
নয়াদিল্লি: বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য জমি দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার। গত কয়েকমাস ধরেই এই অভিযোগ তুলে সরব বিজেপি। অনুপ্রবেশ ইস্যুতে লাগাতার রাজ্যের শাসকদলকে নিশানা করে চলেছেন বিজেপি নেতারা। এবার সীমান্তে কাঁটাতার বসানোর নিয়ে পাল্টা কেন্দ্রকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশ ইস্যুতে পাল্টা অমিত শাহর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে কাঠগড়ায় তুললেন। একইসঙ্গে বলে দিলেন, “কেন্দ্র টাকা দিয়ে দিক, সীমান্তে আমরা ফেন্সিং করে দেব।”
মঙ্গলবার দিল্লিতে বঙ্গ ভবনে এসআইআর-এ ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পাশে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই সাংবাদিকরা মমতার কাছে জানতে চান, ৩১ মার্চের মধ্যে সীমান্তে ফেন্সিংয়ের জন্য জমি দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, এই নিয়ে রাজ্য সরকার কী পদক্ষেপ করতে চলেছে?
সীমান্তে কাঁটাতার বসাতে কেন্দ্রকে জমি দেওয়া নিয়ে প্রশ্নের জবাবে মমতা বলেন, “আমরা অনেক জমি দিয়েছি। শুধু সীমান্তের জন্য নয়। কয়লা সেক্টর, অয়েল সেক্টরের জন্য জমি দেওয়া হয়েছে। এসএসবি, সিআরপিএফ, সিআইএসএফ এবং রেলের জন্য দেওয়া হয়েছে জমি। ফলে সমস্ত জমি এখনই আমি দিতে পারি না। আর পুরো সীমান্তের জন্য কেন তারা ভোটের আগেই এই ইস্যু তুলছে জানেন?”
এরপরই তিনি বলেন, “আগে একটা নিয়ম ছিল, সীমান্তের ১৫ কিমি ভেতর পর্যন্ত বিএসএফ ঢুকতে পারত। এখন বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেটা ৫০ কিমি করে দিয়েছেন। গ্রামে ঢুকে হেনস্থা করে। ভয় দেখায়। গুলি চালায়। সীমান্ত ফেন্সিংয়ের দায়িত্ব আমাদের দিয়ে দেওয়া হোক, আমরা করে দেব। টাকা ওরা দিয়ে দিক। আমরা ফেন্সিং করে দেব। তবে ৫০ কিমির বদলে বিএসএফ যেন ১৫ কিমি ভেতরে আসতে পারে। যেটা আগে ছিল।”
SIR প্রক্রিয়া শুরু থেকেই বিজেপি দাবি করে আসছে, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে এসআইআর হচ্ছে। এদিন মমতা প্রশ্ন তোলেন, এসআইআর-এ কত অনুপ্রবেশকারী পেলেন? একইসঙ্গে অনুপ্রবেশ ইস্যুতে তাঁর বক্তব্য, সীমান্তে সুরক্ষার দায়িত্ব তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ বিএসএফ-র। রাজনীতির কারবারিরা বলছেন, অনুপ্রবেশ ইস্যুতে এবার পাল্টা কেন্দ্রের উপর চাপ বাড়ালেন মমতা।