Raghav Chadha in BJP: রাঘব ‘বোয়াল’! তাঁর পদে যাকে বসিয়েছিল AAP, তাঁকেই বিজেপিতে নিয়ে গেলেন রাঘব…
AAP Vs BJP: গতকালই রাঘব চাড্ডা জানান যে তারা আপ ছাড়ছেন। সংবিধানের ক্ষমতা প্রয়োগ করে আপের ৭ সাংসদ বিজেপির সঙ্গে যুক্ত হচ্ছেন। শোনা যাচ্ছে, এক সময়ের প্রিয় পাত্র রাঘব চাড্ডাকে আবার দলে ফেরানোর চেষ্টা করেননি আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল।

নয়া দিল্লি: আম আদমি পার্টিতে বড় ধাক্কা। দল ছাড়লেন তরুণ মুখ রাঘব চাড্ডা (Raghav Chadha)। তিনি বিজেপিতে যোগ দেন। শুক্রবার (২৪ এপ্রিল) নিজেই সাংবাদিক বৈঠক করে এই কথা ঘোষণা করেন। জানান, তিনি একা বিজেপিতে যাচ্ছেন না, তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দিচ্ছেন আরও ছয় আপ সাংসদ। এদের মধ্যে সবথেকে চমকপ্রদ নাম যার, তিনি হলেন অশোক মিত্তল। কেন?
দলবদলের আগেই রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে অপসারিত করেছিল আম আদমি পার্টি। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছিল অশোক মিত্তলকে। তবে কিছুদিন যেতে না যেতেই ভোলবদল।রাঘব চাড্ডার জায়গায় দায়িত্ব পেয়েছিলেন, সেই রাঘবের হাত ধরেই কি না বিজেপিতে চলে গেলেন অশোক মিত্তল।
গতকালই রাঘব চাড্ডা জানান যে তারা আপ ছাড়ছেন। সংবিধানের ক্ষমতা প্রয়োগ করে আপের ৭ সাংসদ বিজেপির সঙ্গে যুক্ত হচ্ছেন। শোনা যাচ্ছে, এক সময়ের প্রিয় পাত্র রাঘব চাড্ডাকে আবার দলে ফেরানোর চেষ্টা করেননি আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল। তবে তিনি বাকি ৬ রাজ্যসভার সাংসদদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, তাদের মান ভাঙানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তারা দেখা করেননি। তার আগেই দল থেকে ইস্তফার কথা ঘোষণা করে দেন।
গত মাসেই যখন আম আদমি পার্টির সঙ্গে রাঘব চাড্ডার বিরোধের বিষয়টি সামনে উঠে আসে, তখন রাঘব চাড্ডা বলেছিলেন যে জনগণের সমস্যার কথা তুলে ধরে কি তিনি কোনও অপরাধ করেছেন? পাল্টা জবাবে আম আদমি পার্টি বলেছিল যে রাঘব চাড্ডা শুধু নিজের প্রচার করছে, নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টায় মরিয়া। তিনি (রাঘব) আসল ইস্যু তুলে ধরেননি। যখন কেজরীবালের গ্রেফতারির প্রতিবাদ করছিল আম আদমি পার্টি, তখন লন্ডনে পালিয়ে গিয়েছিলেন রাঘব। সেই সময় বিজেপি সমর্থন করেছিল রাঘবকে। আজ রাঘব চাড্ডা বিজেপির সদস্য।
