UP Detention Camp: ধরে ধরে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে, প্রতিটি জেলায় ডিটেনশন ক্যাম্প তৈরি করতে বললেন মুখ্যমন্ত্রী যোগী
Yogi Adityanath: রাজ্য সরকারের তরফে প্রকাশিত নির্দেশিকা প্রকাশ করে বলা হয়েছে, "মুখ্যমন্ত্রী সমস্ত জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন এলাকায় বসবাসকারী বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিতে। প্রতিটি জেলায় অস্থায়ী ডিটেনশন সেন্টার তৈরি করা হবে অনুপ্রবেশকারীদের থাকার জন্য।"

লখনউ: অনুপ্রবেশ রুখতে এবার বিরাট কড়াকড়ি। অনুপ্রবেশকারী বা বেআইনিভাবে ভিন দেশের নাগরিক ধরা পড়লেই, ধরে পাঠানো হবে ডিটেনশন সেন্টারে (Detention Centre)। নির্দেশ দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। সমস্ত জেলাশাসককে এর জন্য যাবতীয় ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্য়ে তৈরি করতে বলা হয়েছে ডিটেনশন সেন্টার।
উত্তর প্রদেশেও চলছে এসআইআর। এর মাঝেই অনুপ্রবেশ ও অনুপ্রবেশকারীদের রুখতে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর সাফ কথা, জাতীয় নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখা রাজ্য সরকারের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। কোনও ধরনের বেআইনি কাজ রাজ্যে বরদাস্ত করা হবে না।
রাজ্য সরকারের তরফে প্রকাশিত নির্দেশিকা প্রকাশ করে বলা হয়েছে, “মুখ্যমন্ত্রী সমস্ত জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন এলাকায় বসবাসকারী বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিতে। প্রতিটি জেলায় অস্থায়ী ডিটেনশন সেন্টার তৈরি করা হবে অনুপ্রবেশকারীদের থাকার জন্য।“
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, অনুপ্রবেশকারীদের প্রথমে ডিটেনশন সেন্টারে রাখা হবে। তথ্য যাচাইয়ের পর, আইন অনুযায়ী তাদের নিজেদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই জেলাশাসকরা জানিয়েছেন, রাজ্যে যদি কোনও অনুপ্রবেশকারী ধরা পড়েন, তাহলে তাদের ডিটেনশন সেন্টারে পাঠানো হবে। ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ডিটেনশন সেন্টারেই থাকতে হবে।
প্রসঙ্গত, এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়ানোর কথা বলেছিলেন। এসআইআরের প্রয়োজনীয়তা বোঝাতে “ডিটেক্ট, ডিপোর্ট”-র কথা শোনা গিয়েছিল তাঁর মুখে। এবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী প্রতিটি জেলায় ডিটেনশন সেন্টার তৈরির নির্দেশ দিলেন।
