Yogi Adityanath: কংগ্রেস জঙ্গিদের বিরিয়ানি খাওয়াত, আর গরিবদের না খাইয়ে মারত: যোগী আদিত্যনাথ
Yogi Adityanath: দ্য় গার্ডিয়ানের রিপোর্টের কথা তুলে ধরে যোগী আদিত্যনাথ বলেন, 'একদিকে গার্ডিয়ানের রিপোর্ট দেখুন, যেখানে বলা হচ্ছে পাকিস্তানে ঢুকে জঙ্গিদের বেছে বেছে নিকেশ করা হচ্ছে। অন্যদিকে কংগ্রেস তাদের সরকারের জমানায় এই সন্ত্রাসবাদীদের বিরিয়ানি খাওয়াত।' যোগীর কথায়, 'কংগ্রেস গরিবদের না খেতে দিয়ে মারত, আর সন্ত্রাসবাদীদের বিরিয়ানা খাওয়াত।'

উত্তর প্রদেশ: সন্ত্রাসবাদ দমন ইস্যুতে এবার কংগ্রেসকে তুলোধনা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। লোকসভা ভোটের আগে এক নির্বাচনী প্রচার সভায় কংগ্রেস জমানার সঙ্গে মোদী জমানার কী ফারাক, সে কথা তুলে ধরেন তিনি। সেই সময়েই উঠে আসে সন্ত্রাসবাদের ইস্যুতে কংগ্রেস জমানায় কী ধরনের চিন্তা-ভাবনা ছিল, আর এখন কতটা বদল এসেছে। দ্য় গার্ডিয়ানের রিপোর্টের কথা তুলে ধরে যোগী আদিত্যনাথ বলেন, ‘একদিকে গার্ডিয়ানের রিপোর্ট দেখুন, যেখানে বলা হচ্ছে পাকিস্তানে ঢুকে জঙ্গিদের বেছে বেছে নিকেশ করা হচ্ছে। অন্যদিকে কংগ্রেস তাদের সরকারের জমানায় এই সন্ত্রাসবাদীদের বিরিয়ানি খাওয়াত।’ যোগীর কথায়, ‘কংগ্রেস গরিবদের না খেতে দিয়ে মারত, আর সন্ত্রাসবাদীদের বিরিয়ানা খাওয়াত।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বিশ্ব আঙিনায় কীভাবে ভারতের সম্মান পুনরায় ফিরে এসেছে, সে কথাও তুলে ধরেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। যোগী আদিত্যনাথ এদিন বলেন, ‘মোদীজির নেতৃত্বে গোটা বিশ্বের কাছে ভারতের সম্মান বে়ড়েছে। এখন ভারতে কেউ সন্ত্রাসবাদ, নকশালবাদকে প্রশ্রয় দিতে পারবে না। অন্যদিকে কংগ্রেস লোকেরা চুপচাপ বসে থাকতেন, কিছুই করতে পারতেন না।’
যোগীর কথায়, এটাই হল নতুন ভারত। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বললেন, ‘আজকের দিনে যে কোনও ভারতীয় বিশ্বের যে কোনও প্রান্তে গেলে তিনি যোগ্য সম্মান পান। দেশের সীমানা এখন সুরক্ষিত। নকশালবাদ, উগ্রবাদের দিন শেষ হয়েছে।’ কংগ্রেস জমানায় গরিবদের অভুক্ত রাখার অভিযোগ তুলে যোগী বর্তমান মোদী জমানার সুফলও বোঝালেন। মোদী সরকারের আমলে গত চার বছর ধরে যে দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্য রেশন দেওয়া হচ্ছে, সেকথাও মনে করালেন যোগী। তাঁর আশ্বাস, আগামী পাঁচ বছর ধরেও এই পরিষেবা পাওয়া যাবে।
