Bangladesh Election 2026 Voting Live: তারেকই বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী, গণভোটে জিতল হ্যাঁ, শুভেচ্ছা মোদী-মমতার
Bangladesh General Elections 2026 Voting Live Updates in Bengali: বাংলাদেশে মোট ৩০০ আসনে নির্বাচন। তবে নির্বাচনের কয়েকদিন আগে শেরপুর-৩ আসনের একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। ফলে ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হবে আজ। মোট ৫০টি রাজনৈতিক দল লড়ছে। নির্দল প্রার্থীদের মিলিয়ে মোট ১৭৫৫জন প্রার্থী লড়ছেন।

দীর্ঘ অপেক্ষার অবসান। আজ, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। ২০২৪ সালের অগস্ট মাসে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশ শাসনের ভার ছিল মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপরে। দীর্ঘ টালবাহানার পর অবশেষে আজ হচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একইসঙ্গে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটও হবে। নিজেদের মত দান করবেন ১২ কোটিরও বেশি মানুষ।
বাংলাদেশে মোট ৩০০ আসনে নির্বাচন। তবে নির্বাচনের কয়েকদিন আগে শেরপুর-৩ আসনের একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। ফলে ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হবে আজ। মোট ৫০টি রাজনৈতিক দল লড়ছে। নির্দল প্রার্থীদের মিলিয়ে মোট ১৭৫৫জন প্রার্থী লড়ছেন। নির্বাচনের জন্য দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।
এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না শেখ হাসিনার আওয়ামী লীগ। ভোটে প্রধান লড়াই হবে দ্বি-মুখী, বিএনপি বনাম জামায়াত-এনসিপি জোটের। ভোটের যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-
LIVE NEWS & UPDATES
-
গণভোটে জিতল ‘হ্যাঁ’
এবারের জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটও হয়েছিল। গণভোটে মোট ভোট পড়েছে ৬০.২৬ শতাংশ। ‘হ্যাঁ’-র পক্ষে ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি। আর ‘না’-তে ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ টি।
-
১৮১ আসনে জয়ী বিএনপি
বাংলাদেশের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২৯৯ সিটের মধ্যে বিএনপি ১৮১ আসনে জয়ী হয়েছে। আর কিছুক্ষণেই সব আসনের ফলাফল ঘোষণা করা হবে।
-
-
মমতার শুভেচ্ছাবার্তা
বাংলাদেশের নির্বাচনের ফলাফল নিয়ে শুভেচ্ছাবার্তা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এক্স হ্য়ান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন, “বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেকভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন। আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।”
বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক।
বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেকভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।
আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।
— Mamata Banerjee (@MamataOfficial) February 13, 2026
-
২০০ আসনে জয়ী বিএনপি
- ২৯৯টি আসনের মধ্যে বিএনপি ২০০-রও বেশি আসনে জয়ী বিএনপি।
- জামাত এগিয়ে রয়েছে ৬৯টি আসনে। জোটসঙ্গী এনসিপি জিতেছে ৪টি আসনে।
-
তারেক রহমানকে শুভেচ্ছা পাকিস্তানের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টের
- বাংলাদেশে সরকার গড়বে বিএনপি। ইতিমধ্যেই শুভেচ্ছাবার্তার ঢল নেমেছে। আগেই শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এবার শুভেচ্ছা এল পাকিস্তান থেকেও।
- তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, “বাংলাদেশের সংসদ নির্বাচনে বড় ধরনের জয় অর্জন করায় তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছি। নির্বাচন সফল করায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানাই। আমি বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই যেন আমাদের ঐতিহাসিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হয় এবং দক্ষিণ এশিয়া ও এর বাইরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের ক্ষেত্রে আমাদের অভিন্ন লক্ষ্য এগিয়ে নেওয়া যায়।”
- অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিও। তিনি বলেছেন, “পাকিস্তান বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থন করে এবং বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করতে নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা রাখছে।”
-
-
তারেককে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর
বাংলাদেশে নির্বাচনে জয়ের জন্য বিএনপি ও দলের চেয়ারম্য়ান তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপি-র নির্ণায়ক জয়ে নেতৃত্বে দেওয়ার জন্য তারেক রহমানকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের সম্পর্ককে আরও মজবুত করার এবং উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করার আশা রাখি। গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে ভারত তার সমর্থন অব্যাহত রাখবে।”
আমি বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে বিএনপিকে নির্ণায়ক বিজয়ের অভিমুখে নেতৃত্ব দেওয়ার জন্য জনাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই।
এই ফলাফল আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।
ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে তার…
— Narendra Modi (@narendramodi) February 13, 2026
-
আমেরিকার শুভেচ্ছা
ঢাকায় মার্কিন দূতাবাসের তরফে বাংলাদেশের নির্বাচনে বিএনপিকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে।
দূতাবাসের পোস্টে বলা হয়েছে, “একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করারজন্য যুক্তরাষ্ট্র আগ্রহী”।
-
হাসনাত আবদুল্লাহ কত ভোট পেলেন?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জয়ী হয়েছেন জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
তিনি পেয়েছেন এক লাখ ৬৬ হাজার ৫৮৩টি ভোট।
-
জয়ী জামায়াতের সাইফুল আলম
- ঢাকা-১২ আসনে জিতেছেন জামায়াতের প্রার্থী মো. সাইফুল আলম। এ আসনে তিনি দাঁড়িপাল্লা প্রতীকে দাঁড়িয়েছিলেন।
- মোট ৫৩ হাজার ৭৭৩ ভোট পেয়েছেন।
- বিএনপি জোটের প্রার্থী পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট।
-
জিতলেন নাহিদ
- ঢাকা-১১ আসনে জয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাহিদ ইসলাম।
- এই আসন থেকে তিনি শাপলা কলি প্রতীকে দাঁড়িয়েছিলেন। নাহিদ মোট ৯৩ হাজার ৮৭২ ভোট পেয়েছেন৷
- তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম.এ কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট। নাহিদ ইসলাম ২ হাজার ৩৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
-
দেশবাসীকে অভিনন্দন বিএনপি-র
নির্বাচনে জয়ের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ও ধন্যবাদ বিএনপির। তবে বিজয় মিছিল করবে না বিএনপি। তার বদলে মসজিদ, মন্দির ও গির্জায় প্রার্থনার অনুরোধ জানানো হয়।

-
কী বলছে ফলাফল?
- শেষ আপডেট অনুযায়ী, সরকারি হিসাবে বিএনপি ১২৮টি আসনে জয়ী হয়েছে।
- ২১০টি আসনের হিসাবে জোটসঙ্গীদের নিয়ে ১৫৭টি আসনে জয়ী হয়েছে বিএনপি।
- প্রতিপক্ষ জামাত জয়ী হয়েছে ৩০টি আসনে। ছাত্রদের দল এনসিপি জিতেছে ৪টি আসনে।
-
জয় ঘোষণা করল বিএনপি
- নির্বাচন কমিশন এখনও আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেনি। তার আগেই নিজেদের জয়ী ঘোষণা করে দিল বিএনপি।
- সোশ্যাল মাধ্যমে পোস্ট করে বিএনপি-র তরফে জানানো হয়েছে, সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ের পর বিএনপি বাংলাদেশে সরকার গড়তে চলেছে।
-
তথ্য দিচ্ছে না কমিশন
- জাতীয় সংসদ নির্বাচনে মোট কত ভোট পড়েছে, সে বিষয়ে এখনও চূড়ান্ত ঘোষণা করছে না বাংলাদেশের নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, সব আসনের ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত, ভোটার উপস্থিতির চূড়ান্ত হার প্রকাশ করা সম্ভব নয়।
- ২৯৯টি আসনের পূর্ণাঙ্গ ফল না পাওয়ায় মোট ভোটের সঠিক হিসাব দেওয়া যাবে না। সব আসনের ফল পাওয়ার পরই ভোটার উপস্থিতির শতকরা হার নির্ধারণ ও ঘোষণা করা হবে।
