Mamata Banerjee: ‘গণতন্ত্র রক্ষায় ভূমিকা নিন’, রাষ্ট্রপতিকে আর্জি মমতার, আর কী বললেন?
Mamata Banerjee reaction over President Meeting: রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে তাঁদের ইতিবাচক আলোচনা হয়েছে বলেও দাবি করেন তিনি। মমতার কথায়, "আমরা একটি স্মারকলিপি জমা দিয়েছি।"

নয়া দিল্লি: এসআইআর (SIR) এবং ভোট চুরির অভিযোগ নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছেন বিরোধীরা। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) সঙ্গে সাক্ষাৎ করেন ইন্ডি জোটের প্রতিনিধিরা। রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিয়ে রাহুল গান্ধী জানান, তাঁদের অভিযোগের ভিত্তিতে প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি। তাঁরা সেই প্রমাণ শীঘ্রই দেবেন। একই বক্তব্য মমতারও। তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতির সঙ্গে তাঁদের ইতিবাচক কথা হয়েছে। মমতার (Mamata Banerjee) দাবি, তাঁদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন দ্রৌপদী মুর্মু। একইসঙ্গে রাষ্ট্রপতিকে মমতা জানিয়েছেন, সংবিধানের রক্ষক হিসেবে যথাযথ ভূমিকা নেওয়া উচিত। ইন্ডিয়া জোটের (INDIA Alliance) শক্তির কথাও তুলে ধরেন তিনি।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর কী বললেন মমতা?
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে তাঁদের ইতিবাচক আলোচনা হয়েছে বলেও দাবি করেন তিনি। মমতার কথায়, “আমরা একটি স্মারকলিপি জমা দিয়েছি। তাঁর কাছ থেকে আমরা ইতিবাচক মনোভাব দেখেছি। তিনি বলেছেন, বিষয়টি খতিয়ে দেখবেন। বিস্তারিত তথ্য পর্যালোচনা করবেন। তাঁর প্রমাণ প্রয়োজন। তিনি আমাদের প্রমাণ পাঠাতে বলেছেন। আমরাও জানিয়েছি, সেই প্রমাণ পাঠাব।” ‘দেশের ৬০ শতাংশের বেশি মানুষের প্রতিনিধিত্ব করি’ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর দেশের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তৃণমূল নেত্রী। তাঁর বক্তব্য, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। সংবিধানের রক্ষক হিসেবে রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও মনে করিয়ে দেন তিনি। মমতা বলেন, “দেশের মানুষ অত্যন্ত উদ্বিগ্ন। আপনি সংবিধানের রক্ষক। গণতন্ত্র যাতে বজায় থাকে, তা নিশ্চিত করতে আপনার যথাযথ ভূমিকা নেওয়া উচিত।”
এরপরই বিরোধী জোটের শক্তির কথা তুলে ধরেন তিনি। মমতার বক্তব্য, “ইন্ডিয়া জোট একসঙ্গে রয়েছে। আমরা অত্যন্ত শক্তিশালী। আমরা দেশের ৬০ শতাংশের বেশি মানুষের প্রতিনিধিত্ব করি।”
মমতার দাবি, বিরোধীদের বক্তব্য শুনে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অভিযোগের সপক্ষে তথ্যপ্রমাণ চেয়েছেন তিনি। সেই তথ্যপ্রমাণ রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী।
