AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Teen Kidney Disease: ১২৫০০ গুণ বেশি পারদ! অনলাইনে কেনা ফেয়ারনেস ক্রিম ব্যবহার করে যা হল কিশোরীর… 

Mercury-Laced Fairness Cream: কিশোরীর অভিযোগ, শারীরিক সমস্যা দেখা দেওয়ার পর সে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিল। প্রথমে সংস্থার তরফে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর আশ্বাস দেওয়া হয়। পরে তার মেসেজের উত্তর দেওয়া বন্ধ করে দেওয়া হয়। সংস্থার কাছ থেকে কোনও সন্তোষজনক প্রতিক্রিয়া পায়নি সে।

Teen Kidney Disease: ১২৫০০ গুণ বেশি পারদ! অনলাইনে কেনা ফেয়ারনেস ক্রিম ব্যবহার করে যা হল কিশোরীর... 
প্রতীকী ছবিImage Credit: NEWS9
| Updated on: Nov 22, 2026 | 5:40 PM
Share

তিরুবনন্তপুরম: সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা ‘গুণগান’ করেছিলেন। আর তাতেই প্রভাবিত হয়ে অনলাইনে অর্ডার দিয়ে ক্রিম কিনেছিল। আর সেই ক্রিম ব্যবহার করে গুরুতর কিডনির রোগে আক্রান্ত হল কেরলের ১৭ বছরের এক কিশোরী। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেছেন, ক্রিমটিতে বিপজ্জনক মাত্রায় পারদ (Mercury) রয়েছে।

প্রায় এক বছর ধরে ওই ক্রিম ব্যবহার করছিল কিশোরী। ইনস্টাগ্রামে একাধিক ভিডিয়োতে দাবি করা হয়েছিল, এই ক্রিম ব্যবহার করলে ব্রণ, কালো দাগ এবং ত্বকের পিগমেন্টেশন দূর হয়ে যাবে। সেই ভিডিয়ো দেখেই ক্রিমটি কেনার সিদ্ধান্ত নেয় সে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া একটি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ক্রিমের অর্ডার দিয়েছিল কিশোরী। প্রথম দিকে ত্বকের উন্নতি লক্ষ্য করে নিয়মিত ক্রিমটি ব্যবহার করতে থাকে সে। কিন্তু কয়েক মাস পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।

হঠাৎই রক্তচাপ কমে যাওয়া, বারবার অজ্ঞান হয়ে যাওয়া এবং পায়ে মারাত্মক ফোলা ভাব দেখা দেয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, পায়ের ফোলার কারণে হাঁটাচলা করা, এমনকী সিঁড়ি দিয়ে ওঠানামা করতেও সমস্যা হচ্ছিল তার। শেষ পর্যন্ত পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য মালাপ্পুরমের এক হাসপাতালে নিয়ে যান।

ক্রিমে বিপজ্জনক মাত্রায় পারদের সন্ধান-

কিশোরীর চিকিৎসার দায়িত্বে থাকা নেফ্রোলজিস্ট গৌরী এস সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, বিভিন্ন মেডিক্যাল পরীক্ষায় ওই কিশোরীর রক্ত ও শরীরে বিপজ্জনক মাত্রায় পারদের উপস্থিতি পাওয়া গিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, কিশোরী ‘মেমব্রেনাস নেফ্রোপ্যাথি’ নামে গুরুতর কিডনির রোগে আক্রান্ত হয়েছে। এই রোগে কিডনির বর্জ্য পদার্থ পরিশোধনের ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়। গৌরীর কথায়, “পারদ কিডনির ছাঁকনির মতো কাজ করা সূক্ষ্ম অংশগুলিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।”

ক্রিমটি পরীক্ষা করে দেখা গিয়েছে, তাতে পারদের পরিমাণ প্রতি মিলিয়নে ১২,৫০০ ভাগ (১২,৫০০ PPM)। অথচ অনুমোদিত মাত্রা প্রতি মিলিয়নে এক ভাগেরও কম। চিকিৎসক পিটিআইকে জানিয়েছেন, পরীক্ষার ফলাফল থেকে স্পষ্ট, ওই প্রসাধনীতে থাকা পারদের সংস্পর্শে আসার কারণেই কিশোরী কিডনির অসুখে আক্রান্ত হয়েছে।

সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে পরিবার-

চিকিৎসক গৌরী এস সাধারণ মানুষকে এমন প্রসাধনী ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন, যেগুলি ব্যবহারে রাতারাতি ফল পাওয়া যাবে কিংবা দ্রুত ত্বকের রং বদলে যাবে বলে দাবি করা হয়। ত্বকের কোনও সমস্যা থাকলে অনলাইনে প্রচারিত পণ্যের উপর নির্ভর না করে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার কথা বলেছেন তিনি।

ওই কিশোরীর অভিযোগ, শারীরিক সমস্যা দেখা দেওয়ার পর সে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিল। প্রথমে সংস্থার তরফে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর আশ্বাস দেওয়া হয়। পরে তার মেসেজের উত্তর দেওয়া বন্ধ করে দেওয়া হয়। সংস্থার কাছ থেকে কোনও সন্তোষজনক প্রতিক্রিয়া পায়নি সে। এবার ওই সংস্থার বিরুদ্ধে ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিশোরীর পরিবার। তবে আইনি পদক্ষেপের প্রস্তুতি চলায় আপাতত ক্রিমটির নাম প্রকাশ্যে আনতে চায়নি তারা।

Follow Us