-
হারলেন মামুনুল হক
- ঢাকা-১৩ আসনে (মোহাম্মদপুর-আদাবর-শ্যামলী) বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে হারিয়ে বিজয়ী হয়েছেন বিএনপির ববি হাজ্জাজ। তিনি পেয়েছেন ৮৮ হাজার ৩৮৭টি ভোট।
- নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটে রিক্সা প্রতীক নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৬৭টি ভোট।
-
ভোটে কারচুপি
বিএনপি ও জামায়াতে ইসলামী একে অপরের বিরুদ্ধে কারচুপি, জালিয়াতি ও কেন্দ্র দখলসহ নানা ধরনের অনিয়মের অভিযোগ এনেছে।
-
জয়ী এনসিপির আতিকুর রহমান
- কুড়িগ্রাম-২ আসন থেকে প্রার্থী হয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির আতিকুর রহমান।
- তিনি ১ লাখ ৭৮ হাজার ৮৬৯টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
- তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সোহেল হোসনাইন কায়কোবাদ পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৩৩৫ ভোট।
-
চাঁদপুরের অধিকাংশ আসনেই জয়ী বিএনপি
- চাঁদপুর -১ আসনে বিএনপির আনম এহসানুল হক মিলন ১ লাখ ৩৩ হাজার ৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের আবু নসর মকবুল আহমদ পেয়েছেন ৭০ হাজার ৩৬৮ ভোট।
- চাঁদপুর -২ আসনে বিএনপির মহম্মদ জালালউদ্দিন ১ লাখ ৭২ হাজার ৫০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
- চাঁদপুর -৩ আসনে বিএনপির শেখ ফরিদ আহমেদ ১ লাখ ৬৫ হাজার ৪০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মহম্মদ শাহজাহান মিয়া পেয়েছেন ১ লাখ ৮৬৫ ভোট।
- চাঁদপুর -৫ আসনে ১ লাখ ২৩ হাজার ৭৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির মোহম্মদ মমিনুল হক।
- চাঁদপুর -৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নান ৭৩ হাজার ৫৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো.হারুনুর রশিদ পেয়েছেন ৬৭ হাজার ৮৩৩।
-
ভোট হিংসায় আহত কমপক্ষে ৭২
- বাংলাদেশের নির্বাচন আপাতভাবে শান্তিপূর্ণভাবে হলেও, বেশ কিছু জায়গায় অশান্তির খবর এসেছে।
- কয়েক জায়গায় ভোট কেন্দ্রে ককটেল বোমা নিক্ষেপ করা হয়েছে।
- দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, ১৪টি বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৭২ জন আহত হয়েছেন।
-
উচ্ছ্বাসে ভাসছে বিএনপি সমর্থকরা
জয় নিশ্চিত, ফল ঘোষণার আগেই তাই বাংলাদেশ জুড়ে বিএনপি-র উচ্ছ্বাস। ভোটের ফল নিশ্চিত করার পরই তারেক রহমান যখন গাড়ি নিয়ে নিজের অফিস থেকে বের হন, তখন চারপাশ থেকে ঘিরে ধরে উচ্ছ্বসিত কর্মী-সমর্থকরা।
-
বিজয় মিছিল হবে না
তারেক রহমানের নির্দেশে, আজ বাংলাদেশ জুড়ে বিশেষ প্রার্থনা হবে, বিজয় মিছিল হবে না।
-
জিততে পারলেন না সারজিস আলম
ছাত্রনেতা সারজিস আলম প্রায় ২০ হাজার ভোটে পঞ্চগড়-১ আসনে হেরেছেন।
প্রাক্তন উপদেষ্টা ছাত্রনেতা নাহিদ ইসলাম এনসিপির হয়ে ঢাকা ১১ আসন জিতেছেন।
তবে নির্বাচনে সিকিভাগও প্রভাব ফেলতে পারল না এনসিপি।
জামাতের আমির অল্প ভোটে হেরেছেন।
-
বিএনপি কত আসনে জয়ী?
বেসরকারি হিসাব অনুযায়ী, বাংলাদেশে সরকার গড়তে চলেছে বিএনপি।
আর্লি ট্রেন্ডে একক সংখ্যাগরিষ্ঠতা পার করে গিয়েছে তারেক রহমানের দল
সরকারি হিসাব অনুযায়ী, বিএনপি ১০৬ আসন জিতে গিয়েছে।
যেখানে সরকারি হিসেব অনুযায়ী জামাত এনসিপি জোট মাত্র ২৩ আসনে জয়ী। ছাত্রদের দল এনসিপি জিততে পেরেছে মাত্র ২ টি আসন।
-
ভোটের ফল
- বাংলাদেশ ত্রয়োদশ নির্বাচনে সরকারি ভাবে জয়ী বিএনপি।
- তথ্য অনুযায়ী, ১১৭ আসন জিতেছে বিএনপি। একক সংখ্যাগরিষ্ঠতা পার করতে চলেছে।
- জামাত জিতেছে ২৩ আসনে। এনসিপি ২ আসনে।
-
ফলাফল ঘোষণা দেরি করা হচ্ছে: জামায়াতের আমির
- সংসদ নির্বাচনের কয়েকটি আসনের ভোটের ফলাফল ঘোষণায় দেরি হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতের আমির শফিকুর রহমান।
- এদিন রাত পৌনে ১২টার দিকে ঢাকার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এখনও পর্যন্ত আমরা বেশ কয়েকটি আসনে এগিয়ে রয়েছি। সেখানে গণনা সম্পূর্ণ হয়েছে। কিন্তু রিটার্নিং অফিসাররা ঘোষণা করছেন না। বুঝতে পারছি না কেন?”
