Arvind Kejriwal: ইন্ডিয়া জোট নিয়ে সন্তুষ্ট নন কেজরীবাল, কংগ্রেস নিয়ে বললেন এই কথা
WITT Satta Sanmelan: সত্তা সম্মেলনে কংগ্রেসের সঙ্গে জোট বাধা নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল বলেন, "এই সরকার দেশের শাসন ব্যবস্থাই ভেঙে দিয়েছে। দেশের মানুষ দুঃখী। গণতন্ত্রের উপরে আঘাত করা হচ্ছে। শুধু কংগ্রেস নয়, ১৪০ কোটি মানুষকে একজোট হয়ে বিজেপিকে হারাতে হবে।"

নয়া দিল্লি: একসময়ে কংগ্রেসের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুলেছিলেন, তাদের সঙ্গেই কেন তবে জোট বাধলেন অরবিন্দ কেজরীবাল? TV9 নেটওয়ার্কের হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে কনক্লেভে সেই প্রশ্নেরই জবাব দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। এ দিন সত্তা সম্মেলনে কেজরীবাল বলেন, “শুধু কংগ্রেস নয়, দেশের ১৪০ কোটি জনগণকেই একজোট হতে হবে বিজেপিকে হারানোর জন্য।”
এ দিন কংগ্রেসের সঙ্গে জোট বাধা নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল বলেন, “এই সরকার দেশের শাসন ব্যবস্থাই ভেঙে দিয়েছে। দেশের মানুষ দুঃখী। গণতন্ত্রের উপরে আঘাত করা হচ্ছে। শুধু কংগ্রেস নয়, ১৪০ কোটি মানুষকে একজোট হয়ে বিজেপিকে হারাতে হবে।”
তবে কংগ্রেসের সঙ্গে জোট বাধলেও, ইন্ডিয়া জোট নিয়ে যে অসন্তুষ্ট আম আদমি পার্টি, তা স্পষ্টতই জানান কেজরীবাল। তিনি বলেন, “জোটে এমন কিছু কার্যকলাপ হয়েছে, যাতে আমি সন্তুষ্ট নই। আমরা যদি সময়মতো কাজ করতাম, তবে জোটের ফলাফল আরও ভাল হত। কংগ্রেস ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিচ্ছে, এই কাজ আরও আগে থেকে শুরু হওয়া উচিত ছিল।”
বিজেপির ৪০০ আসন পার নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, “৪০০ আসন তো বাজে কথা। বিজেপি যদি ২৭০ আসনও পেরিয়ে যায়, তবে সেটাই বড় কথা।”
TV9-র সত্তা সম্মেলনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল বলেন, “আমি নেতা নই বা রাজনীতি করতে জানি না। আমি দেশ নিয়ে কথা বলব। দিল্লি সরকার তিনটি ক্ষেত্রে ভাল কাজ করেছে। প্রথমটি হল শিক্ষা, দ্বিতীয়টি স্বাস্থ্য এবং তৃতীয়টি বিদ্যুৎ। কোনও বড় দেশ তার সন্তানদের উন্নত শিক্ষা না দিয়ে উন্নতি করতে পারে না। আমরা দিল্লিতে এত সরকারি স্কুল তৈরি করেছি যে আজ দিল্লির বেসরকারি স্কুল থেকে বাচ্চাদের বের করে সরকারি স্কুলে ভর্তি করানো হচ্ছে।”
