Russian Culture Days: রুশ সঙ্গীতের মূর্ছনায় মোহিত হবে দিল্লি, পারফর্ম করবে মস্কোর ৬৮৯ বছরের প্রাচীন গায়ক দল
Russian Culture Days 2026: সঙ্গীতানুষ্ঠানের দিনই অনুষ্ঠানস্থলে উদ্বোধন করা হবে ‘সমগ্র বিশ্বের শান্তির জন্য’ (For the Peace of the Whole World) শীর্ষক একটি প্রদর্শনী। মস্কো ও সমগ্র রাশিয়ার প্যাট্রিয়ার্ক কিরিলের বিশেষ জয়ন্তী উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।

নয়া দিল্লি: ভারতে রুশ সংস্কৃতি দিবস উদযাপনের অংশ হিসেবে আগামী ২ নভেম্বর নয়াদিল্লিতে আয়োজন করা হচ্ছে বিশেষ সঙ্গীত অনুষ্ঠানের। সেখানে পারফর্ম করবে মস্কো থিওলজিক্যাল অ্যাকাডেমি এবং হোলি ট্রিনিটি–সেন্ট সার্জিয়াস লাভরার সম্মিলিত গায়কদল। রাশিয়ার প্রাচীন ধর্মীয় সঙ্গীতের ঐতিহ্য তুলে ধরবে এই বিশেষ অনুষ্ঠান।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এই গায়কদলের পথ চলা শুরু ১৩৩৭ সাল থেকে। রাশিয়ার অন্যতম প্রাচীন এই ধর্মীয় সঙ্গীতগোষ্ঠীর ঐতিহ্য প্রায় ৬৮৯ বছরের পুরনো। অনুষ্ঠানে রাশিয়ার বিশিষ্ট গির্জার সঙ্গীতকারদের তৈরি প্রার্থনাসঙ্গীত, ঐতিহ্যবাহী রুশ ধর্মীয় সঙ্গীতের পাশাপাশি লোকসঙ্গীত এবং দেশাত্মবোধক গানও পরিবেশন করা হবে।
প্যাট্রিয়ার্ক কিরিলের সম্মানে বিশেষ প্রদর্শনী-
সঙ্গীতানুষ্ঠানের দিনই অনুষ্ঠানস্থলে উদ্বোধন করা হবে ‘সমগ্র বিশ্বের শান্তির জন্য’ (For the Peace of the Whole World) শীর্ষক একটি প্রদর্শনী। মস্কো ও সমগ্র রাশিয়ার প্যাট্রিয়ার্ক কিরিলের বিশেষ জয়ন্তী উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।
এই অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে আগামী ২ নভেম্বর সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে নয়া দিল্লির ইন্ডিয়া হ্যাবিট্যাট সেন্টারে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে। এই বৈঠকে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। সাংবাদিক বৈঠকে গায়কদলের ইতিহাস, তাদের শিল্পকর্মের উদ্দেশ্য, আসন্ন সঙ্গীতানুষ্ঠানের বিশেষত্ব এবং ভারতে রুশ সংস্কৃতি দিবস উদযাপনের গুরুত্ব নিয়ে আলোচনা হবে।
বৈঠকে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দেবেন ভারতে রাশিয়ার দূতাবাসের শীর্ষ আধিকারিকরা, হলি ট্রিনিটি–সেন্ট সার্জিয়াস লাভরার গায়কদলের পরিচালক হায়ারোমঙ্ক নেস্টর এবং ইন্ডিয়া হ্যাবিট্যাট সেন্টারের ডিরেক্টর অধ্যাপক (ড.) কে জি সুরেশ।