- বাংলাদেশের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে কয়েকটি আসনে এগিয়ে থাকার পরিসংখ্যান তুলে ধরা হলেও, তা আবার উধাও হয়ে যায় বলেই অভিযোগ তোলেন জামায়াতের আমির।
-
বিএনপির ঝুলিতে ২৫টি আসন
- এগিয়ে রয়েছে বিএনপি, ম্যাজিক ফিগার ১৫১টি।
- এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ২৫টি আসনে এগিয়ে রয়েছে বিএনপি।
- যার মধ্যে একটি আবার জিতে গিয়েছেন তারেক রহমান।
- জামায়াত এগিয়ে রয়েছে ৯টি আসনে।
- খাতা খুলতে পারেনি বাকি দলগুলি।
-
বিপুল জয় ছিনিয়ে নিলেন তারেক রহমান
- ৭৭ হাজার ভোটে বগুড়া-৬ আসনে বিপুল জয় খালেদা-পুত্র তারেক রহমানের।
- প্রায় ৭৭ হাজার ভোটে জয় লাভ করেছেন তিনি।
- বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পেয়েছেন ১ লক্ষ ৪৪ হাজার ৯১৩ ভোট।
- এই আসনে তারেকের প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের প্রার্থী মহম্মদ আবিদুর রহমান।
-
গোল দিচ্ছে বিএনপি
- ম্যাজিক ফিগার ১৫১ আসন।
- গণনার প্রথম দিকে অর্থাৎ সন্ধ্যা নাগাদ বিএনপির থেকে আসনের লড়াইয়ে এগিয়ে ছিল জামায়াত।
- কিন্তু রাত গড়াতেই ছন্দপতন! জামায়াতকে গোল দিচ্ছে বিএনপি।
- এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ২৯৯টি আসনের মধ্যে ১৪ আসনে এগিয়ে রয়েছে বিএনপি। জামায়ত এগিয়ে রয়েছে ৯টি আসনে। খাতা খুলতে পারেনি অন্যান্য ইসলামিক দল এবং জাতীয় নাগরকি পার্টি।
-
এগিয়ে তারেক রহমান
- বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে গণনা পর্ব।
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ — দু’টি আসনেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে রয়েছেন।
- বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ঢাকা-১৭ আসনে তারেক রহমান পেয়েছেন ২৭ হাজার ৯১৫টি ভোট।
- বগুড়া -৬ আসনেও বিপুল ভোটে এগিয়ে রয়েছেন খালেদা-পুত্র।
- সেখানে ১৫১টি কেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্রে ফলাফল অনুযায়ী, ১৪ হাজার ২১০টি ভোট পেয়েছেন তিনি।
-
ক্রমশ এগোচ্ছে বিএনপি
শুরু থেকে জোর টক্কর চলছিল। কিন্তু রাত যত বাড়ছে বাংলাদেশের পাল্লা ঝুঁকছে তারেক রহমানের দিকেই। প্রাথমিক ট্রেন্ড অন্তত সে কথাই বলছে। শেষ পাওয়া খবর অনুযায়ী ১৪ আসনে এগিয়ে গিয়েছে বিএনপি, ৬ আসনে এগিয়ে জামাত।
-
৬ আসনে এগিয়ে বিএনপি
বাংলাদেশের ফল প্রকাশের প্রক্রিয়া শুরু হতেই বোঝা যাচ্ছে, লড়াই এবার হাড্ডাহাড্ডি। ৬ আসনে এগিয়ে রয়েছে বিএনপি আর জামাত এগিয়ে ৪ আসনে।
-
বাংলাদেশে ‘প্রহসনের নির্বাচন’, দাবি হাসিনার
- বাংলাদেশের নির্বাচনকে ‘প্রহসন’ বলে কটাক্ষ করলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- মানুষ নির্বাচনকে ‘প্রত্য়াখ্যান’ করেছে, তাই ভোটগ্রহণের হার কম।
- যদিও ইউনূসের মতে, “বাংলাদেশের ইতিহাসে এই নির্বাচন সবচেয়ে শান্তিপূর্ণ”
-
বাংলাদেশে শুরু ভোটগণনা
- বাংলাদেশে শুরু হয়ে ভোটগণনা, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শেষ হতেই শুরু হয়ে ব্যালট গোনা।
- এই বছর সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে দেওয়া হয়েছে।
