Indigo Ticket Price : আজ থেকেই ভাড়া বাড়ল ইন্ডিগো বিমানের, টিকিট বুকিংয়ে কত অতিরিক্ত টাকা গুনতে হবে?
Indigo Ticket Price Rise : জ্বালানির দাম বৃদ্ধির ফলে বিমানের ভাড়াও যে বাড়বে তা আগেই আশঙ্কা করা হয়েছিল। সেই আশঙ্কা সত্যি করে ইন্ডিগোর বিমানের ভাড়া বাড়ল অনেকটাই। দেশীয় বিমানের ক্ষেত্রে কিলোমিটার প্রতি ফুয়েল চার্জ বৃদ্ধি করা হয়েছে। অতিরিক্ত প্রায় ১ হাজার টাকা পর্যন্ত গুনতে হবে। আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে সেই সংখ্যাটা ১০ হাজার টাকা।

নয়াদিল্লি : আজ থেকে ভাড়া বাড়ল ইন্ডিগোর বিমানের। জ্বালানি সঙ্কটের জেরে জেট ফুয়েলের দাম বৃদ্ধি পেয়েছে। তার জেরে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিগো বিমান সংস্থা। দেশীয় ও আন্তর্জাতিক দুই রুটেই বিমানের নতুন ভাড়া ঘোষণা করল ইন্ডিগো। কিলোমিটার পিছু ভাড়া বাড়ানো হয়েছে। আজ থেকেই নতুন ভাড়া কার্যকর হচ্ছে। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি হয়েছে। গ্যাসের দাম বেড়েছে। প্রিমিয়াম পেট্রোলেরও দামও বৃদ্ধি করা হয়েছে। তার মধ্যেই বিমানের জ্বালানির দামও বৃদ্ধি করা হয়েছে সম্প্রতি। প্রায় ১৩০ শতাংশ দাম বৃদ্ধি পেয়েছে জেট ফুয়েলের।
জ্বালানির দাম বৃদ্ধির ফলে বিমানের ভাড়াও যে বাড়বে তা আগেই আশঙ্কা করা হয়েছিল। সেই আশঙ্কা সত্যি করে ইন্ডিগোর বিমানের ভাড়া বাড়ল অনেকটাই। দেশীয় বিমানের ক্ষেত্রে কিলোমিটার প্রতি ফুয়েল চার্জ বৃদ্ধি করা হয়েছে। দেশীয় বিমানের ক্ষেত্রে কোন দূরত্বে কত অতিরিক্ত টাকা গুনতে হবে, দেখে নেওয়া যাক
দেশীয় বিমানে দূরত্ব অনুযায়ী নতুন ফুয়েল চার্জ
- ০ – ৫০০ কিমি: ২৭৫ টাকা
- ৫০১ – ১০০০ কিমি: ৪০০ টাকা
- ১০০১ – ১৫০০ কিমি: ৬০০ টাকা
- ১৫০১ – ২০০০ কিমি: ৮০০ টাকা
- ২০০০ কিমির বেশি দূরত্ব : ৯৫০ টাকা
বিমানের টিকিটের সঙ্গে কিলোমিটার অনুযায়ী এই অতিরিক্তি টাকা গুনতে হবে।
আন্তর্জাতিক বিমানে দূরত্ব অনুযায়ী নতুন ফুয়েল চার্জ
বিদেশ ভ্রমণের ক্ষেত্রে খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে গত ৩০ দিনে এটিএফ দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে।
- যুক্তরাজ্য ও ইউরোপ: প্রতি সেক্টরে অতিরিক্ত ১০ হাজার টাকা দাম বৃদ্ধি পেয়েছে
- উপসাগরীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্য: ৩ হাজার থেকে ৫ হাজার দাম বৃদ্ধি
- দক্ষিণ-পূর্ব এশিয়া ও চিন: দাম বৃদ্ধি পেয়েছে ৩৫০০ থেকে ৫ হাজার পর্যন্ত
- আফ্রিকা: প্রতি সেক্টরে ৫ হাজার দাম বৃদ্ধি
এর আগে মার্চ মাসেও ইন্ডিগো নতুন বুকিংয়ে সারচার্জ চালু করেছিল। দেশীয় বিমানের ক্ষেত্রে ৪২৫ টাকা ফুয়েল চার্জ বৃদ্ধি করা হয়। পশ্চিম এশিয়ার ক্ষেত্রে ৯০০ টাকা, দক্ষিণ-পূর্ব এশিয়া, চিন ও আফ্রিকায় ১হাজার ৮০০ টাকা ও ইউরোপের ক্ষেত্রে ২৩০০ টাকা পর্যন্ত ফুয়েল চার্জ বৃদ্ধি করা হয়।
ইন্ডিগো জানিয়েছে, জ্বালানির খরচ সাধারণত তাদের মোট অপারেশনাল ব্যয়ের প্রায় ৪০ শতাংশ। বর্তমানে সেই খরচ এতটাই বেড়ে গিয়েছে যে তাদের পক্ষে তা বহন করা সম্ভব নয়। তবে দেশীয় জ্বালানির ক্ষেত্রে সরকার যদি যথাসময়ে হস্তক্ষেপ না করত তাহলে সাধারণ মানুষের জন্য বিমান ভ্রমণ কার্যত অসম্ভব হয়ে যেত। এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিমানসংস্থা।
