India-USA Trade Deal: ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে বড় খবর, কী আপডেট দিলেন পীযূষ গয়াল?
India-US trade pact: ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভারত ও আমেরিকা একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির কাঠামো ঘোষণা করেছিল। তবে এখনও পর্যন্ত সেই চুক্তি কার্যকর হয়নি।

নয়া দিল্লি: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে বিরাট ঘোষণা। অবশেষে সব জল্পনার অবসান। চুক্তির পথেই হাঁটছে দুই দেশ। এ দিন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গয়াল জানালেন, ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির প্রথম ধাপ চূড়ান্ত হয়ে গিয়েছে। আইনি খসড়া তৈরির প্রক্রিয়া চলছে। শীঘ্রই এই প্রক্রিয়া শেষ হয়ে যাবে বলেই আশা করছে সরকার।
এ দিন নয়া দিল্লিতে একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল বলেন, “আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির প্রথম ধাপ চূড়ান্ত হয়ে গিয়েছে এবং এখন চুক্তির শেষ পর্যায়ের বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। আইনি খসড়া তৈরির কাজ চলছে। আশা করছি, খুব শীঘ্রই এই প্রক্রিয়া চূড়ান্ত করতে পারব। এরপর আমাদের প্রতিযোগী দেশগুলির তুলনায় প্রতিযোগিতামূলক সুবিধা নিশ্চিত করে চুক্তিটি কার্যকর করা হবে।”
প্রসঙ্গত, ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভারত ও আমেরিকা একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির কাঠামো ঘোষণা করেছিল। তবে এখনও পর্যন্ত সেই চুক্তি কার্যকর হয়নি।
এর আগে পীযূষ গয়াল জানিয়েছিলেন, চুক্তির চূড়ান্ত রূপ দেওয়ার সময় বিশ্ব পরিস্থিতির পরিবর্তনগুলিও বিবেচনায় রাখতে হবে। গত ১৪ অক্টোবর ভারত-আমেরিকা সম্পর্ক নিয়ে তিনি বলেছিলেন, দুই দেশের সম্পর্ক ‘খুব ভালো’। বাণিজ্য চুক্তি চূড়ান্ত হতে দেরি হলেও দ্বিপাক্ষিক সম্পর্কে কোনও সমস্যা দেখছেন না তিনি।
বাণিজ্যমন্ত্রী বারবার জানিয়েছেন, আমেরিকার বাজারে ভারতীয় রফতানিকারীদের প্রতিযোগিতামূলক সুবিধা নিশ্চিত করা জরুরি। সেই বিষয়টি মাথায় রেখেই চুক্তি কার্যকর করার আগে প্রয়োজনীয় পদক্ষেপ করতে চায় ভারত।
ডিসেম্বরেই ভারত-ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য চুক্তি?
ভারত-আমেরিকা চুক্তির পাশাপাশি ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (EU) মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন পীযূষ গয়াল। তিনি জানিয়েছেন, ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) আগামী ডিসেম্বর মাসে স্বাক্ষরিত হতে পারে। এরপর আগামী বছরের ফেব্রুয়ারি বা মার্চ মাসে চুক্তিটি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারত এবং ২৭টি সদস্য দেশের ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এই বাণিজ্য চুক্তির আলোচনা শেষ হওয়ার কথা চলতি বছরের শুরুতেই ঘোষণা করা হয়েছিল। এই চুক্তির ফলে দুই পক্ষের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, ভারতীয় ও ইউরোপীয় ব্যবসায়ীরা একে অপরের বাজারে আরও বেশি সুযোগ পেতে পারেন।