- সংসদ নির্বাচনের ব্যালট সাদা-কালো রঙের, অন্যদিকে গণভোটের ব্যালট গোলাপি রঙের।
- প্রথমে দু’টি রঙের ব্যালট পেপার আলাদা করা হবে।
- তারপর আলাদা আলাদাভাবে গণনা করা হবে।
-
৩৬ হাজার কেন্দ্রে ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ
- ৩৬ হাজার কেন্দ্রে ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ।
- বিকাল ৪টেয় আবার তথ্য প্রদান করল বাংলাদেশের নির্বাচন কমিশন।
- কমিশনের সচিব আখতার আহমেদ বললেন, “হিংসা বা অনিয়মের কিছু অভিযোগ এসেছে। এছাড়া, ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ভোট শতাংশের হার ৪৭.৯১ শতাংশ।”
-
সাড়ে চার ঘণ্টায় প্রায় ৩৩ শতাংশ ভোট: নির্বাচন কমিশন
- বাংলাদেশে তুলনামূলক ‘শান্তিপূর্ণ’ নির্বাচন
- সেদেশের নির্বাচন কমিশন জানিয়েছে, বেলা ১২টা পর্যন্ত গোটা দেশে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ
- এদিন নির্বাচন কমিশনের সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বাংলাদেশের সংবাদমাধ্যমগুলিকে বলেন, “স্বস্তির বিষয় একটাই কোনও ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত থাকেনি। কোনও ধরনের আশঙ্কাজনক পরিস্থিতিও তৈরি হয়নি।”
-
প্রথম চার ঘণ্টায় প্রায় ২০ শতাংশ ভোট পড়েছে
সিলেটের ৬টি আসনে ভোট গ্রহণ শুরুর প্রথম চার ঘণ্টায় প্রায় ২০ শতাংশ ভোট পড়েছে বলে জানানো হয়েছে।
-
গোপালগঞ্জে ককটেল বোমা
- গোপালগঞ্জ সদর উপজেলায় একটি ভোটকেন্দ্রে ভোট চলাকালীন ককটেল বোমা দিয়ে হামলার অভিযোগ। আজ, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে হামলা হয়। বোমার আঘাতে দুইজন আনসার সদস্য সহ মোট তিনজন আহত হয়েছেন।
- দুষ্কৃতীরা কেন্দ্রের বাইরে খালের ওপার থেকে ককটেল বোমা ছোড়ে। বিস্ফোরণে দুই আনসার সদস্য এবং একজন ভোটারের সঙ্গে আসা শিশু আহত হয়। বিস্ফোরণের শব্দে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের স্থানীয় ক্লিনিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
-
ভোট দিতে এলেন ইউনূস
- ঢাকার গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস।
- ভোট দেওয়ার পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি আমরা সারাদিনব্যাপী। সবাই উৎসব করি এবং নিশ্চিতভাবে গণভোট দেবেন। প্রার্থীদের ভোট গুরুত্বপূর্ণ। গণভোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে আহ্বান জানাচ্ছি, গণভোটে অংশ নেওয়ার জন্য যাতে করে নতুন বাংলাদেশ গড়তে পারি।”
- তিনি আরও বলেন, “আজ বাংলাদেশের সবার জন্য আনন্দের দিন। মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। ঈদ মোবারক।’
-
ভোট দিলেন তারেক
- বাংলাদেশে জাতীয় নির্বাচনে ভোট দিলেন বিএনপি-র চেয়ারম্যান তারেক রহমান।
- ১৭ বছর স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে গত ২৫ ডিসেম্বরই বাংলাদেশে ফিরেছেন তারেক রহমান।
- বহু বছর পর তিনি ভোট দিলেন বাংলাদেশের নির্বাচনে।
-
জামাতের বিরুদ্ধে আরও অভিযোগ
- ভোটের আগের রাতেই ভোট করানোর অভিযোগ বাংলাদেশে । ভোটকেন্দ্রে দখল করে ভোট করানোর অভিযোগ। অভিযোগের তীর জামাতের দিকে।
- বাংলাদেশের পিরোজপুর ১ আসনের জামাত প্রার্থী মাসুদ সাঈদী তাঁর লোকজন নিয়ে ভোট করান অভিযোগ উঠেছে।
