E20 Update: সংসদে E20 নিয়ে স্পষ্ট অবস্থান জানাল কেন্দ্র, বলে দিল গাড়ির মাইলেজ কতটা কমবে?
Parliament on E20 Fuel Update: ই২০ জ্বালানির উপকারিতা নিয়েও জানান কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানান, ই২০ জ্বালানি আরও উচ্চ অক্টেন দেয়, অ্যান্টি-নক পারফরমেন্স ভালো হয়। কম্বানশন ভালো করে, গাড়ির অ্যাক্সিলারেশনও ভালো হয়। কেন্দ্র জানিয়েছে, বিগত সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে ই১৫ পেট্রোল (E15 petrol) ব্যবহার করা হচ্ছে।

নয়া দিল্লি: ইথানল মিশ্রিত পেট্রোল নিয়ে তুমুল বিতর্ক। অনেকেরই দাবি, ই২০ (E20) ব্যবহার করায় গাড়ি-বাইকের ক্ষতি হচ্ছে। ইঞ্জিনে মরচে পড়ছে বা মাইলেজ কমে যাচ্ছে। সত্যিই কি ই২০-তে গাড়ির ক্ষতি হয়?
কী বলছে কেন্দ্র?
ই২০ (E20) নিয়ে বিতর্কের আবহে কেন্দ্রীয় সরকার সংসদে জানিয়েছে যে ইথানল (Ethanol) মিশ্রিত পেট্রোল ব্যবহারে গাড়ির বিশেষ কিছু ক্ষতি হয় না। তবে গাড়ির মাইলেজ সামান্য় কমে যায়। কতটা কমে মাইলেজ? কেন্দ্র জানিয়েছে, পুরনো গাড়ির ক্ষেত্রে, যেগুলি ই১০ (E10) জ্বালানির জন্য তৈরি করা হয়েছিল, সেগুলিতে ই২০ ব্যবহার করায় মাইলেজ তিন থেকে পাঁচ শতাংশ কমে যায়।
বুধবার সংসদে কেন্দ্র জানায়, ই২০ ব্যবহারে গাড়ির ইঞ্জিনে বড়সড় কোনও ক্ষতি হওয়ার প্রমাণ মেলেনি। ইথানল মিশ্রিত এই জ্বালানি ব্যবহারের জেরে গাড়ির ব্রেকডাউনের মতো কোনও ঘটনাও ঘটেনি।
কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপী রাজ্যসভায় লিখিত জবাবে জানান যে গাড়ির জ্বালানি ক্ষমতা একাধিক বিষয়ের উপরে নির্ভর করে যেমন গাড়ি চালানোর ধরন, গাড়ির রক্ষণাবেক্ষণ, টায়ারের প্রেশার, এয়ার কন্ডিশনিং লোড ইত্যাদি। ইথানল মিশ্রিত জ্বালানি ব্যবহারে পুরনো ই-১০ গাড়িতে সাধারণত ন্যূনতম (৩-৫ শতাংশ) মাইলেজ ড্রপ হয়।
ই২০ জ্বালানির উপকারিতা নিয়েও জানান কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানান, ই২০ জ্বালানি আরও উচ্চ অক্টেন দেয়, অ্যান্টি-নক পারফরমেন্স ভালো হয়। কম্বানশন ভালো করে, গাড়ির অ্যাক্সিলারেশনও ভালো হয়।
কেন্দ্র জানিয়েছে, বিগত সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে ই১৫ পেট্রোল (E15 petrol) ব্যবহার করা হচ্ছে। ই১৯ ও ই২০ জ্বালানি বিগত আড়াই বছর ধরে ব্যবহার করা হচ্ছে।
