Aadhaar Card Photocopy Rules: আজ আপনার আধার কার্ডের কতগুলি ফটোকপি কোথায় কোথায় পড়ে রয়েছে, জানেন কি?
Aadhaar Privacy, Identity Proof and Your Legal Rights: আজকের ‘YOUR INDIA’ কলামে সন্তোষ নায়ার তুলে ধরেছেন, কেন এখনও এত অবলীলায় আধার কার্ডের ফটোকপি সংগ্রহ করা হয়। আধার কার্ড আসলে কীসের প্রমাণ দেয়। কারা এই কার্ড চাইতে পারেন এবং নিয়ম বদলে যাওয়ার পরেও কেন পুরনো অভ্যাস থেকে বেরিয়ে আসা যাচ্ছে না।

অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মিস্টার ভার্মা একবার হিসেব করার চেষ্টা করেছিলেন, জীবনে কতবার তিনি নিজের আধার কার্ডের ফটোকপি জমা দিয়েছেন। ৩১ বার গোনার পর তিনি থেমে যান। ব্যাঙ্কে একটি ফটোকপি রয়েছে। তেমনই রয়েছে মোবাইলের দোকানে, গ্যাসের এজেন্সিতে, ছেলের জোরাজুরিতে ভর্তি হওয়া জিমে এবং পাহাড়ের একটি ছোট শহরের হোটেলে। ২০১৯ সালে সেখানে মাত্র এক রাত কাটিয়েছিলেন তিনি। অথচ ওই সব জায়গার কোনও না কোনও ড্রয়ারে পড়ে রয়েছে তাঁর ছবি, আধার নম্বর এবং ঠিকানা। সত্যি বলতে, কেন এসব জায়গায় তাঁর আধার কার্ডের ফটোকপি প্রয়োজন হয়েছিল, তা কেউ তাঁকে কোনও দিন স্পষ্ট করে বোঝাননি।
আধার কার্ডের ক্ষেত্রে এটাই সবচেয়ে আশ্চর্যের বিষয়। সম্ভবত দেশের সবচেয়ে বেশি ফটোকপি করা পরিচয়পত্র এটি। অথচ যিনি আধার কার্ড চাইছেন, তাঁর সেই কার্ড চাওয়ার অধিকার আদৌ রয়েছে কি না, তা নিয়ে আমরা খুব কমই প্রশ্ন তুলি। মিস্টার ভার্মার নাতি রোহন স্কুলের একটি প্রজেক্টের জন্য এই বিষয়টি নিয়ে খোঁজখবর করতে গিয়ে বিষয়টি জানতে চায়।
আধার কার্ড আসলে কীসের প্রমাণ?
প্রথমেই রোহন জানতে পারে, আধার কার্ড আসলে কী। আধার হল ১২ সংখ্যার একটি বিশেষ পরিচিতি নম্বর। কোনও ব্যক্তির আঙুলের ছাপ, চোখের মণির স্ক্যান এবং ছবি দিয়ে এই নম্বর তৈরি করা হয়। এর মূল উদ্দেশ্য একটাই—কোনও ব্যক্তি নিজেকে যে পরিচয়ে পরিচিত করছেন, তিনি সত্যিই সেই ব্যক্তি কি না, তা নিশ্চিত করা।
অর্থাৎ, আধার পরিচয়ের প্রমাণ। কিন্তু এটি নাগরিকত্বের প্রমাণ নয়। আধার আইনেও স্পষ্ট বলা হয়েছে, এই নম্বরের ভিত্তিতে কোনও ব্যক্তি নাগরিকত্ব বা বসবাসের অধিকার দাবি করতে পারেন না। আধার কার্ড নাগরিকত্ব বা ডোমিসাইলের প্রমাণ হিসেবেও গণ্য হয় না। এর কারণও সহজ। আধার কার্ড শুধুমাত্র ভারতের নাগরিকদের জন্য নয়, ভারতের বাসিন্দাদের জন্য চালু করা হয়েছিল।
২০২৫ সালে বিহারের ভোটার তালিকা সংক্রান্ত একটি বিতর্কের সময় সুপ্রিম কোর্টও ফের স্পষ্ট করে জানিয়ে দেয়, আধার কার্ড নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়।
কারা আধার কার্ড চাইতে পারেন?
