AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court: রক্তের সম্পর্কে বিয়েতেই বাড়ছে ঝুঁকি! কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

Supreme Court on Marriage: নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার উল্লেখ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন ওই ছাত্রী। ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রে জিনগত সমস্যা যাতে না হয়, সে ব্যাপারে সচেতন করার জন্যই আবেদন জানিয়েছেন তিনি। তবে এও বলা হয়েছে যে, অতীতে যে সব বিয়ে হয়েছে, তাতে যেন কোনও সমস্যা না হয়।

Supreme Court: রক্তের সম্পর্কে বিয়েতেই বাড়ছে ঝুঁকি! কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্ট (ফাইল ছবি)Image Credit: Getty Image
| Updated on: Nov 21, 2026 | 12:24 PM
Share

নয়া দিল্লি: আত্মীয়ের মধ্যে বা রক্তের সম্পর্কে বিয়ে হলে সন্তানের ক্ষেত্রে বাড়ে ঝুঁকি। আর পাঁচজন দম্পতির ক্ষেত্রে সন্তানের যে জন্মগত রোগের ঝুঁকি থাকে, আত্মীয়ের মধ্যে বিয়ে হলে সেই ঝুঁকি হতে পারে দ্বিগুণ। স্বাস্থ্যসংক্রান্ত সেই ঝুঁকির কথা উল্লেখ করে একটি আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলাতেই কেন্দ্রকে বিশেষ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। আইনে পরিবর্তন করা যায় কি না, তা নিয়ে কেন্দ্রের কাছে উত্তর চেয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহানার বেঞ্চে ছিল মামলা।

বাবা-মার মধ্যে তুতো ভাইবোনের সম্পর্ক, মামলা করেছেন সন্তান

আবেদনটি করেছেন বেঙ্গালুরুর ন্যাশনাল ল স্কুল অব ইন্ডিয়া ইউনিভার্সিটির এক আইনের ছাত্রী। তাঁর বাবা ও মায়ের মধ্যে রক্তের সম্পর্কে রয়েছে। তাঁরা ফার্স্ট কাজিন বা তুতো ভাই-বোন। রেড্ডি সম্প্রদায়ে প্রচলিত দীর্ঘদিনের ঐতিহ্য মেনে বিয়ে হয়েছিল তাঁর বাবা-মায়ের। ঝুঁকি সম্পর্কে অবগত ছিলেন না তাঁরা।

আবেদনকারীর জন্মের পর ‘কোন ডিস্ট্রফি’ নামে একটি চোখের রোগ ধরা পড়ে, যা বংশগত। আলোর প্রতি তাঁর চোখ সংবেদনশীল, চোখের একরকম কোষের কার্যকারিতাও ক্রমশ কমছে। রঙ চেনার ক্ষেত্রে বা রাস্তা পার হওয়ার ক্ষেত্রে সমস্য়া হয় তাঁর।

নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার উল্লেখ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন ওই ছাত্রী। ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রে জিনগত সমস্যা যাতে না হয়, সে ব্যাপারে সচেতন করার জন্যই আবেদন জানিয়েছেন তিনি। তবে এও বলা হয়েছে যে, অতীতে যে সব বিয়ে হয়েছে, তাতে যেন কোনও সমস্যা না হয়।

হিন্দু বিবাহ আইনের কয়েকটি ব্যতিক্রম নিয়ে প্রশ্ন তোলা হয়েছে

হিন্দু বিবাহ আইনে যে ব্যতিক্রমগুলো রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলে এই জনস্বার্থ মামলা হয়েছে। হিন্দু বিবাহ আইন, ১৯৫৫-র ৫(iv) ও ৫(v) ধারাকে চ্যালেঞ্জ করা হয়েছে। ৫(iv) ধারায় নিষিদ্ধ সম্পর্কের ক্ষেত্রে বিয়ের অনুমতি দেওয়া হয়। ৫(v) ধারায় ‘সপিণ্ড’ বা আত্মীয়দের বিয়ের মধ্যে ক্ষেত্রে একটি ব্যতিক্রম রাখা হয়েছে, যেখানে প্রচলিত প্রথা অনুযায়ী আত্মীয়দের মধ্যে বিয়ে হয়। আবেদনকারীর দাবি, এই ধরনের সম্পর্কে অনুমতি দিলে শিশুর স্বাস্থ্য ও বিকাশে প্রভাব পড়ে।

আবেদনকারীর তরফে সিনিয়র আইনজীবী কাদম্বরী সিং আদালতে সওয়াল করেন। তাঁর বক্তব্য ছিল, গ্রামাঞ্চলে এই ধরনের বিয়ের প্রচলন রয়েছে। বিশেষত যে সব অঞ্চলে সচেতনতা নেই, সেখানেই আত্মীয়ের মধ্যে বিয়ে হয়। নির্দিষ্ট পদ্ধতিতে সাঝারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া উচিৎ বলে দাবি করেন তিনি।

কী বলল সুপ্রিম কোর্ট

জনস্বার্থ মামলার ভিত্তিতে কেন্দ্রকে লিমিটেড নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট। রক্তের সম্পর্কে বিয়ে হলে সম্ভাব্য কী কী ঝুঁকি থাকে, সেই বিষয়ে সাধারণের মধ্য়ে সচেতনতা বৃদ্ধি করার কথা বলেছে শীর্ষ আদালত। পাশাপাশি, আইনে কোনও পরিবর্তন আনা যায় কি না, সে ব্যাপারে কেন্দ্রের কাছে উত্তর চেয়ে লিমিটেড নোটিস দিয়েছে আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ, স্কুল, কলেজ সহ নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে প্রচার করতে হবে যে রক্তের সম্পর্কে বিয়ের ক্ষেত্রে বিজ্ঞানসম্মত কী কী সমস্যা হতে পারে।

Follow Us