Pilot Smith Macchar: ১ লক্ষ বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ, ভারতীয় পাইলটের সুস্থতা কামনায় বিশ্বনাথ মন্দিরে হল রুদ্রাভিষেক
Kashi Vishwanath Temple: গুজরাটের সোমনাথ মন্দিরে যেমন পুজো হচ্ছে, তেমনই কাশী বিশ্বনাথ মন্দিরেও ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সুস্থতা কামনায় পুজো করা হল। ২১ জন সাধু মিলে রুদ্রাভিষেক করেন। ১১ জন মিলে ১ লক্ষ বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন।

বারাণসী: নিজের প্রাণের পরোয়া না করেই শতাধিক যাত্রীকে রক্ষা করে এখন বাস্তবের হিরো ভারতীয় পাইলট স্মিত মচ্ছর। নিজে আঘাত সহ্য করেও, রক্তাক্ত অবস্থায় শতাধিক যাত্রীকে নিয়ে সুরক্ষিতভাবে বিমান অবতরণ করান। আহত পাইলটের সুস্থতা কামনায় দেশের বড় বড় মন্দিরগুলিতে শুরু হল পুজো। জপ করা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র।
দুবাই থেকে তেল আভিভগামী বিমানটিকে মাঝ আকাশে হাইজ্যাক করে ধ্বংস করার প্ল্যান ছিল কো-পাইলটের। আকাশেই তিনি পাইলট স্মিত মচ্ছরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। তবে ভারতীয় পাইলট নিজের প্রাণের পরোয়া না করে একা হাতে লড়েন ওই আততায়ী পাইলটের সঙ্গে। বুদ্ধিমত্তা দেখিয়ে খুলে দেন ককপিটের দরজা। এরপর বিমানের ক্রু ও এক যাত্রী লড়াই করে ওই আততায়ীকে ধরে ফেলে।
পাইলট স্মিত মচ্ছরের সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছে গোটা বিশ্ব। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প- সকলেই স্মিত মচ্ছরকে হিরো আখ্যা দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁকে বাহবা দিয়েছেন। তাঁর সাহসিকতাকে সম্মান জানিয়েছেন।
গুরুতর আহত পাইলট স্মিত মচ্ছরের দ্রুত সুস্থতা কামনায় এবার দেশের মন্দিরগুলিতে শুরু হল পুজো। ইতিমধ্যেই গুজরাটের সোমনাথ মন্দিরে আয়োজিত হয়েছে বিশেষ পুজো। সেখানে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা হয়েছে।
भारतीय पायलट कैप्टन स्मित मच्छार के उत्तम स्वास्थ्य एवं दीर्घायु की मंगलकामना से श्री काशी विश्वनाथ धाम में 21 शास्त्रियों द्वारा रुद्राभिषेक कराया गया एवं 11 शास्त्रियों द्वारा 1 लाख महामृत्युंजय मंत्रों का जाप कराया जा रहा है । बाबा विश्वनाथ उन्हें शीघ्र पूर्ण स्वास्थ्य प्रदान…
— Shri Kashi Vishwanath Temple Trust (@ShriVishwanath) October 1, 2026
কাশী বিশ্বনাথ মন্দিরেও ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সুস্থতা কামনায় পুজো করা হল। ২১ জন সাধু মিলে রুদ্রাভিষেক করেন। ১১ জন মিলে ১ লক্ষ বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন। মন্দিরের তরফে পোস্ট করে বলা হয়েছে, বাবা বিশ্বনাথ যেন তাঁকে দ্রুত সুস্থ করে দেন এবং দীর্ঘায়ু দেন দেশ ও মানবতার সেবা করার জন্য।