- খবর পেয়ে এলাকার মানুষ ঘিরে ধরে ওই কেন্দ্র। এই ঘটনা কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় পিরোজপুরে।
-
ভোট দিলেন মির্জা ফখরুল
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
- ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি।
- ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফখরুল।
-
ভোট দিলেন নাহিদ
- ঢাকা-১১ আসনের ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ভোট দিলেন।
- বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা নাগাদ রাজধানীর বেরাইদ এলাকার এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।
-
ভোট করানোর অভিযোগ জামাতের বিরুদ্ধে
পদ্মাপাড়ে ভোট নিয়ে অশান্তি। ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই ভোট করানোর অভিযোগ।
গাজীপুর ২ আসনে বুধবার রাতে জোর করে বুথে ঢুকে ভোট করানোর অভিযোগ জামাতের বিরুদ্ধে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনা।
-
শুরু হল ভোট গ্রহণ
- বাংলাদেশে শুরু হল ভোট গ্রহণ। ইতিমধ্যেই লম্বা লাইন পড়েছে একাধিক বুথে। নির্বাচন নিয়ে সাধারণ মানুষ উচ্ছসিত।
- জাতীয় নির্বাচনের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটও হচ্ছে।
- ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হচ্ছে।
- পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে প্রবাসী, অসুস্থ, বয়স্ক ভোটারদের জন্য।
-
কখন থেকে ভোট গ্রহণ শুরু?
- বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টা থেকে। বিকেল সাড়ে ৪টে পর্যন্ত ভোটগ্রহণ হবে।
- ব্যালটে ভোট হবে বাংলাদেশে।
- ভোটগ্রহণ শেষের পরই গণনা শুরু হবে।
-
ভোট বয়কটের ডাক হাসিনার
- বাংলাদেশের জাতীয় নির্বাচনে নেই আওয়ামী লীগ। তাই ভোট বয়কটের ডাক দিলেন দলের নেত্রী শেখ হাসিনা।
- অডিয়ো বার্তায় শেখ হাসিনাকে বলতে শোনা গিয়েছে, “বুথে যাওয়ার কোনও দরকার নেই। না-তে ভোট দেওয়ার তো কোনও অপশনই নেই। তাই আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের বলছি, ভোট দেবেন না।”
-
পাবনায় ভোটের বিরোধিতায় মিছিল
- নির্বাচনের আগের রাতেই অশান্তি বাংলাদেশে। নির্বাচনের বিরোধিতা করে বিরাট মিছিল পাবনায়।
- এই নির্বাচনকে অবৈধ বলে দাবি করে মিছিল বের করা হয়।
- বেশ কয়েক জায়গায় মশাল মিছিলও বের হয়েছে।
-
নির্বাচনে নেই আওয়ামী লীগ
- এই প্রথম বাংলাদেশের নির্বাচনে অংশ নিতে পারল না শেখ হাসিনার আওয়ামী লীগ।
- নির্বাচন কমিশন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে।
- ভোট বয়কটের ডাক দিয়েছিলেন শেখ হাসিনা।
- তবে আওয়ামী লীগের অনেক কর্মী-সমর্থকই এবার ভোট দেবেন বলে জানিয়েছেন।
-
২৯৯ আসনে ভোট হবে
- বাংলাদেশে মোট ৩০০ আসনে নির্বাচন।
- তবে নির্বাচনের কয়েকদিন আগে শেরপুর-৩ আসনের একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। ফলে ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হবে আজ।
- মোট ৫০টি রাজনৈতিক দল লড়ছে। নির্দল প্রার্থীদের মিলিয়ে মোট ১৭৫৫জন প্রার্থী লড়ছেন।
Published On - Feb 12,2026 6:28 AM
