ECI: ‘সর্বসম্মতিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে’, স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন
Election Commission SIR Decision: গত বছর জুনে প্রথম বিহারে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) শুরু হয়। সেকথা উল্লেখ করে প্রেস বিবৃতিতে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, 'সাম্প্রতিক কয়েক মাসে নির্বাচন কমিশন সারা দেশে SIR-সহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।'

নয়াদিল্লি: আলোচনার সময় নানা মত উঠে আসে। কিন্তু, যেকোনও সিদ্ধান্ত সর্বসম্মতভাবেই নেওয়া হয়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন ঘিরে বিতর্ক বাড়তেই স্পষ্ট করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। গত বছর থেকে একের পর এক রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে, সেখানেও সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনাররা।
প্রেস বিবৃতিতে কী জানিয়েছে নির্বাচন কমিশন?
গত বছর জুনে প্রথম বিহারে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) শুরু হয়। সেকথা উল্লেখ করে প্রেস বিবৃতিতে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ‘সাম্প্রতিক কয়েক মাসে নির্বাচন কমিশন সারা দেশে SIR-সহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। ২০২৫ সালের ২৪ জুন প্রথমে বিহার, এরপর পশ্চিমবঙ্গ এবং আরও ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR শুরু করার যে নির্দেশ জারি করা হয়েছিল, তা কমিশনের সর্বসম্মত অনুমোদনেই করা হয়েছিল।’
কমিশনের সিদ্ধান্তে যে সুপ্রিম কোর্টও হস্তক্ষেপ করেনি, সেকথা উল্লেখ করে ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২৬ সালের ২৭ মে সুপ্রিম কোর্টও ওই নির্দেশ বহাল রেখেছে।’ একের পর এক রাজ্যে এসআইআর নিয়ে বিবৃতিতে কমিশন জানিয়েছে, ‘১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য SIR-এর সূচি ২০২৫ সালের ২৭ অক্টোবর এবং আরও ১৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য ২০২৬ সালের ১৪ মে প্রকাশ করা হয়। এই দুই ক্ষেত্রেই কমিশনের সর্বসম্মত অনুমোদন ছিল।’
কমিশন আরও জানিয়েছে, চূড়ান্ত ভোটার সংখ্যা কত হবে, তা এখনই জানা সম্ভব নয়। তৃতীয় পর্যায়ের বাকি ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR-এর কাজ এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সম্পূর্ণ হওয়ার পরেই মোট ভোটারের চূড়ান্ত সংখ্যা জানা যাবে। তবে এই বিবৃতিতে একটা জিনিস স্পষ্ট করেছে কমিশন। এসআইআর সংক্রান্ত সিদ্ধান্ত সর্বসম্মতিতে নেওয়া হয়েছে।
