SIR: বাড়ল ডেডলাইন, এসআইআর বিতর্কের আবহেই কমিশনের বড় সিদ্ধান্ত
SIR Deadline Extended: দিল্লিতে আবেদন জমা দেওয়া বা অভিযোগ করার সময়সীমা ৩০ অক্টোবর থেকে বাড়িয়ে ২৫ নভেম্বর করা হয়েছে। অভিযোগ নিষ্পত্তির সময়সীমা আগে ৩০ নভেম্বর ছিল, তা বাড়িয়ে ১৫ ডিসেম্বর করা হয়েছে। ২২ ডিসেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে।

নয়া দিল্লি: এসআইআর (SIR) নিয়ে বিতর্কের আবহেই নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত। বাড়ল এসআইআরের সময়সীমা। জানানো হয়েছে, দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, অন্ধ্র প্রদেশ, তেলঙ্গানা ও নাগাল্যান্ডে এসআইআরের সময়সীমা বাড়ানো হয়েছে। এই নিয়ে তৃতীয়বার এসআইআরের সময়সীমা বাড়ানো হল।
নতুন নির্দেশিকা অনুযায়ী, মহারাষ্ট্র, হরিয়ানা, অন্ধ্র প্রদেশ, তেলঙ্গানা ও নাগাল্যান্ডে এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ৩০ নভেম্বর। দিল্লিতে এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে আরও পরে, ২২ ডিসেম্বর।
চলতি সপ্তাহেই সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে কড়া ধমক দিয়েছিল এসআইআরের ডেডলাইন নিয়ে। কোনও সময়সীমা বেঁধে দিতে বারণ করা হয়েছে।
সংশোধিত সময়সূচি-
মহারাষ্ট্রে এসআইআরে আবেদন করা বা আপত্তি জানানোর জন্য সময়সীমা ২৬ অক্টোবর থেকে বাড়িয়ে ১৩ নভেম্বর করা হয়েছে। ২৫ নভেম্বর পর্যন্ত অভিযোগ নিষ্পত্তির কাজ চলবে। এরপরে ৩০ নভেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। গত ৩১ অগস্ট এসআইআরের খসড়া তালিকা প্রকাশ হয় মহারাষ্ট্রে।
হরিয়ানা ও অন্ধ্র প্রদেশে আগামী ২০ নভেম্বরের মধ্যে অভিযোগ নিষ্পত্তির কাজ শেষ করতে হবে। চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে ৩০ নভেম্বর।
দিল্লিতে আবেদন জমা দেওয়া বা অভিযোগ করার সময়সীমা ৩০ অক্টোবর থেকে বাড়িয়ে ২৫ নভেম্বর করা হয়েছে। অভিযোগ নিষ্পত্তির সময়সীমা আগে ৩০ নভেম্বর ছিল, তা বাড়িয়ে ১৫ ডিসেম্বর করা হয়েছে। ২২ ডিসেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে।
