AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পকেটে NIA-র আইকার্ড, লালকেল্লার বাইরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ‘অচেনা’ গাড়ি! আবার নাশকতার ছক?

ভুয়ো NIA আইকার্ড, জম্মু কাশ্মীর নাম্বার প্লেটের গাড়ি নিয়ে দীর্ঘক্ষণ লালকেল্লা সংলগ্ন পার্কিং এ দাঁড়িয়ে থেকে আতঙ্ক ছড়ালেন পুলওয়ামার এক ব্যক্তি। তাঁকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। জেরা করা হচ্ছে ধৃতকে।

পকেটে NIA-র আইকার্ড, লালকেল্লার বাইরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে 'অচেনা' গাড়ি! আবার নাশকতার ছক?
দিল্লির লালকেল্লার পাশে বিস্ফোরণস্থল।Image Credit: PTI
| Edited By: | Updated on: Feb 19, 2026 | 11:17 AM
Share

নয়া দিল্লি: রাজধানীতে আবার সন্ত্রাস আতঙ্ক। আবার লালকেল্লার সামনেই সন্ত্রাসের ছক? ভুয়ো NIA আইকার্ড, জম্মু কাশ্মীর নম্বর প্লেটের গাড়ি নিয়ে দীর্ঘক্ষণ লালকেল্লা সংলগ্ন পার্কিং লটে দাঁড়িয়েছিলেন পুলওয়ামার এক ব্যক্তি। ইতিমধ্যেই সন্দেহ ভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

আজ সকালে দিল্লিতে তীব্র আতঙ্ক ছড়ায়। দেখা যায়, দীর্ঘক্ষণ ধরে লালকেল্লা সংলগ্ন পার্কিং লটে একটি গাড়ি দাঁড়িয়ে। নম্বর প্লেট জম্মু-কাশ্মীরের। ওই ব্যক্তিকে জেরা করলে জানা যায়, তিনি কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা। তাঁর কাছ থেকে এনআইএ-র ভুয়ো আইকার্ডও উদ্ধার করা হয়।

সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। দফায় দফায় এই ব্যক্তিকে জেরা করছে দিল্লি পুলিশের স্পেশাল সেল, আইবি এবং এনআইএ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশের দাবি, ব্যক্তির নাম মুদাসির আহমেদ মীর। আপাতত তাঁর সঙ্গে সন্ত্রাসবাদের কোনও যোগ পাওয়া যায়নি। তবে আর্থিক তছরুপের অভিযোগ আছে ধৃত ব্যক্তির বিরুদ্ধে।

জানা গিয়েছে, মীরের সঙ্গে গাড়িতে কাশ্মীরের বাসিন্দা এক নাবালকও ছিল। তাঁর পরিচয় খতিয়ে দেখছে পুলিশ।

প্রসঙ্গত, গত বছরই ১০ নভেম্বর লালকেল্লার কাছে পার্কিং লটে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আইইডি বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়। আহত হন কমপক্ষে ২০ জন। ওই বিস্ফোরণের যোগ খুঁজতে গিয়ে হরিয়ানা থেকে কাশ্মীর পর্যন্ত পৌঁছয় পুলিশ-এনআইএ। পাওয়া যায় জঙ্গি যোগ। উঠে আসে হোয়াইট কলার টেররিজমের চিত্র। কীভাবে চিকিৎসকদের একটি গোষ্ঠীই দেশকে ধ্বংস করার জন্য জঙ্গি গোষ্ঠীতে পরিণত হয়েছিল, তার ভয়ঙ্কর সব ছবি সামনে আসে। জানা যায়, ভারতের মাটিতে বড়সড় নাশকতার ছক ছিল জঙ্গিদের। এখনও দিল্লির লালকেল্লা বিস্ফোরণের তদন্ত চলছে। তার মধ্যেই নয়া এই আতঙ্ক।