
আগ্রা: চলতি সপ্তাহের শেষে শুরুতে এক আইটি কর্মী আত্মঘাতী হন। মৃত্যুর আগে একটি ভিডিয়ো রেকর্ড করে যান উত্তর প্রদেশের বাসিন্দা ওই যুবক। টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)-এর কর্মী ছিলেন তিনি। গত ২৪ ফেব্রুয়ারি তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, ওই ভিডিয়োতে তিনি নিজের স্ত্রীকে মৃত্যুর জন্য দায়ী করে গিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার ২ দিন পর ওই যুবকের বোন তাঁর ফোন থেকে ভিডিয়োটি খুঁজে পান। সাত মিনিটের ওই ভিডিয়ো রেকর্ড করেন তিনি। সেখানে তিনি দাবি করেছেন, তাঁর স্ত্রী অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন।
কিছুটা থেমে তিনি বলেছেন, ‘মরতে আমার কোনও সমস্যা নেই। তবে একটাই অনুরোধ। পুরুষদের কথা একটু ভাবুন। পুরুষেরা খুব একা হয়ে পড়ছে। আমি চলে গেলে সব ঠিক হয়ে যাবে। আমি আগেও আত্মহত্যার চেষ্টা করেছি।’
এই ভিডিয়ো প্রকাশ হওয়া পরই পাল্টা দাবি করেছেন ওই যুবকের স্ত্রী নিকিতা। তাঁর দাবি, তাঁর স্বামী তাঁকে মারধর করতেন। ওই মহিলা একটি ভিডিয়োতে বলেছেন, ঘটনার দিন তাঁকে তাঁর বাপের বাড়িতে দিয়ে এসেছিলেন তাঁর স্বামী। তাঁর আরও দাবি, বিয়ের পর তাঁর আর কোনও সম্পর্ক ছিল না। স্বামীকে আত্মহত্যা থেকে বারবার আটকেছেন বলেও দাবি করেছেন নিকিতা।
কয়েকদিন আগেই বেঙ্গালুরুতে অতুল সুভাষ নামে এক যুবক আত্মঘাতী হন। ২৪ পাতার একটি সুইসাইড নোট রেখে যান তিনি। সেখানে স্ত্রী ও তাঁর পরিবারের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছিলেন অতুল।