
নয়া দিল্লি: ২০১৪-তে ক্ষমতায় আসার পরই দেশ থেকে মাওবাদীদের নির্মূল করার শপথ নিয়েছিল মোদী সরকার। আজ প্রায় ১২ বছর পর সেই কাজ সম্ভব হয়েছে বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তবে তাতেই নিশ্চিন্ত না হয়ে, এবার ‘দিমাগি নক্সাল’ অর্থাৎ মাওবাদী চিন্তাভাবনার লোকদের চিহ্নিত করার কথা বললেন প্রধানমন্ত্রী।
শনিবার ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপনে লালকেল্লা থেকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন নিয়ে বার্তা দেন তিনি। সেই সঙ্গে উল্লেখ করেন, কিছু মানুষ দেশের উন্নয়নের গতিরোধ করতে তৎপর।
মাওবাদ সম্পর্কে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “মাওবাদ লক্ষ লক্ষ যুবকের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। অনেক মায়ের কোল খালি করেছে। কত বাবা-মায়ের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে।” কয়েক দশকের মাও দাপটের কথা উল্লেখ করে তিনি বলেন, “৪ দশক ধরে বন্দুকের নলে ভয় দেখিয়ে রেখেছিল মাওবাদীরা। সংবিধান মানেনি।”
মাও দমনে সাড়ে ৩ হাজারের বেশি পুলিশ শহিদ হয়েছেন বলে উল্লেখ করেন মোদী। তিনি বলেন, “যুদ্ধে যত সৈনিকের মৃত্যু হয়, তার থেকেও বেশি পুলিশকে প্রাণ হারাতে হয়েছে। ২০১৪ সালে আমাদের সুযোগ দিতেই ঠিক করেছিলাম, মাওবাদী নির্মূল করব। আজ মাওবাদী হিংসা শেষ হয়ে গিয়েছে। যেখানে গুলি চলত, আজ সেখানে মাওবাদী মুক্ত করে উন্নয়ন করা হচ্ছে। তবে আরও সাবধান থাকতে হবে।”
মোদীর কথায়, মাওবাদী চিন্তাভাবনার লোক বছরে পর বছর দেশের ক্ষমতায় বসেছিল। সরকারি কমিটিতে উপদেষ্টা হিসেবে থাকত, যারা বিভিন্ন নীতিকে প্রভাবিত করত। প্রধানমন্ত্রী বলেন, “অস্ত্রধারী মাওবাদী শেষ হয়েছে। কিন্তু দিমাগি নক্সালরা সুযোগের অপেক্ষায় আছে। সমাজকে ভুলপথে চালনা করার জন্য বসে আছে। এদের চিহ্নিত করে আলাদা করতে হবে।”