INDIA জোটের বৈঠকে থাকবেন না অখিলেশ! পথে নামার আগেই হাত ছাড়ছে শরিকরা?
INDIA Bloc Meeting: কমিশন বিরোধী আন্দোলনে শামিল হওয়ার আবেদন জানিয়ে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরীবালের সঙ্গে বৈঠক করেছেন সিপিএমের সাধারণ সম্পাদক এমএ বেবি। ইন্ডিয়া জোটের বৈঠকে আপ সামিল হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

নয়া দিল্লি: জোট বাঁধন তৈরি হবে কি, তার আগেই ভাঙন! ৩০ সেপ্টেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ইন্ডিয়া জোটের বৈঠকে থাকবেন না অখিলেশ যাদব। তবে কি ইন্ডিয়া জোট নতুন করে শক্তিশালী হওয়ার আগে ভাঙন ধরছে?
উত্তর প্রদেশ নির্বাচনের আগে কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রাখতেই অখিলেশের অনুপস্থিতি কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে। যদিও সমাজবাদী পার্টির দাবি, উত্তর প্রদেশের ১০ আসনে রাজ্যসভা ভোটের প্রস্তুতিতে ব্যস্ত অখিলেশ যাদব। বৈঠকে তাঁর পরিবর্তে পার্টির কোনও সিনিয়র নেতাকে পাঠাবেন অখিলেশ।
এদিকে, কমিশন বিরোধী আন্দোলনে শামিল হওয়ার আবেদন জানিয়ে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরীবালের সঙ্গে বৈঠক করেছেন সিপিএমের সাধারণ সম্পাদক এমএ বেবি। ইন্ডিয়া জোটের বৈঠকে আপ সামিল হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে দিল্লির আসন ভাগাভাগি এবং তারপরে বিধানসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা নিয়েই দুই দলের মধ্যে দূরত্ব বেড়েছে। আম আদমি পার্টি ইন্ডিয়া জোটের অংশ থাকবে না বলেই জানিয়েছিল।
অন্যদিকে, পঞ্জাব বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে ইন্ডিয়া জোটের বৈঠকে এক টেবিলে আপের মুখোমুখি বসার ক্ষেত্রে অনীহা রয়েছে কংগ্রেসেরও। প্রসঙ্গত, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দলীয় কর্মসূচি এবং বিরোধী জোটে অবস্থান কী হবে, তা ঠিক করতে আগামীকাল, ২৯ সেপ্টেম্বর বৈঠকে বসছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। তার পরেরদিন ইন্ডিয়া জোট বৈঠকে বসবে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই বৈঠকে যোগ দেবেন।
