Parliament Session Highlights: ভারত-চিন সংঘর্ষ ইস্যুতে একজোট বিরোধী, সংসদ ত্যাগ কংগ্রেস-তৃণমূলের
Parliament Session Highlights: চলছে সংসদের শীতকালীন অধিবেশন। এদিন একাধিক ইস্যু নিয়ে রাজ্যসভা ও লোকসভার বিভিন্ন কক্ষ উত্তাল হয়ে উঠেছে।

ছবি সৌজন্যে: ANI
নয়া দিল্লি: চলছে সংসদের শীতকালীন অধিবেশন (Winter Session of Parliament)। গোটা অধিবেশন পর্বেই একাধিক ইস্যু নিয়ে উত্তাল হয়েছে সংসদের দুই কক্ষই। বারবার মুলতুবিও হয়েছে অধিবেশন। বুধবার ফের দুই কক্ষেই শুরু হয়েছে অধিবেশন। এক নজরে রাজ্যসভা ও লোকসভার বিভিন্ন ইস্যু দেখে নিন।
- এদিন প্রায় সব বিরোধী দলগুলিকে এই এক ইস্যুতে একমতে পৌঁছতে দেখা গিয়েছে। আরও ১৮ টি বিরোধী দলের সঙ্গে এদিন বৈঠকেও যোগ দেয় তৃণমূল কংগ্রেস।
- লোকসভা অধ্যক্ষ ইন্দো-চিন ইস্যুতে পুনরায় আলোচনার দাবি খারিজ করায় এদিন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর নেতৃত্বে কংগ্রেস সাংসদরা লোকসভা থেকে বেরিয়ে আসেন। পরে তাঁদের যোগদান করেন তৃণমূল কংগ্রেসের সাংসদরাও। কংগ্রেসের তরফে যুক্তি দেওয়া হয়, ১৯৬২ সালে ভারত-চিন যুদ্ধ নিয়ে লোকসভায় আলোচনা করার অনুমতি দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু।
- এদিন লোকসভায় অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে ভারত-চিন সংঘর্ষ নিয়ে আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব পেশ করেন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি। এদিকে গতকাল এই ইস্যুতে আলোচনা চেয়ে বিরোধী দলগুলি বিক্ষোভ দেখিয়েছিল। গতকালই বিবৃতি পেশ করে রাজনাথ সিং জানিয়েছিলেন, এই সংঘর্ষে কোনও ভারতীয় সেনার মৃত্যু হয়নি বা তাঁরা গুরুতর আহত হননি।
- ভারত- চিন সীমান্ত ইস্যুতে উত্তাল সংসদ অধিবেশন। ফের সীমান্তে ভারত-চিনের মধ্যে সংঘাত বেঁধেছে অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে। এই নিয়ে গতকাল সংসদে বিবৃতি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই বিষয়ে সংসদে আলোচনার দাবি জানিয়েছেলেন কংগ্রেস সহ একাধিক বিরোধী দল। কিন্তু তাঁদের এই প্রস্তাব বাতিল হয়ে যাওয়ায় সংসদের দুই কক্ষ থেকেই বেরিয়ে গেলেন বিরোধীরা।
- এদিন রাজ্যসভায় উত্তর প্রদেশের বিজেপি সাংসদ ব্রিজ লাল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে সংরক্ষণের প্রশ্ন তুলে ধরেন। তিনি রাজ্যসভায় বলেন, আজ পর্যন্ত আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে দলিত ও আর্থিকভাবে অনগ্রসর শ্রেণির জন্য ১০ শতাংশের সংরক্ষণ দেওয়া হয়নি। তিনি বলেন, ‘বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় উভয়ই ব্রিটিশ আমলে একই আইনের অধীনে স্থাপিত হয়েছে। কিন্তু সংরক্ষণের নিয়ম অনুযায়ী বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ক্য়াটাগরিকে সংরক্ষণ দিয়ে থাকে। তবে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে তা দেওয়া হচ্ছে না।’ তিনি এদিন আরও বলেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দিয়েছিলেন রাজা মহেন্দ্র প্রতাপ সিং। তিনি এদিন আলিগড় বিশ্ববিদ্যালয়ে সকল দলিত ও আর্থিকভাবে অনগ্রস জাতির সংরক্ষণের দাবি তোলেন।
