PM Modi: ‘সেবা করার স্বপ্ন নিয়েই বেঁচে আছি’, বললেন মোদী
PM Narendra Modi in Varanasi: ‘আপনার দক্ষতা, আপনার পরিচয়’—এই ভাবনাকে সামনে রেখে মহিলা কর্মীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁদের কাজের ধরন এবং কাজ করতে গিয়ে কী কী সমস্যার মুখে পড়তে হয়, সে বিষয়েও বিস্তারিত খোঁজখবর নেন তিনি। কারখানায় কী ধরনের পোশাক তৈরি হবে, খাদি দিয়ে তৈরি পোশাক-সহ বিভিন্ন পণ্যের বিষয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেন মোদী।

বারাণসী: ২০৪৭ সালে ভারতকে বিকশিত করাই লক্ষ্য। সেই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তিনি থামবেন না। ক্লান্ত হবেন না। কয়েকদিন আগে প্রশাসনিক প্রধান হিসেবে তাঁর ২৫ বছর পূর্ণ হওয়ার পর বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার নিজের স্বপ্নের কথা জানালেন। বললেন, মানুষের সেবা করার স্বপ্ন নিয়েই বেঁচে রয়েছেন তিনি। রবিবার বারাণসীর খোচওয়ান এলাকায় একটি পোশাক তৈরির কারখানার উদ্বোধন অনুষ্ঠানে মহিলা কর্মীদের সঙ্গে আলাপচারিতায় এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
আলাপচারিতার সময় এক মহিলা কর্মী প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, “আপনি যখন আমার বয়সী ছিলেন, তখন আপনার স্বপ্ন কী ছিল?” উত্তরে প্রধানমন্ত্রী বলেন, “আমার স্বপ্ন? আপনাদের সেবা করা। ব্যস, এই ছোট স্বপ্ন। আগেও এই সেবা করার স্বপ্ন ছিল। ওই স্বপ্ন নিয়ে বেঁচে রয়েছি।”
গতকাল মোদী আরও বলেন, “বারাণসীতে তৈরি পোশাক সারা বিশ্বে পাঠানো হবে।” বারাণসীতে অরবিন্দ লিমিটেডের পোশাক তৈরির কারখানা মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সমাজমাধ্যম এক্স-এ তিনি লেখেন, “বারাণসীতে অরবিন্দ লিমিটেডের পোশাক তৈরির কারখানার অন্যতম সেরা দিক হল, এটি মহিলাদের ক্ষমতায়নকে আরও শক্তিশালী করবে।” খোচওয়ানে এই কারখানা গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান আর এক মহিলা কর্মীও।
‘আপনার দক্ষতা, আপনার পরিচয়’—এই ভাবনাকে সামনে রেখে মহিলা কর্মীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁদের কাজের ধরন এবং কাজ করতে গিয়ে কী কী সমস্যার মুখে পড়তে হয়, সে বিষয়েও বিস্তারিত খোঁজখবর নেন তিনি। কারখানায় কী ধরনের পোশাক তৈরি হবে, খাদি দিয়ে তৈরি পোশাক-সহ বিভিন্ন পণ্যের বিষয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেন মোদী।
From Varanasi to the world! https://t.co/llTOlnbU75
— Narendra Modi (@narendramodi) October 25, 2026
এর আগে বারাণসীর মির্জামুরাদের খোচওয়ান এলাকায় অরবিন্দ লিমিটেডের (অরবিন্দ মিলস) ১৫০ কোটি টাকার পোশাক তৈরির কারখানার উদ্বোধন করেন মোদী। অরবিন্দ লিমিটেডের তৈরি পণ্যের প্রদর্শনীও ঘুরে দেখেন তিনি।
উত্তর প্রদেশ সরকারের একটি বিবৃতিতে জানানো হয়েছে, এই শিল্পকেন্দ্রের হাত ধরে শুধু স্থানীয় এলাকাতেই নয়, গোটা পূর্বাঞ্চল বা পূর্বাঞ্চলীয় উত্তর প্রদেশের হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। স্থানীয় মহিলাদের নিয়োগের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ৩০০-রও বেশি মহিলাকে নিয়োগ করা হয়েছে এবং তাঁরা বর্তমানে কারখানায় প্রশিক্ষণ নিচ্ছেন। এই উদ্যোগের ফলে বস্ত্র ও পোশাক উৎপাদন শিল্পের পরিকাঠামো আরও শক্তিশালী হবে।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, উদ্বোধনের পর দু’টি পর্যায়ে কারখানাটির উৎপাদন ক্ষমতা বাড়ানো হবে। এর ফলে আগামী দিনে হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বারাণসীর এই নতুন কারখানায় স্পোর্টসওয়্যার এবং অন্তর্বাস-সহ বিভিন্ন ধরনের পোশাক তৈরি হবে। একাধিক বড় বহুজাতিক সংস্থার ব্র্যান্ডের জন্যও এখানে পণ্য উৎপাদন করা হবে।