এরপর রোহন আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করে। কারা আধার কার্ড চাইতে পারেন এবং কোন প্রয়োজনে তা চাওয়া যায়? এই প্রশ্নের উত্তর পাওয়া যায় ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর। ওই দিন বিচারপতি কে এস পুট্টস্বামী (অবসরপ্রাপ্ত)-র দায়ের করা মামলায় গুরুত্বপূর্ণ রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট।
আদালত আধার ব্যবস্থাকে বহাল রাখলেও এর ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু সীমারেখা নির্ধারণ করে দেয়-
সরকারি জনকল্যাণমূলক প্রকল্প ও ভর্তুকি: সরকারি জনকল্যাণমূলক প্রকল্প এবং ভর্তুকির সুবিধা সঠিক ব্যক্তির কাছে পৌঁছে দিতে আধার চাওয়া যেতে পারে।
মোবাইল সংযোগ: সিম কার্ড দেওয়ার ক্ষেত্রে মোবাইল সংস্থাগুলি আধারকে বাধ্যতামূলক করতে পারবে না। পাশাপাশি, গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করা আঙুলের ছাপ ও চোখের মণির তথ্য মুছে ফেলার নির্দেশও দেওয়া হয়েছিল।
স্কুল ও পরীক্ষার বোর্ড: স্কুলে ভর্তি বা পরীক্ষায় বসার আগে আধার কার্ড বাধ্যতামূলক করা যাবে না। কারণ, শিক্ষা কোনও অনুগ্রহ নয়, এটি মানুষের অধিকার।
বেসরকারি সংস্থা: কোনও চুক্তির মাধ্যমে গ্রাহকদের উপর আধার জমা দেওয়ার শর্ত চাপিয়ে দিতে পারবে না বেসরকারি সংস্থাগুলি।
শিশুদের আধার: অভিভাবকের সম্মতি ছাড়া কোনও শিশুর আধার নথিভুক্ত করা যাবে না। ১৮ বছর বয়স হওয়ার পর ওই ব্যক্তি চাইলে আধার ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে পারবেন।
তবে এই রায় সর্বসম্মত ছিল না। একজন বিচারপতি বেশ কয়েকটি বিষয়ে সংখ্যাগরিষ্ঠ বিচারপতিদের মতের সঙ্গে সহমত হননি। একই আধার কার্ডকে ঘিরে বিচারপতিদের মধ্যেও যে ভিন্ন মত থাকতে পারে, এই ঘটনা তারই প্রমাণ।
নিয়ম বদলেছে, কিন্তু অভ্যাস বদলায়নি-
মিস্টার ভার্মা সব কথা শুনছিলেন। ততক্ষণে তাঁর চায়ের কাপ ঠান্ডা হয়ে গিয়েছে। তিনি বললেন, “কিন্তু জিমের কর্মচারী তো এখনও আমার কাছে আধার কার্ডের ফটোকপি চাইল!” রোহন মাথা নাড়ল। বিষয়টি নিয়ে খোঁজখবর করতে গিয়ে সে বুঝেছে, গোটা ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এটাই।
আদালতের নির্দেশে নিয়ম বদলেছে, কিন্তু কাউন্টারে দাঁড়িয়ে থাকা কর্মচারীর অভ্যাস বদলায়নি। যে কর্মচারী বছরের পর বছর ধরে আধার কার্ডের ফটোকপি চাইছেন, তিনি এখনও সেটাই চাইছেন। আর যে গ্রাহক বছরের পর বছর ধরে ফটোকপি জমা দিয়ে এসেছেন, তিনিও প্রশ্ন না করেই তা দিয়ে দিচ্ছেন।
আদালতের রায়ে নিয়ম দ্রুত বদলে যায়, কিন্তু সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সেই পরিবর্তন পৌঁছতে অনেক সময় লাগে। এই আধার কার্ডের ফটোকপি সংগ্রহের পিছনে অধিকাংশ ক্ষেত্রেই কোনও অসৎ উদ্দেশ্য থাকে না। বরং এটি দীর্ঘদিনের অভ্যাস। আর কোনও অফিসে পুরনো অভ্যাসের মতো ধৈর্য ধরে টিকে থাকতে পারে, এমন জিনিস খুব কমই রয়েছে।
যখন যন্ত্র কোনও ব্যক্তিকে শনাক্ত করতে পারে না-
রোহনের প্রজেক্টে আরও একটি বিষয় উঠে এসেছিল। বিষয়টি কিছুটা কষ্টের হলেও সে সেটি বাদ দিতে চায়নি। আঙুলের ছাপ শনাক্ত করার যন্ত্র অধিকাংশ মানুষের ক্ষেত্রেই ঠিকমতো কাজ করে। কিন্তু যাঁরা কয়েক দশক ধরে পাথর ভেঙেছেন কিংবা আখ কেটেছেন, তাঁদের আঙুলের ছাপ অনেক সময় ঘষে ঘষে অস্পষ্ট হয়ে যায়।
বিভিন্ন রিপোর্টে দীর্ঘদিন ধরেই উল্লেখ করা হয়েছে, কোনও যন্ত্র যখন কারও বুড়ো আঙুলের ছাপ শনাক্ত করতে পারে না, তখন তাঁকে রেশন দোকান বা পেনশনের কাউন্টার থেকে ফিরিয়ে দেওয়া হতে পারে। অথচ এর জন্য ওই ব্যক্তির কোনও দোষই নেই। রোহন তার প্রজেক্টে লিখেছিল, যন্ত্র কাউকে শনাক্ত করতে না পারলেই তার অর্থ এই নয় যে, সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির পরিচয় ভুল।
আধার কার্ড কীসের প্রমাণ নয়?
