INDIA Alliance: খাড়্গের জন্য দাঁড়িয়ে ছিলেন রাহুল-সনিয়া, যেই না মমতা-অভিষেকের গাড়ি ঢুকছে অমনি সরে পড়লেন দু’জন, তারপর কী হল?
New Delhi: মমতা ও অভিষেক পৌঁছনোর পর কংগ্রেসের তরফে গেটের কাছে কে সি বেণুগোপাল ও অন্য নেতারা উপস্থিত ছিলেন। স্বাগত জানাতে ছিলেন দোলা সেন। 'কনস্টিটিউশন ক্লাবের' ভিতরে মিটিং রুমে ঢোকার সময় মুখোমুখি হন রাহুল-মমতা। একে অপরকে নমস্কার করেন। সেই সময় মল্লিকার্জুন খাড়্গেকে স্বাগত জানাতে ফের বাইরে বেরিয়ে আসছিলেন রাহুল।

নয়া দিল্লি: বুধবার ছিল ইন্ডি জোটের বৈঠক। জ্ঞানেশ কুমার সহ একাধিক ইস্যুতে এদিন ফের বৈঠকে বসেছেন। কিন্তু এর মধ্যেই একটা ঘটনা আপাতত রাজনীতির অলি-গলিতে জল্পনা তৈরি করেছে। মল্লিকার্জুন খাড়্গের জন্য অপেক্ষারত কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী আচমকা সরে গেলেন গেটের সামনে থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন বুঝেই কি আচমকা সরে গেলেন তিনি? এখন আপাতত এই নিয়েই আলোচনা চলছে।
এ দিন, কনস্টিটিউশন ক্লাবের সামনে মল্লিকার্জুন খাড়গের জন্য গেটের সামনে অপেক্ষা করছিলেন সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী। এর মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ভিতরে ঢোকে। সেই সময় দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নামার আগেই সনিয়া এবং রাহুল গান্ধী ভিতরে ঢুকে যান। এরপর মমতা-অভিষেক মূল মিটিং রুমে ঢুকে যাওয়ার পর আবার গেটের কাছে বেরিয়ে আসেন রাহুল। এই সময় এসে পৌঁছন খাড়্গে। কংগ্রেস সভাপতিকে স্বাগত জানিয়ে ভিতরে নিয়ে যান রাহুল গান্ধী। কিন্তু মমতার প্রবেশের সময় গেটের কাছে দাঁড়ালেন না রাহুল।
মমতা অভিষেক পৌঁছনোর পর কংগ্রেসের তরফে গেটের কাছে কে সি বেণুগোপাল ও অন্য নেতারা উপস্থিত ছিলেন। স্বাগত জানাতে ছিলেন দোলা সেন। ‘কনস্টিটিউশন ক্লাবের’ ভিতরে মিটিং রুমে ঢোকার সময় মুখোমুখি হন রাহুল-মমতা। একে অপরকে নমস্কার করেন। সেই সময় মল্লিকার্জুন খাড়্গেকে স্বাগত জানাতে ফের বাইরে বেরিয়ে আসছিলেন রাহুল।
সকাল ১১ টা নাগাদ ‘কনস্টিটিউশন ক্লাবে’ পৌঁছন রাহুল গান্ধী। গাড়ি থেকে নেমে ভিতরে না ঢুকে কনস্টিটিউশন ক্লাবের গেটের সামনে অপেক্ষা করতে থাকেন রাহুল গান্ধী। ১১.০৪ মিনিটে পৌঁছন সনিয়া গান্ধী। গেটের কাছে দাঁড়িয়ে পড়েন সনিয়াও। রাহুল-সনিয়া টানা তিন মিনিট ‘কনস্টিটিউশন ক্লাবের’ গেটের সামনে দাঁড়িয়ে মল্লিকার্জুন খাড়্গের আসার অপেক্ষা করতে থাকেন। এর মধ্যেই ভিতরে প্রবেশ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। মমতার গাড়ি কনস্টিটিউশন ক্লাব চত্বরে প্রবেশ করতেই গেট থেকে ভেতরে ঢুকে যান রাহুল, সনিয়া। ১১.০৭ মিনিটে গেটের সামনে দাঁড়ায় মমতার গাড়ি। মমতা অভিষেক গাড়ি থেকে নেমে ভিতরে ঢুকে যেতেই ফের বাইরে বেরিয়ে আসেন রাহুল গান্ধী। বেরিয়ে আসার সময় মূল মিটিং রুমের বাইরে, মমতা অভিষেকের সঙ্গে মুখোমুখি দেখা হয় রাহুলের। একে অপরকে নমস্কার করেন। এরপর ১১.১১ মিনিটে মল্লিকার্জুন খাড়্গে পৌঁছলে তাঁকে স্বাগত জানিয়ে ভিতরে নিয়ে যান রাহুল গান্ধী।
