PM Narendra Modi: ‘এমন পরিবেশ তৈরি করুন, যাতে ভারতই হয়ে ওঠে কেরিয়ার গড়ার ঠিকানা’, জাতীয় মহাকাশ দিবসে বার্তা মোদীর
Modi on National Space Day: স্পেস স্টার্টআপগুলির প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় ভারতের মহাকাশ ক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে তাঁদের ভাবনাচিন্তা ও আত্মবিশ্বাসের প্রশংসা করেন মোদী। তাঁর মতে, শুধুমাত্র প্রচলিত ক্ষেত্রে মহাকাশ প্রযুক্তির ব্যবহার সীমাবদ্ধ রাখলে চলবে না। সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার সমাধান এবং জীবনযাত্রার মান উন্নত করার ক্ষেত্রেও এই প্রযুক্তির নতুন প্রয়োগ খুঁজতে হবে।

নয়া দিল্লি: মহাকাশ ক্ষেত্রে বিকাশে নজর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)। রবিবার জাতীয় মহাকাশ দিবসে (National Space Day) দেশের প্রথম সারির স্পেস স্টার্টআপের CEO-দের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। ভারতের মহাকাশ ক্ষেত্রে স্টার্টআপগুলির (Space Startup) উদ্যম, উচ্চাকাঙ্ক্ষা ও উদ্ভাবনী শক্তির প্রশংসা করেন তিনি। একইসঙ্গে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন আরও সহজ করে তুলতে কীভাবে মহাকাশ প্রযুক্তিকে কাজে লাগানো যায়,তা নিয়ে নতুন সম্ভাবনা খোঁজার পরামর্শও দেন।
কী বললেন প্রধানমন্ত্রী?
স্পেস স্টার্টআপগুলির প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় ভারতের মহাকাশ ক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে তাঁদের ভাবনাচিন্তা ও আত্মবিশ্বাসের প্রশংসা করেন মোদী। তাঁর মতে, শুধুমাত্র প্রচলিত ক্ষেত্রে মহাকাশ প্রযুক্তির ব্যবহার সীমাবদ্ধ রাখলে চলবে না। সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার সমাধান এবং জীবনযাত্রার মান উন্নত করার ক্ষেত্রেও এই প্রযুক্তির নতুন প্রয়োগ খুঁজতে হবে।
সরকারি নীতির ধারাবাহিকতার উপরও জোর দেন প্রধানমন্ত্রী। স্টার্টআপ সংস্থাগুলি সরকারের সিদ্ধান্তের উপর যে আস্থা রেখেছে, তার গুরুত্ব তুলে ধরে তিনি। বলেন, “সবচেয়ে বড় বিষয় হল,আপনারা সরকারের কথার উপর বিশ্বাস রেখেছেন। আমার বরাবরই মত,আমরা যে সিদ্ধান্তই নিই না কেন, তাতে ধারাবাহিকতা বজায় রাখতে হবে।”
বিশ্বের নজর কাড়ুক ভারতের স্টার্টআপ
বিশ্বের মহাকাশ অর্থনীতিতে ভারতের সম্ভাবনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, এমন একটা সময় আসা উচিত যখন মহাকাশ ক্ষেত্রে কোনও বড় প্রযুক্তিগত সাফল্য এলেই গোটা বিশ্বের নজর ভারতের স্টার্টআপগুলির দিকে ঘুরে যাবে। মোদী বলেন,”বিশ্বের এখন ভারতীয় স্টার্টআপগুলিকে খোঁজা উচিত। তাদের মনে প্রশ্ন তৈরি হওয়া উচিত, এই ক্ষেত্রে কারা কাজ করছে? কারণ যখনই কোনও বড় সাফল্য আসে, মানুষের নজর সঙ্গে সঙ্গে সেদিকে চলে যায়।”
স্পেস স্টার্টআপ, মহাকাশ সংস্থা এবং বৃহত্তর প্রযুক্তি ক্ষেত্রের মধ্যে আরও বেশি সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও বলেন প্রধানমন্ত্রী। বিদেশে চলে যাওয়া ভারতীয় পেশাদারদের দেশে ফিরে আসার প্রবণতাকেও ইতিবাচক বলে উল্লেখ করেন মোদী।
কেরিয়ার গড়তে হলে ভারতই সেরা ঠিকানা
প্রধানমন্ত্রীর মতে, ভারতে এমন একটি মহাকাশ প্রযুক্তির পরিবেশ তৈরি করতে হবে, যাতে বিশ্বের বিভিন্ন দেশের দক্ষ পেশাদাররা এই দেশকে তাঁদের কেরিয়ার গড়ার অন্যতম সেরা গন্তব্য হিসেবে দেখেন। তিনি বলেন, “আমাদের এমন একটা পরিবেশ তৈরি করতে হবে, যাতে বিশ্বের এই ক্ষেত্রের মানুষ মনে করেন—কেরিয়ার গড়তে হলে ভারতে যেতে হবে। ভারতীয় স্টার্টআপের সঙ্গে যুক্ত হতে হবে। ভারতের মহাকাশ সংস্থাগুলির সঙ্গে যুক্ত হতে হবে।”
ভারতের স্পেস স্টার্টআপগুলির দ্রুত বৃদ্ধি আগামী দিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান পেশাদারদের আকৃষ্ট করতে পারবে বলেও আশা প্রকাশ করেন মোদী। তাঁর কথায়,”আমার দৃঢ় বিশ্বাস, আপনাদের জন্যই আমরা গোটা বিশ্বের প্রতিভাকে চুম্বকের মতো আকর্ষণ করতে পারব।”