প্রজেক্টের শেষে আধার কার্ড দিয়ে কী কী প্রমাণ করা যায় না, তার একটি ছোট তালিকাও তৈরি করেছিল রোহন।
- আধার কার্ড ভোটার পরিচয়পত্র নয়।
- এটি পাসপোর্ট নয়।
- এটি কোনও ব্যক্তির বয়সের নির্ভুল প্রমাণও নয়। কারণ, আধার নথিভুক্তির সময় অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতেই জন্মতারিখ নথিভুক্ত করা হয়।
প্রতিটি পরিচয়পত্রের নিজস্ব গুরুত্ব রয়েছে এবং প্রতিটি নথি আলাদা প্রশ্নের উত্তর দেয়। একটি মাত্র কার্ড দিয়ে সব ধরনের পরিচয় ও তথ্যের প্রমাণ খুঁজতে গেলেই সমস্যা তৈরি হয়।
রোহন আরও লিখেছিল, UIDAI-এর সরকারি ওয়েবসাইটে গিয়ে যে কেউ নিজের বায়োমেট্রিক তথ্য লক করে রাখতে পারেন। প্রয়োজনের সময় আবার তা আনলক করা যায়। বিষয়টি আগে কখনও শোনেননি মিস্টার ভার্মা। তাই নাতির কাছে তিনি জানতে চান, কীভাবে এই কাজ করতে হয়।
আজ আপনার আধার কার্ডের ফটোকপিগুলি কোথায় পড়ে রয়েছে?
মিস্টার ভার্মা নিজের ড্রয়ারে রাখা পুরনো ফটোকপির রসিদগুলির দিকে তাকিয়ে রইলেন। এখন সেগুলি কারও কোনও কাজে লাগার কথা নয়। তবে এমন কারও হাতে সেগুলি থেকে যেতে পারে, যাঁর সঙ্গে হয়তো কোনও দিন তাঁর দেখাই হবে না।
আপনি কি জানেন, আপনার আধার কার্ডের ফটোকপিগুলি আজ কোথায় কোথায় পড়ে রয়েছে? আর কার কার হাতে রয়েছে আপনার ব্যক্তিগত তথ্য?
তথ্যসূত্র: আধার (টার্গেটেড ডেলিভারি অব ফিনান্সিয়াল অ্যান্ড আদার সাবসিডিজ, বেনিফিটস অ্যান্ড সার্ভিসেস) অ্যাক্ট, ২০১৬; বিচারপতি কে এস পুট্টস্বামী (অবসরপ্রাপ্ত) বনাম ইউনিয়ন অব ইন্ডিয়া, সুপ্রিম কোর্টের আধার সংক্রান্ত রায়, ২৬ সেপ্টেম্বর ২০১৮; আধার ও নাগরিকত্ব নিয়ে ২০২৫ সালে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ সংক্রান্ত প্রতিবেদন; UIDAI।
বিশেষ দ্রষ্টব্য: মিস্টার ভার্মা এবং রোহন কাল্পনিক চরিত্র। তবে প্রতিবেদনে উল্লিখিত তথ্যগুলি বাস্তব।
