চলুন, সহজ ভাষায় আসল কারণটা জেনে নেওয়া যাক।

শরীরের ভেতরে ঠিক কী ঘটে?

আমাদের বৃহদন্ত্রে মল যখন অনেকক্ষণ আটকে থাকে, তখন শরীর সেখান থেকে বাড়তি জল শুষে নেয়। ফলে মল একেবারে শুকিয়ে শক্ত হয়ে যায়। তখন মলত্যাগের সময় তীব্র ব্যথা বা কষ্ট হয়।

কী বলছেন চিকিৎসক?

দিল্লির শ্রী বালাজি অ্যাকশন মেডিক্যাল ইনস্টিটিউটের গ্যাস্ট্রোএন্টেরোলজি ও হেপাটোলজি বিভাগের ডিরেক্টর ডাঃ পীযূষ গুপ্তা জানাচ্ছেন, শীতকালে আমাদের রোজকার রুটিন আর খাওয়াদাওয়ার কিছু ভুলই এই সমস্যার মূলে। ঠান্ডায় আমাদের তেষ্টা কম পায়। তাই অনেকেই সারাদিনে জল খাওয়া অনেক কমিয়ে দেন। শরীরে জলের ঘাটতি হলেই মল শক্ত হতে শুরু করে।

কোন ভুলগুলো বিপদ বাড়াচ্ছে?

লেপ-কম্বলের ওম ছেড়ে শীতের সকালে অনেকেই হাঁটতে বা শরীরচর্চা করতে চান না। সারাদিন শুয়ে-বসে থাকলে অন্ত্রের স্বাভাবিক নড়াচড়া কমে যায়। ফলে খাবার ঠিকমতো হজম হতে চায় না। তার ওপর শীতের দুপুরে বা সন্ধ্যায় গরম গরম তেলেভাজা, লুচি-পরোটা খাওয়ার লোভ সামলানো দায়!

পাত থেকে ফাইবারযুক্ত ফল, সবুজ শাকসবজি আর কাঁচা স্যালাড বাদ পড়লেই পেটে গ্যাস, পেট ফাঁপা ও ভারী ভাব শুরু হয়। অনেকেই আবার শীতের সকালে আলসেমি করে বাথরুমে যাওয়ার বেগ চেপে রাখেন। এই অভ্যাস শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।

সুস্থ থাকার সহজ উপায় কী?

পেট পরিষ্কার রাখতে হলে তেষ্টা না পেলেও নিয়ম করে পর্যাপ্ত জল খান। রোজকার খাবারে রাখুন মরসুমি ফল ও শাকসবজি। প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন। সকালের বাথরুমে যাওয়ার রুটিন কোনওভাবেই বদলাবেন না।

তবে সব নিয়ম মানার পরেও যদি দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থাকে, তবে অবহেলা করবেন না। মলের সঙ্গে রক্ত পড়লে, হঠাৎ ওজন কমে গেলে বা পেটে তীব্র ব্যথা হলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

Follow Us