AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cliff Tragedy: ছেলেকে বাঁচানোর চেষ্টা, পাহাড়ের কিনারা থেকে পড়ে মৃত্যু বাবা-ছেলের; ঝাঁপ দিলেন মা-ও

Maharashtra Hill Tragedy: প্রায় তিন ঘণ্টা ধরে গ্রামবাসী এবং তাঁর মা তাঁকে বোঝানোর চেষ্টা করেন। ভবিষ্যতের কথা, বাবা-মায়ের কথা ভাবতে অনুরোধ করেন। কিন্তু কোনও কথাতেই কান দেননি ওই যুবক। নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন তিনি। প্রথমে নিচে দাঁড়িয়েই ছেলেকে বোঝাচ্ছিলেন বাবা। কিন্তু শেষ ১৫-২০ মিনিটে তিনি পাহাড়ের উপরে উঠে ছেলের কাছে পৌঁছন।

Cliff Tragedy: ছেলেকে বাঁচানোর চেষ্টা, পাহাড়ের কিনারা থেকে পড়ে মৃত্যু বাবা-ছেলের; ঝাঁপ দিলেন মা-ও
পাহাড় থেকে পড়ে যুবক ও তাঁর বাবা-মায়ের মৃত্যু হয়Image Credit: NEWS9
| Updated on: Aug 21, 2026 | 8:34 PM
Share

মুম্বই: পাহাড়ের একেবারে কিনারায় দাঁড়িয়ে ১৮ বছরের ছেলে। সরে আসার অনুরোধ করছেন বাবা-মা। তাঁদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও যুবককে বোঝানোর চেষ্টা করছেন। কেটে যায় প্রায় তিন ঘণ্টা। সবাই যত তাঁকে বোঝাচ্ছেন, তত ওই যুবক বলছিলেন, “আমি ঝাঁপ দেব।” শেষ পর্যন্ত ছেলেকে আটকাতে গিয়ে পাহাড় থেকে পড়ে গেলেন যুবক ও তাঁর বাবা। কয়েক মুহূর্তের মধ্যেই আতঙ্কিত মা-ও পাহাড় থেকে পড়ে যান। মর্মান্তিক ঘটনায় তিনজনেরই মৃত্যু হয়েছে। শুক্রবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলার খাবদা পাহাড়ে।

প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই ঘটনা পর্যটক এবং স্থানীয়দের ক্যামেরায় ধরা পড়ে। ভিডিয়োতে দেখা যায়, পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে থাকা ওই যুবককে নিরাপদ জায়গায় সরে আসার জন্য বারবার বোঝাচ্ছেন তাঁর বাবা-মা এবং স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, সকাল প্রায় ১০টা নাগাদ দেবলাই এলাকার বাসিন্দা ওই ১৮ বছরের যুবক পাহাড়ের কিনারায় গিয়ে দাঁড়ান। তিনি আত্মহত্যার হুমকি দিতে থাকেন।

প্রায় তিন ঘণ্টা ধরে গ্রামবাসী এবং তাঁর মা তাঁকে বোঝানোর চেষ্টা করেন। ভবিষ্যতের কথা, বাবা-মায়ের কথা ভাবতে অনুরোধ করেন। কিন্তু কোনও কথাতেই কান দেননি ওই যুবক। নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন তিনি। প্রথমে নিচে দাঁড়িয়েই ছেলেকে বোঝাচ্ছিলেন বাবা। কিন্তু শেষ ১৫-২০ মিনিটে তিনি পাহাড়ের উপরে উঠে ছেলের কাছে পৌঁছন।

ছেলে ক্রমাগত পাহাড়ের কিনারার দিকে এগিয়ে যেতে থাকায় তাঁকে সেখান থেকে সরিয়ে আনার চেষ্টা করেন বাবা। দুপুর প্রায় ১টা নাগাদ ছেলেকে ধরে ফেলার চেষ্টা করেন তিনি। কিন্তু সেই সময় দু’জনেই ভারসাম্য হারিয়ে পাহাড় থেকে নিচে পড়ে যান। এর কয়েক মুহূর্ত পর আতঙ্কিত মা-ও পাহাড় থেকে পড়ে যান। তিনজনেরই মৃত্যু হয়।

ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। তাঁরাও ওই যুবককে পাহাড়ের কিনারা থেকে সরে আসার জন্য বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাঁদের চেষ্টাও সফল হয়নি। সঞ্জয় যাদব নামে এক প্রত্যক্ষদর্শী জানান, বাবা-মা-সহ উপস্থিত সকলেই বারবার ওই যুবককে বোঝানোর চেষ্টা করেছিলেন। তিনি বলেন, “বাবা-মা এবং অন্যরা অনেক চেষ্টা করেছিলেন তাঁকে বোঝানোর জন্য। কিন্তু ওই যুবক কারও কথা শোনেননি। পাহাড়ের কিনারায় দাঁড়িয়েই ছিলেন। পুলিশ আধিকারিকরাও সেখানে ছিলেন।” সঞ্জয় আরও জানান, “মা বারবার ছেলেকে ঝাঁপ না দেওয়ার জন্য অনুরোধ করছিলেন।” শেষপর্যন্ত তিন জনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Follow Us