
নয়াদিল্লি : বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই। তাঁর থেকে অনেকটা পিছিয়ে রয়েছেন ট্রাম্প-সহ বাকি দেশের জননেতা। সম্প্রতি, একটি সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে। সমীক্ষাতে দেখে গিয়েছে, বিশ্বে জনপ্রিয়তার নিরিখে মোদীর স্থান সবার উপরে। এর আগে ট্রাম্পকে পিছনে ফেলে প্রথম বিশ্বনেতা হিসেবে ইন্সটাগ্রামে ১০ কোটির ফলোয়ার্স ছুঁয়ে ফেলেছিলেন নরেন্দ্র মোদী। এবার বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতার তকমা মিলতেই আরও একটা নতুন পালক জুড়ল প্রধানমন্ত্রীর মুকুটে, তা বলা যেতে পারে।
নতুন রেকর্ড মোদীর?
মার্কিন ডেটা অ্যানালিটিক্স সংস্থা মর্নিং কনসাল্ট একটি সমীক্ষা প্রকাশ করেছে সম্প্রতি। সর্বশেষ তথ্যটি ২ মার্চ থেকে ৮ মার্চের মধ্যে সংগৃহীত মতামতের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। সমীক্ষায় দেখা গিয়েছে, ৬৮ শতাংশ রেটিং নিয়ে শীর্ষে রয়েছেন মোদী। বিশ্বের বাকি নেতারা উল্লেখযোগ্যভাবে পিছিয়ে রয়েছেন। নরেন্দ্র মোদীর পরেই রয়েছেন দুই রাষ্ট্রনেতা। একসঙ্গে দ্বিতীয় স্থানে রয়েছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। তাঁদের রেটিং ৬২ শতাংশ।
নরেন্দ্র মোদীর থেকে অনেক পিছিয়ে ডোনাল্ড ট্রাম্প। ৩৯ শতাংশ রেটিং পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। নরেন্দ্র মোদীর জনসমর্থনের প্রায় অর্ধেক বলা যেতে পারে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের রেটিং মাত্র ২৪ শতাংশ। তালিকার সবথেকে নিচে রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। তিনি মাত্র ১৭ শতাংশ জনসমর্থন পেয়েছেন।
মোদীর সাম্প্রতিক রেকর্ড
সম্প্রতি, ভারতের রাজনীতিতে ঐতিহাসিক নজির গড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘ সময় ধরে সরকারের প্রধান হয়ে কাজ করার রেকর্ড গড়েছেন তিনি। এতদিন পর্যন্ত এই রেকর্ড ছিল সিকিমের প্রধানমন্ত্রী পবন কুমার চামলিংয়ের। ৮ হাজার ৯৩০ দিন ধরে সরকারের প্রধান ক্ষমতায় ছিলেন তিনি। সেই রেকর্ড ভেঙে দিয়েছেন নরেন্দ্র মোদী। গুজরাটের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে তিনি মোট ৮ হাজার ৯৩১ দিন পার করেছেন।
ডিজিটাল মাধ্যমেও একাধিক রেকর্ড গড়েছেন। ইউটিউবে তাঁর চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা ৩০ মিলিয়ন অর্থাৎ ৩ কোটি পার করেছে। বিশ্বের একাধিক রাষ্ট্রনেতার থেকে তাঁর ফলোয়ারের সংখ্যা বেশি। অন্যদিকে, ইন্সটাগ্রামে প্রধানমন্ত্রী মোদীর ফলোয়ার্সের সংখ্যা পার করেছে ১০০ মিলিয়ন। অর্থাৎ ১০ কোটির বেশি ফলোয়ার্স রয়েছে তাঁর। মোদীর পরে রয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার বিশ্বের জনপ্রিয় নেতা হিসেবেও নিজেকে প্রমাণ করলেন নরেন্দ্র মোদী।